Advertisement

Narendra Modi : PMO-র অফিসার পরিচয়ে প্রধানমন্ত্রীর সভায় ঢোকার চেষ্টা, সঙ্গে 'বডিগার্ডও'! আটক ২

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুম্বইয়ে গ্লোবাল ফিনটেক ফেস্ট ২০২৬-এর সপ্তম সংস্করণের উদ্বোধন করার কথা। অনুষ্ঠানটি হবে BKC-র জিও ওয়ার্ল্ড সেন্টারে। উদ্বোধনের পাশাপাশি সেখানে একটি অনুষ্ঠানে বক্তব্যও রাখবেন প্রধানমন্ত্রী। ৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই আন্তর্জাতিক সম্মেলন চলবে ১১ সেপ্টেম্বর পর্যন্ত।

প্রধানমন্ত্রী মোদী (ছবি - PTI) প্রধানমন্ত্রী মোদী (ছবি - PTI)
Aajtak Bangla
  • মুম্বই ,
  • 08 Sep 2026,
  • अपडेटेड 6:16 PM IST
  • পারেখের সঙ্গে থাকা এক ব্যক্তিকে তার বডিগার্ড বলে দাবি করা হয়েছিল
  • ওই ব্যক্তির কাছ থেকে একটি বন্দুক উদ্ধার হয়েছে বলেও পুলিশ জানিয়েছে

এবার খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন। মুম্বইয়ে নমোর অনুষ্ঠানের আগে তাঁর দফতর বা PMO-র জাল পরিচয়পত্র দেখিয়ে গ্লোবাল ফিনটেক ফেস্টে ঢোকার চেষ্টা করছিল এক ব্য়বসায়ী। তাকে আটক করে পুলিশ। তার সঙ্গে ছিল এক ব্যক্তি। তাকে নিজের বডিগার্ড বলেছিল সেই ব্যবসায়ী। দ্বিতীয়জনকেও আটক করা হয়েছে। ধৃতের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছেন তদন্তকারীরা। 

ঘটনাটি ঘটেছে সোমবার, ৭ সেপ্টেম্বর। মুম্বইয়ের বান্দ্রা-কুর্লা কমপ্লেক্স বা BKC-তে জিও ওয়ার্ল্ড সেন্টারে এই ফিনটেক ফেস্টের আয়োজন করা হয়েছে। সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা।

মুম্বই পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যবসায়ীর নাম রোহন পারেখ। সে ড্রোন প্রযুক্তির ব্যবসা করে। অভিযোগ, ৭ সেপ্টেম্বর রোহন পারেখ BKC-র অনুষ্ঠানস্থলে ঢোকার চেষ্টা করে। সেই সময় নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের তার কাছে থাকা পরিচয়পত্র নিয়ে সন্দেহ হয়। এরপর পরিচয়পত্রটি পরীক্ষা করে দেখা হয়। পুলিশ সূত্রে দাবি, সেটি প্রধানমন্ত্রীর দফতরের আসল পরিচয়পত্র নয়, জাল। এরপরই রোহন পারেখকে আটক করা হয়।

তবে ঘটনাটি এখানেই শেষ নয়। পারেখের সঙ্গে থাকা এক ব্যক্তিকে তার বডিগার্ড বলে দাবি করা হয়েছিল। ওই ব্যক্তির কাছ থেকে একটি বন্দুক উদ্ধার হয়েছে বলেও পুলিশ জানিয়েছে। ফলে জাল পরিচয়পত্রের পাশাপাশি অনুষ্ঠানের নিরাপত্তার মধ্যে অস্ত্র নিয়ে ঢোকার চেষ্টার অভিযোগও সামনে এসেছে।

ঘটনার পর BKC থানায় রোহন পারেখ এবং তার কথিত বডিগার্ডের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুরো ঘটনার তদন্তভার ইতিমধ্যেই মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দেওয়া হয়েছে।

এখন তদন্তকারীদের মূল প্রশ্ন, কেন ওই দুই ব্যক্তি জাল PMO পরিচয়পত্র ব্যবহার করে অনুষ্ঠানে ঢোকার চেষ্টা করেছিল? তাদের আসল উদ্দেশ্য কী ছিল? অনুষ্ঠানে ঢোকার পর তারা কী করতে চেয়েছিল? সেই সব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।

এর পাশাপাশি তাদের কাছে থাকা আগ্নেয়াস্ত্র নিয়েও তদন্ত চলছে। অস্ত্রটি কীভাবে তাঁদের কাছে এল, সেটি বৈধ কি না এবং সেটি নিয়ে কেন তাঁরা অনুষ্ঠানস্থলের কাছে গিয়েছিল- তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই ঘটনা প্রধানমন্ত্রীর মুম্বই সফরের সঙ্গে কোনওভাবে যুক্ত কি না, সেটিও তদন্ত করে দেখছে ক্রাইম ব্রাঞ্চ। তবে এখনও পর্যন্ত তদন্তকারীদের তরফে এমন কোনও যোগসূত্র নিশ্চিত করা হয়নি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুম্বইয়ে গ্লোবাল ফিনটেক ফেস্ট ২০২৬-এর সপ্তম সংস্করণের উদ্বোধন করার কথা। অনুষ্ঠানটি হবে BKC-র জিও ওয়ার্ল্ড সেন্টারে। উদ্বোধনের পাশাপাশি সেখানে একটি অনুষ্ঠানে বক্তব্যও রাখবেন প্রধানমন্ত্রী। ৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই আন্তর্জাতিক সম্মেলন চলবে ১১ সেপ্টেম্বর পর্যন্ত। দেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তের নীতি নির্ধারক, নিয়ন্ত্রক সংস্থা, আর্থিক প্রতিষ্ঠান, প্রযুক্তি সংস্থা এবং বিনিয়োগকারীরা এই সম্মেলনে অংশ নিচ্ছেন।

এবারের গ্লোবাল ফিনটেক ফেস্টে মূল আলোচনার বিষয়গুলির মধ্যে রয়েছে এজেন্টিক AI, টোকেনাইজেশন এবং কোয়ান্টাম প্রযুক্তি। দ্রুত বদলে যাওয়া আর্থিক ও প্রযুক্তিগত ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল সম্পদ এবং নতুন প্রযুক্তির ভূমিকা নিয়ে আলোচনা হওয়ার কথা।

এরকম একটি আন্তর্জাতিক অনুষ্ঠানের আগে PMO-র জাল পরিচয়পত্র ব্যবহার করে ঢোকার অভিযোগ স্বাভাবিকভাবেই নিরাপত্তার বিষয়টিকে সামনে নিয়ে এসেছে। বিশেষ করে প্রধানমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা থাকায় নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

তবে অভিযুক্তদের উদ্দেশ্য সম্পর্কে এখনই কোনও সিদ্ধান্তে পৌঁছতে চাইছে না পুলিশ। ক্রাইম ব্রাঞ্চের তদন্তের পরই পরিষ্কার হবে, ওই দুই ব্যক্তি কেন জাল পরিচয়পত্র এবং অস্ত্র নিয়ে অনুষ্ঠানস্থলের কাছে পৌঁছেছিল। 

Read more!
Advertisement
Advertisement