Advertisement

Monsoon Update: আরও বৃষ্টি? জোড়া সিস্টেমে বাড়তে পারে বর্ষার দাপট, লেটেস্ট আপডেট

উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ এবং সংলগ্ন এলাকায় অবস্থানরত একটি সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল দেশের আবহাওয়ায় সবচেয়ে বেশি প্রভাব ফেলছে। বর্ষার সময়ে এই ধরনের নিম্নচাপ নতুন নয়।

বর্ষার বড় আপডেটবর্ষার বড় আপডেট
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 21 Aug 2026,
  • अपडेटेड 7:08 PM IST
  • বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা।
  • আবারও ভারী বৃষ্টির অনুকূল পরিস্থিতি হতে পারে।

টানা বৃষ্টিতে জেরবার হয়েছে বাংলা। বহু এলাকা জলের তলায়। দেশের অন্যান্য রাজ্যেও ভারী বৃষ্টি হয়েছে এবার। এখন প্রশ্ন হল, বর্ষা কবে যাবে? দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাব এখনই কাটছে না। বস্তুত বর্ষাকে বাঁচিয়ে রেখেছে এখন বাংলা। আরও স্পষ্ট করে বলতে গেলে বঙ্গোপসাগর। সেই সঙ্গে অবদান রয়েছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেরও। 

আসলে বঙ্গোপসাগর এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী কয়েক দিনে এর প্রভাবে দেশের একাধিক অংশে ফের সক্রিয় হতে পারে বর্ষা। পরিস্থিতির দিকে নজর রাখছেন আবহবিদরা। ২১ থেকে ২৭ অগাস্টের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বলে পূর্বাভাস। তার পরের সপ্তাহের শুরুতে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা। তবে এখনও নতুন করে কোনও নিম্নচাপ তৈরি হয়নি। আবহাওয়ার মডেলগুলি বলছে, আগামী কয়েক দিনে নিম্নচাপ তৈরির মতো অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে।

নিম্নচাপেই সক্রিয় বর্ষা

এই মুহূর্তে দেশের আবহাওয়ায় সবচেয়ে বেশি প্রভাব ফেলছে উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ এবং সংলগ্ন এলাকায় অবস্থানরত একটি সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল। এই নিম্নচাপের উপর দিয়ে মৌসুমি অক্ষরেখা বিস্তৃত হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের দিকে চলে গিয়েছে। এর ফলে মধ্য, পূর্ব এবং উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে বৃষ্টির সম্ভাবনা প্রবল। বর্ষার সময়ে এই ধরনের নিম্নচাপ নতুন নয়। চলতি বর্ষাতেও একাধিক নিম্নচাপ তৈরি হয়েছে। স্থলভাগের দিকে এগিয়ে আসার সময় এই নিম্নচাপগুলি জলীয় বাষ্প টেনে আনে। ফলে বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি হয়।

সাম্প্রতিক কয়েকটি নিম্নচাপের প্রভাবে পূর্ব ও মধ্য ভারতের একাধিক এলাকায় ভারী বৃষ্টিও হয়েছে। বর্তমান দফায় ওড়িশা, ছত্তিসগঢ়, মধ্যপ্রদেশ এবং সংলগ্ন এলাকায় কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে। ফলে বর্ষায় দীর্ঘস্থায়ী বিরতির সম্ভাবনা আপাতত নেই।

কবে নাগাদ নিম্নচাপের বৃষ্টি?

বঙ্গোপসাগরে যে নতুন পরস্থিতি তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে, সেটি তৈরি হলে আগামী দিনে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। তবে নতুন নিম্নচাপটি শেষ পর্যন্ত কতটা শক্তিশালী হবে, কোথায় তৈরি হবে এবং কোন পথে এগোবে, তা এখনও স্পষ্ট নয়। আগামী দিনে এ বিষয়ে আরও নির্দিষ্ট পূর্বাভাস পাওয়া যাবে।

Advertisement
উপগ্রহ চিত্র। IMD

আগামী দিনে কোথায় কোথায় বৃষ্টি?

মৌসম ভবনের (IMD) পূর্বাভাস, পূর্ব ও মধ্য ভারতের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি আরও কিছু দিন চলতে পারে। পশ্চিমবঙ্গ ও সিকিম, ওড়িশা, ছত্তিসগঢ় এবং পূর্ব মধ্যপ্রদেশে মোটের উপর বেশ ভাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিও হতে পারে। পূর্ব মধ্যপ্রদেশের কিছু এলাকায় ইতিমধ্যেই অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।

উত্তর-পূর্ব ভারতেও বর্ষার দাপট থাকার সম্ভাবনা। অরুণাচল প্রদেশ, অসম এবং মেঘালয়ের কয়েকটি জায়গায় বিচ্ছিন্ন ভাবে ভারী বৃষ্টি হতে পারে।
 

TAGS:
Read more!
Advertisement
Advertisement