
ভারতের মহাকাশ গবেষণায় বড় পরিবর্তন আসছে। এতদিন ইসরোর বিজ্ঞানীরাই মূলত রকেট তৈরি করতেন। বেসরকারি সংস্থাগুলি তাঁদের সাহায্য করত। এবার সেই ছবিটা বদলাচ্ছে। দেশের দুই বড় সংস্থা L&T এবং HAL-কে দেওয়া হয়েছে ৫টি PSLV রকেট তৈরির দায়িত্ব। প্রথম রকেটটির নাম PSLV-N1। সেটি তৈরির কাজ চলছে। ২০২৭ সালের প্রথম তিন মাসের মধ্যে এই রকেট মহাকাশে পাঠানোর লক্ষ্য নিয়েছে ইসরো।
মঙ্গলবার, ২৪ নভেম্বর দিল্লিতে একটি মহাকাশ সম্মেলনে এই খবর জানিয়েছেন ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন। তিনি বলেন, L&T এবং HAL-এর যৌথ উদ্যোগে রকেট তৈরির কাজ এগোচ্ছে। প্রথম রকেটটি ২০২৭ সালের প্রথম তিন মাসে উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে।
কোন দুই সংস্থা রকেট তৈরি করছে?
একটি হল লারসেন অ্যান্ড টুব্রো বা L&T। দ্বিতীয়টি অবশ্য় বেসরকারি নয়। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড বা HAL। দুই সংস্থা মিলে একটি টিম তৈরি করেছে।
ইসরোর বাণিজ্যিক সংস্থা নিউস্পেস ইন্ডিয়া লিমিটেড (NSIL) ২০২২ সালের ৫ সেপ্টেম্বর এই কাজের দায়িত্ব দেয়। মোট ৫টি PSLV-XL রকেট তৈরির চুক্তি হয়েছে। এই চুক্তির মূল্য প্রায় ৮৬০ কোটি টাকা।
এবার এই সংস্থাগুলি শুধু রকেটের ছোট যন্ত্রাংশ তৈরি করবে না। রকেট তৈরির প্রায় পুরো দায়িত্বই তাদের হাতে। প্রথম রকেটটির প্রস্তুতি চলছে। তবে এখনও উৎক্ষেপণের নির্দিষ্ট দিন ঘোষণা করা হয়নি।
কেন বেসরকারি সংস্থার হাতে রকেট তৈরির দায়িত্ব?
ভারতে মহাকাশ গবেষণার কাজ বাড়ছে। আগামিদিনে আরও বেশি উপগ্রহ মহাকাশে পাঠাতে হবে। কিন্তু শুধু ইসরোর পক্ষে এত কাজ সামলানো কঠিন। তাই বেসরকারি সংস্থাগুলিকেও এই কাজে যুক্ত করা হচ্ছে।
ইসরোর চেয়ারম্যানের মতে, বর্তমানে ভারতের কক্ষপথে ৫৬টি মহাকাশযান বা উপগ্রহ রয়েছে। যোগাযোগ, আবহাওয়ার খবর, নেভিগেশন এবং পৃথিবীর ছবি তোলার জন্য আরও উপগ্রহ দরকার। শুধু সরকারি সংস্থার পক্ষে এই চাহিদা মেটানো সম্ভব নয়।
তাই বেসরকারি সংস্থাগুলিকে এগিয়ে আনা হচ্ছে। ইসরো ও IN-SPACe নতুন সংস্থাগুলিকে সাহায্য করছে। এর ফলে ভবিষ্যতে রকেট ও উপগ্রহ তৈরির কাজ আরও বাড়বে।
সাধারণ মানুষের কী লাভ হবে?
এই কাজ বাড়লে দেশে নতুন কারখানা তৈরি হতে পারে। রকেটের বিভিন্ন যন্ত্রাংশ তৈরির জন্য নতুন সংস্থার প্রয়োজন হবে। এতে নতুন কাজের সুযোগ তৈরি হবে। ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, প্রযুক্তিবিদ এবং কারিগরদের চাহিদা বাড়বে।
শুধু তাই নয়, ভারতের মহাকাশ ব্যবসাও বড় হতে পারে। বর্তমানে দেশে ৪৪০টিরও বেশি মহাকাশ প্রযুক্তি নিয়ে কাজ করা স্টার্টআপ রয়েছে।