
শুক্রবার সন্ধ্যাতেই সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক তার কয়েকঘণ্টা আগে রাজ্যগুলির মুখ্যসচিবদের জ্বালানি নিয়ে একটি গুরুত্বপূর্ণ চিঠি পাঠালেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। কী বার্তা দেওয়া হয়েছে রাজ্যগুলিকে?
জ্বালানি সঙ্কটের আগে রাজ্যগুলির জন্য যে পরিমাণ LPG বরাদ্দ ছিল, তার ভিত্তিতে রাজ্যগুলিকে প্রথমে ৪০ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছিল। PNG প্রচারের জন্য নির্দিষ্ট কিছু সংস্কার করার ভিত্তিতে আরও ১০ শতাংশ বরাদ্দ দেওয়া হল। এর ফলে মোট বরাদ্দ দাঁড়াল ৫০ শতাংশ।
জানানো হয়েছে, বেশ কয়েকটি রাজ্য আংশিক বা সম্পূর্ণ ভাবে এই সংস্কারগুলি বাস্তবায়ন করেছে এবং অতিরিক্ত ১০ শতাংশ পর্যন্ত বরাদ্দ গ্রহণ করেছে।
এখন ৫০ শতাংশ বরাদ্দের অতিরিক্ত আরও ২০ শতাংশ LPG বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। প্রথমত এই অতিরিক্ত LPG মূলত শিল্পক্ষেত্রে দেওয়া হবে। যেখানে স্টিল, অটোমোবাইল, টেক্সটাইল, ডাই, কেমিক্যাল এবং প্ল্যাস্টিক শিল্পকে অগ্রাধিকার দেওয়া হবে। কারণ এগুলি শ্রমনির্ভর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিকে সমর্থন করে। এর মধ্যে বিশেষ ভাবে অগ্রাধিকার পাবে সেই সব প্রক্রিয়াভিত্তিক শিল্প বা যে সব ক্ষেত্রে LPG বিশেষ ধরনের উত্তাপের কাজে ব্যবহৃত হয়। যার বিকল্প হিসেবে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা সম্ভব নয়।
দ্বিতীয়ত, ২১ মার্চ তারিখের চিঠিতে উল্লিখিত শর্তগুলি হল, অয়েল মার্কেটিং কোম্পানির সঙ্গে রেজিস্ট্রেশন এবং সিটি গ্যাস ডিস্ট্রিবিউশনের কাছে PNG-র জন্য আবেদন করা। এই অতিরিক্ত ২০ শতাংশ LPG পাওয়ার ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তবে যে সব শিল্প উৎপাদন প্রক্রিয়ায় LPG অপরিহার্য এবং প্রাকৃতিক গ্যাস দিয়ে তা প্রতিস্থাপন করা যায় না, সেক্ষেত্রে এই শর্ত শিথিল করা হতে পারে।
এছাড়া রাজ্যগুলিকে প্রাকৃতিক গ্যাস এবং পেট্রোলিয়াম প্রোডাক্ট সরবরাহের অর্ডার সব দফতর ও সংস্থার কাছে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। একইসঙ্গে যে সব রাজ্য এখনও সংস্কারভিত্তিক অতিরিক্ত ১০ শতাংশ বরাদ্দ গ্রহণ করেনি, তাদের দ্রুত তা গ্রহণ করার আহ্বান জানানো হয়েছে।
এই নতুন ব্যবস্থার ফলে বাণিজ্যিক ও শিল্প ক্ষেত্রে LPG বরাদ্দ ৭০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে এবং এর ফলে রাজ্যগুলির শিল্প ক্ষেত্রে কিছুটা স্বস্তি আসবে।