
মেঘালয়ের পূর্ব জৈন্তিয়া পাহাড়ে একটি অবৈধ কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫ জনে। শুক্রবার এই তথ্য জানিয়েছেন রাজ্য পুলিশের মহাপরিচালক (ডিজিপি) আই নংরাং।
বৃহস্পতিবার উমসঙ্গাত গ্রামের থাংস্কু এলাকার ওই কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ঘটনার পর থেকেই বিভিন্ন সংস্থার সহযোগিতায় ব্যাপক অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করা হয়। প্রথম দিনেই ১৮টি মৃতদেহ উদ্ধার করা হয়েছিল।
ডিজিপি আই নংরাং পিটিআইকে জানান, আজ আরও সাতটি মৃতদেহ উদ্ধার হয়েছে। এর ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়াল। এখনও পর্যন্ত ১২ জনের দেহ শনাক্ত করা সম্ভব হয়েছে।
উদ্ধার অভিযানে রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এসডিআরএফ), বিশেষ উদ্ধারকারী দল এবং জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এনডিআরএফ) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি চিকিৎসক দল ও অ্যাম্বুলেন্সও তৈরি রাখা হয়েছে।
ডিজিপি জানান, এখনও তল্লাশি অভিযান চলছে। নিখোঁজদের খোঁজে ও উদ্ধার হওয়া দেহগুলির দ্রুত শনাক্তকরণের জন্য সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।
কর্তৃপক্ষ সূত্রে খবর, জেলা প্রশাসন ও রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। প্রয়োজনে সহায়তার জন্য সেনাবাহিনী ও বিমান বাহিনীকেও প্রস্তুত রাখা হয়েছে।