
দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু যেন ক্রমেই দুর্বল হয়ে যাচ্ছে। বর্ষার দুর্বলতার লক্ষণ স্পষ্ট। মৌসুমি বায়ু নিয়ে পূর্বাভাসে জানা যাচ্ছে, মরসুমি বৃষ্টিপাত দীর্ঘমেয়াদি গড় (LPA)-এর প্রায় ৯৪ শতাংশ হতে পারে। এর ফলে এবারের বর্ষাকে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাতের বর্ষাকাল হিসেবে চিহ্নিত করা হয়েছে।
সবচেয়ে কম বৃষ্টির পূর্বাভাস সেপ্টেম্বরে
বেসরকারি আবহাওয়া অফিস Skymet ওয়েদারের পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালের বর্ষার দ্বিতীয় পর্যায় বেশ চিন্তার। অগাস্টে দীর্ঘমেয়াদি গড় বৃষ্টিপাত ৯২ শতাংশের কাছাকাছি। সেপ্টেম্বরে হয়তো তা আরও কমে ৮৯ শতাংশের কাছাকাছি হয়ে যাবে। অর্থাত্ আরও দুর্বল হয়ে পড়বে। সম্ভবত ২০২৬ সালের বর্ষাকালের সবচেয়ে কম বৃষ্টির পূর্বাভাস সেপ্টেম্বরে।
বর্ষা বিদায়ের পালা শুরু হওয়ার ইঙ্গিত
স্কাইমেট-এর পূর্বাভাস বলছে, অগাস্টে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হওয়ার চান্স রয়েছে ৬০ শতাংশ। সেপ্টেম্বরে তা আরও বেড়ে হবে ৭০ শতাংশ। যার নির্যাস, ভারতের একাধিক অঞ্চল থেকে বর্ষা বিদায়ের পালা শুরু হওয়ার ইঙ্গিত রয়েছে। একইসঙ্গে খরার মতো পরিস্থিতিও তৈরি হতে পারে। স্কাইমেট-এর পূর্বাভাস বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করে করা হয়েছে।
সবচেয়ে বেশি বৃষ্টির ঘাটতি এই রাজ্যগুলিতে
পয়লা জুন থেকে ভারতে সামগ্রিক ভাবে বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিকের চেয়ে ১৩ শতাংশ কম। এর মানে এই নয় যে, গোটা দেশেই বৃষ্টি কম হয়েছে। কোথাও বেশি বৃষ্টি হয়েছে, কোথাও বেশ কম। অর্থাত্ বর্ষার সমবণ্টন হয়নি। স্কাইমেট জানাচ্ছে, পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, গুজরাত, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, কর্নাটক, তেলঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ-- এই রাজ্যগুলিতে সবচেয়ে বেশি বৃষ্টির ঘাটতি। এই অঞ্চলগুলিতে দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়া বা বৃষ্টিপাতের দীর্ঘ গ্যাপ হওয়ার জেরে মাটির আর্দ্রতা, জলস্তর ও খারিফ শস্য চাষে প্রভাব ফেলেছে।
পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতে ভাল বৃষ্টির পূর্বাভাস
আবার পূর্ব ভারতে দেখা যাচ্ছে বৃষ্টিপাতের ঘাটতি নেই। অগাস্টে আগামী কয়েক সপ্তাহে ভালই বৃষ্টিপাত হতে পারে পূর্ব ভারতে। বিহার, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ছত্তীশগড়, ওড়িশা ও উত্তরপ্রদেশের পূর্বাঞ্চলে অগাস্টের বাকি সপ্তাহগুলিতে ভাল বৃষ্টিপাত হতে পারে। IMD-ও পূর্বাভাসে জানিয়েছে, ঝাড়খণ্ডের উপরে থাকা নিম্নচাপ সিস্টেমের জেরে পূর্ব ও মধ্য ভারতে বৃষ্টিপাত হবে।
এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় ঝাড়খণ্ড, ছত্তীসগঢ় এবং পূর্ব মধ্যপ্রদেশে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পূর্ব ও মধ্য উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশেও মাঝারি থেকে ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে।