
মুরগির ডাকে বিরক্ত, যার জেরে থানায় অভিযোগ দায়ের করলেন চিকিৎসক। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরের পলাশিয়া থানা এলাকায়। চিকিৎসকের অভিযোগ, প্রতিবেশী বাড়িতে মুরগি পোষা হয়েছে। আর সেই মুরগিগুলি ভোর থেকে ডাকতে শুরু করে। ফলে ঘুমের ব্যাঘাত ঘটে। লাগাতার এই ঘটনার জেরে তাঁর মানসিক সমস্যা দেখা দিচ্ছে বলে অভিযোগ চিকিৎসকের। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নিতে শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, পলাশিয়া থানার অন্তর্গত কৈলাসা এলাকায় বসবাস করেন আলোক মোদী নামে ওই চিকিৎসক। তাঁর অভিযোগ, "বাড়ির পাশে বসবাসকারী মহিলা বন্দনা পাল বেশকিছু কুকুর ও মুরগি প্রতিপালন করেছেন। প্রতিদিন সকালে অনেকক্ষণ ধরে মুরগিগুলি ডাকতে থাকে, যার কারণে আমার ঘুম নষ্ট হয়।"
ঠিক মতো ঘুম না হওয়ায় মানসিক চাপ বৃদ্ধির অভিযোগ
পুলিশের কাছে চিকিৎসকের আরও অভিযোগ, "অনেক অপারেশন ও বেশি রোগী দেখার কারণে প্রায়শই বেশি রাতে বাড়ি ফিরতে হয়। আর ভোর ৫টা থেকেই প্রতিবেশী মহিলার মুরগিগুলি ডাকতে শুরু করে। যার ফলে আমি ও আমার পরিবারের সদস্যরা ভাল করে ঘুমোতে পারি না। আর ঘুম না হাওয়ার কারণে বাড়ছে মানসিক চাপ। আপনার কাছে আবেদন, আমার সমস্যার সমাধান করুন।"
মহিলার বিরুদ্ধে হতে পারে মামলা
পলাশিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মুরগির ডাকে বিরক্ত হয়ে চিকিৎসক অভিযোগ দায়ের করেছেন। তাঁরা উভয় পক্ষকে একসঙ্গে বসিয়ে সমস্যার সমাধান করার চেষ্টা করবেন ও মহিলাকে নির্দেশ দেবেন। এরপরেও যদি ওই মহিলার পক্ষ থেকে কোনওরকম গাফিলতি দেখা যায় তাহলে তাঁর বিরুদ্ধে প্রকাশ্য উত্যক্তের মামলা রুজু করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।