
শুক্রবার ভালই বৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গে। এমনকী দেশের একাধিক রাজ্যও ভিজেছে। এমন পরিস্থিতিতে অনেকেরই প্রশ্ন, তাহলে বর্ষা বিদায় নেবে কবে? আর এই প্রশ্নের উত্তরও মিলেছে। জানা যাচ্ছে, ১৯ ও ২০ সেপ্টেম্বরের পর উত্তর-পশ্চিম ও পশ্চিম ভারতে বিশাল পরিমাণ শুষ্ক বায়ু ঢুকতে পারে। যার জন্য দেশের একটা বড় অংশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা বিদায়ের প্রক্রিয়া শীঘ্রই শুরু হতে পারে।
কীভাবে শুরু বর্ষা বিদায় প্রক্রিয়া?
আসলে শুষ্ক বায়ু প্রবেশ করলে বাতাসে বৃষ্টির জন্য প্রয়োজনীয় আর্দ্রতা কমবে। যার ফলে শুরু হবে বর্ষা বিদায় প্রক্রিয়া।
আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, শুষ্ক বায়ু এন্ট্রি নেওয়ার ফলে উত্তর-পশ্চিম ভারতের বায়ুমণ্ডলে থাকা অবশিষ্ট আর্দ্রতার বড় অংশই সরতে পারে। এই কারণেই দেশ থেকে বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হতে পারে।
বিভিন্ন অংশে শেষ পর্যায়ে বর্ষা
দেশে বর্ষা এখন শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে। যার ফলে বর্ষা বিদায় প্রায় অসন্ন। আবহাওয়া মডেলগুলি বলছে, ১৯ সেপ্টেম্বর বা তার আশপাশের সময়ে পশ্চিম রাজস্থানের কিছু অংশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিতে শুরু করবে। যার মাধ্যমে শুরু হবে ঋতু পরিবর্তন প্রক্রিয়াও।
তবে দেশের অন্যান্য অংশ থেকে এখনই বর্ষা বিদায় না নিতেও পারে। পূর্বাভাস অনুযায়ী, মধ্য, পূর্ব এবং দেশের অন্যান্য অংশের উপর একটি নিম্নচাপ সিস্টেম সাময়িকভাবে বর্ষা বিদায়ের প্রক্রিয়ায় বাধার কারণ হয়ে উঠতে পারে। উত্তর-পশ্চিম ভারতে শুষ্ক বায়ু প্রবেশ করলেও এই নিম্নচাপ ব্যবস্থা দেশের বড় অংশে আর্দ্রতা বজায় রাখতে পারে। যার ফলে হতে পারে বৃষ্টি।
এমন পরিস্থিতিতে দেশের বিভিন্ন প্রান্তে আবহাওয়ার বিরাট তফাত দেখা যেতে পারে। যেখানে উত্তর-পশ্চিম ভারত ক্রমশ শুষ্ক হয়ে উঠতে পারে, কিন্তু মধ্য ও পূর্ব ভারতের অংশে বৃষ্টির সম্ভাবনা প্রবল।
তবে বিশেষষজ্ঞরা মধ্য ও পূর্ব ভারতের বর্ষা বিদায় নিয়েও বিরাট পূর্বাভাস দিয়েছেন। তাঁদের দাবি, মধ্য ও পূর্ব ভারত থেকে বর্ষা বিদায় নিতে প্রায় ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় লেগে যেতে পারে। নিম্নচাপ যতদিন না দুর্বল হচ্ছে, ততদিন বর্ষা বিদায়ের ক্ষেত্রে সমস্যা হতে পারে।
সাধারণত বর্ষা বিদায়ের সময় বায়ুমণ্ডলের বায়ুপ্রবাহের ধরন বদলে যেতে শুরু করে। বাতাসে আর্দ্রতার পরিমাণ কমে। শুষ্ক স্থলভাগের বায়ু ছুটে আসে। এই প্রক্রিয়া প্রথমে উত্তর-পশ্চিম ভারত থেকে শুরু হয়। এরপর ধীরে ধীরে মধ্য, পূর্ব ও দক্ষিণ ভারতের দিকে এগিয়ে যায়।