Advertisement

CJP Protest Foreign Funding: পাকিস্তান-চিনের টাকায় 'ককরোচদের' আন্দোলন? মুখ খুলল বিদেশ মন্ত্রক

NEET প্রশ্নফাঁসের প্রতিবাদে দিল্লি-সহ দেশের বিভিন্ন প্রান্তে চলা আন্দোলনের সঙ্গে বিদেশি ফান্ডিং বা বিদেশি যোগ রয়েছে কি না, সেই প্রশ্নের এবার সরাসরি উত্তর দিল বিদেশ মন্ত্রক।

ককরোচদের আন্দোলনে বিদেশি ফান্ডিং? ককরোচদের আন্দোলনে বিদেশি ফান্ডিং?
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 25 Jul 2026,
  • अपडेटेड 12:20 PM IST
  • CJP আন্দোলনে বিদেশি ফান্ডিং?
  • সরাসরি উত্তর দিল বিদেশ মন্ত্রক
  • কী জানালেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র?

NEET প্রশ্নফাঁসের প্রতিবাদে দিল্লি-সহ দেশের বিভিন্ন প্রান্তে চলা আন্দোলনের সঙ্গে বিদেশি ফান্ডিং বা বিদেশি যোগ রয়েছে কি না, সেই প্রশ্নে কোনও তথ্য নেই বলে জানিয়ে দিল বিদেশ মন্ত্রক (MEA)। শুক্রবার সাংবাদিক বৈঠকে এই বিষয়ে প্রশ্ন করা হলে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, 'এই বিষয়ে আমার কাছে শেয়ার করার মতো কোনও তথ্য নেই।'

ব্যঙ্গাত্মক রাজনৈতিক সংগঠন Cockroach Janta Party (CJP)-এর নেতৃত্বে গত ৬ জুন থেকে এই আন্দোলন শুরু হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আমেরিকা থেকে দেশে ফেরার পর আন্দোলনের সূচনা হয়। পরে ২৮ জুন আন্দোলনকারী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক অনির্দিষ্টকালের অনশনে যোগ দেওয়ায় আন্দোলন আরও জোরদার হয়। ২৩ জুলাই তিনি অনশন ভাঙেন।

আন্দোলনকারীদের মূল দাবি, NEET প্রশ্নফাঁসের দায়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। শুক্রবারও অভিজিৎ দিপকে বলেন, 'সরকার যদি আন্দোলনের সমাধান চায়, তাহলে একমাত্র উপায় ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ।'

এদিকে, সোনম ওয়াংচুক জানান, কেন্দ্রের কাছ থেকে ৩টি লিখিত আশ্বাস পাওয়ার পরই তিনি অনশন প্রত্যাহার করেছেন। সেই আশ্বাসগুলির মধ্যে রয়েছে, আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও মামলা নয়, সংসদে পরীক্ষা সংস্কার ও প্রশ্নফাঁস নিয়ে বিস্তারিত আলোচনা এবং NEET প্রশ্নফাঁসের জেরে আত্মঘাতী ছাত্রছাত্রীদের পরিবারের জন্য আর্থিক সাহায্য।

অন্যদিকে, আন্দোলন ঘিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়ালের নামে ছড়িয়ে পড়া AI-নির্মিত ভুয়ো ভিডিও নিয়েও সতর্ক করেছে কেন্দ্র।

প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB) জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে একটি AI ডিপফেক ভিডিও ছড়ানো হচ্ছে, যেখানে তাঁকে CJP-নেতৃত্বাধীন আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের হুমকি দিতে দেখা যাচ্ছে। PIB স্পষ্ট জানিয়েছে, প্রধানমন্ত্রী এমন কোনও মন্তব্য করেননি এবং ভিডিওটি জনসাধারণকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।

PIB-এর দাবি, পাকিস্তান-ভিত্তিক প্রচারমূলক অ্যাকাউন্টগুলি এই ভুয়ো ভিডিও ছড়াচ্ছে।

একইসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়ালের একটি বিকৃত ভিডিওও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বলে জানিয়েছে PIB। সংস্থার দাবি, সেটিও AI-তৈরি ভুয়ো ভিডিও। পীযূষ গয়াল নিজেও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মানুষকে এই ধরনের ভুয়ো ভিডিওতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সংসদের বাইরে সংবাদমাধ্যমকে দেওয়া তাঁর মন্তব্যকে AI ব্যবহার করে বিকৃত করে ডিপফেক ভিডিও বানানো হয়েছে, যার উদ্দেশ্য ভুয়ো তথ্য ছড়ানো।

Advertisement

PIB সাধারণ মানুষকে এ ধরনের বিভ্রান্তিকর বা বিকৃত কনটেন্ট দেখলে তা রিপোর্ট করারও আবেদন জানিয়েছে।

 

Read more!
Advertisement
Advertisement