
দিন কয়েক আগেও বর্ষায় বৃষ্টির ঘাটতি নিয়ে নানা চর্চা চলছিল। কিন্তু এটাই এ বার খেল দেখাবে বর্ষা। হ্যাঁ, এটাই এল নিনো-র প্রভাব। কখনও শুখা, তো কখনও একেবারে ভাসিয়ে দেওয়ার মতো বৃষ্টি। যার নির্যাস, বঙ্গোপসাগরে তৈরি হওয়া শক্তিশালী নিম্নচাপের জেরে যে মেঘ তৈরি হয়েছে একটি বিস্তীর্ণ অঞ্চলে, তা ব্যাপক দুর্যোগেরই পূর্বাভাস দিচ্ছে। IMD-র স্যাটেলাইট চিত্রে দেখা গেল বিরাট অংশজুড়ে মেঘ একেবারে ছেয়ে আছে।
যত উত্তরপশ্চিমে এগোচ্ছে, ততই শক্তি বাড়াচ্ছে ওই সিস্টেম
INSAT-3DS চিত্রে দেখা যাচ্ছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া শক্তিশালী নিম্নচাপের জেরে পূর্ব ও মধ্য ভারত পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় ব্যাপক বৃষ্টি হওয়ার মতো মেঘ জমেছে। এই মেঘপুঞ্জটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলের উপর অবস্থানরত একটি সুস্পষ্ট নিম্নচাপ এলাকার সঙ্গে যুক্ত। IMD জানাচ্ছে, গত ১৬ অগাস্ট ওই নিম্নচাপ সিস্টেমটি তৈরি হয়। এরপর যত উত্তরপশ্চিমে এগোচ্ছে, ততই শক্তি বাড়াচ্ছে ওই সিস্টেম।
আজ আরও শক্তিশালী হচ্ছে নিম্মচাপ
IMD জানিয়েছে, ওই সিস্টেমটি আজ অর্থাত্ ১৭ অগাস্ট শক্তিশালী নিম্নচাপের রূপ নেবে। যার ফলে দেশের একটি বড় অংশে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া মডেলগুলির পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপটি স্থলভাগের দিকে এগোতে থাকলে মৌসুমি অক্ষরেখা ফের দক্ষিণমুখী হতে পারে। এর ফলে সম্প্রতি যে সব এলাকায় বৃষ্টির পরিমাণ কমেছিল, সেখানেও আবার বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।
সমুদ্র উত্তাল থাকবে কয়েকদিন
সবচেয়ে বেশি প্রভাব পড়বে উপকূলের জেলাগুলিতে। বৃষ্টির সঙ্গেই প্রায় ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া চলবে ১৮ অগাস্ট পর্যন্ত। সমুদ্রও উত্তাল থাকবে। ফলে মত্স্যজীবীদের সতর্ক করা হয়েছে। সমুদ্রে নামার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গ, ওড়িশা, বাংলাদেশ ও অন্ধ্রপ্রদেশের উপকূলে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বঙ্গোপসাগর থেকে ফের একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা এবং স্যাটেলাইট দ্রুত বদলে যাওয়া মেঘপুঞ্জের ছবি স্পষ্ট করে দিচ্ছে, ২০২৬-এর বর্ষার দাপট এখনও শেষ হয়নি। ফের এক দফা অতিভারী বৃষ্টি আসছে।
আজ দক্ষিণবঙ্গে কোন কোন জেলায় অতিভারী বৃষ্টি?
এই নিম্নচাপের জেরে আজ অর্থাত্ সোমবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়ায় ভারী বৃষ্টি হবে। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রামে সোমবার প্রবল বৃষ্টির রেড অ্যালার্ট জারি করা হয়েছে। অতিভারী বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, পুরুলিয়া, দুই বর্ধমান, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়।
হাই অ্যালার্ট পুরী সহ ওড়িশার উপকূলীয় জেলাগুলিতেও
ইতিমধ্যেই ওড়িশা উপকূলে ২ লক্ষ ৩৭ হাজার মানুষকে নিরাপদ দূরত্বে সরানো হয়েছে। ওড়িশার মুখ্য সচিব অনু গর্গ জানিয়েছে, পরিস্থিতি পর্যালোচনা করে সব সরকারি কর্মীর ছুটি বাতিল করা হয়েছে। যাঁরা ছুটিতে ছিলেন, তাঁদেরও অবিলম্বে ডিউটিতে যোগ দিতে বলা হয়েছে। ১৬ অগাস্ট থেকে ১৮ অগাস্ট পর্যন্ত অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তাই উপকূলবর্তী জেলাগুলির জেলাশাসকদের হাই অ্যালার্ট করা হয়েছে।