
দুটি উপগ্রহচিত্রে ধরা পড়েছে ভারতের আবহাওয়ার বড়সড় পরিবর্তন। এক দিকে উত্তর ভারতজুড়ে ছড়িয়ে পড়েছে পশ্চিমী ঝঞ্ঝা। অন্যদিকে ধীরে ধীরে দেশ থেকে বিদায় নিচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। ফলে বদলে যাচ্ছে আকাশের মেঘের চরিত্রও। INSAT-3DS-এর এই দুই উপগ্রহচিত্রে ধরা পড়েছে ঋতু পরিবর্তনের সেই ছবি। চার মাসের বর্ষার মরসুম পেরিয়ে ধীরে ধীরে অপেক্ষাকৃত শুষ্ক ও শীতল সময়ের দিকে এগোচ্ছে ভারত। বাংলাতেও চলে আসছে শীত শীত ভাব।
মৌসম ভবন বর্ষা বিদায়ের ঘোষণা করার আগে একাধিক বিষয় দেখে। এর মধ্যে রয়েছে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাওয়া, বায়ুমণ্ডলে আর্দ্রতার হ্রাস এবং বাতাসের গতিপথে পরিবর্তন। এখনও বাংলা থেকে বর্ষা বিদায়ের আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে আবহবিদ রবীন্দ্র গোয়েঙ্কা জানান, দক্ষিণবঙ্গ থেকে পুজোর আগেই বর্ষা বিদায় নিতে চলেছে। তারিখটা সম্ভবত ৯ থেকে ১২ অক্টোবর। আর উত্তরবঙ্গে ৬ থেকে ৮ অক্টোবরের মধ্যে।
বাংলায় কোন কোন জেলায় শীত শীত ভাব?
আবহবিদ রবীন্দ্র গোয়েঙ্কা জানালেন, পশ্চিমের জেলাগুলি অর্থাৎ, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে সকালের দিকে শীত শীত ভাব থাকবে। সঙ্গে কুয়াশা। দিনের বেলায় তাপমাত্রা বাড়বে। আকাশ ঝলমলে। বৃষ্টির সম্ভাবনা নেই।
উপকূলের জেলাগুলি, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে তাপমাত্রা ২৬ থেকে ৩২ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা।
বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা। দিনের বেলায় তাপমাত্রা বেশি। সন্ধের পর থেকে স্বস্তি। সকালে কুয়াশা।
কলকাতায় আংশিক মেঘলা আকাশ। অস্বস্তিকর পরিবেশ। সন্ধেয় স্বস্তি। বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা।
উত্তরবঙ্গের সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা। হালকা শীতের অনুভব। দার্জিলিং এবং কালিম্পঙে বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা। এটাই উত্তরবঙ্গে বর্ষা বিদায়ের আগে শেষ বৃষ্টি।
উপগ্রহচিত্রে কী ধরা পড়েছে?
ভারতে বর্ষার মরসুম এখন শেষের পথে। ভারতের INSAT-3DS উপগ্রহে ২৩ সেপ্টেম্বর এবং ২৭ সেপ্টেম্বর তোলা দুটি ছবিতে ধরা পড়েছে সেই পরিবর্তনের স্পষ্ট ছবি। গোটা ভারতীয় উপমহাদেশে মেঘের অবস্থান কীভাবে বদলেছে এবং ধীরে ধীরে বর্ষা পরবর্তী মরসুমের দিকে দেশ এগিয়ে যাচ্ছে, তা স্পষ্ট হয়েছে ওই উপগ্রহচিত্রে। ২৩ সেপ্টেম্বরের উপগ্রহচিত্রে উত্তর এবং উত্তর-পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকা মেঘে ঢাকা। কিন্তু ২৭ সেপ্টেম্বরের ছবিতে সেই চিত্রে অনেকটাই বদল। উত্তর-পশ্চিম এবং মধ্য ভারতের বিস্তীর্ণ অংশ মেঘমুক্ত হয়ে উঠেছে।
দেশ থেকে বর্ষা বিদায় কবে?
ইতিমধ্যেই উত্তর-পশ্চিম ভারতের কিছু এলাকা থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিতে শুরু করেছে। ধাপে ধাপে সেই প্রক্রিয়া মধ্য এবং পূর্ব ভারতের দিকে এগোচ্ছে। সেপ্টেম্বরের শেষ দিকে দেশের একাধিক অংশে বৃষ্টির পরিমাণ কমতে পারে। ২৯ সেপ্টেম্বরের কাছাকাছি সময়কে শুষ্ক আবহাওয়ার দিকে পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ সময় হিসেবে দেখা হচ্ছে। তবে সারা দেশ থেকে বর্ষা বিদায়ের জন্য কোনও নির্দিষ্ট দিন নির্ধারিত নেই।