Advertisement

Monsoon Withdrawal 2026: বর্ষা বিদায়ের ইঙ্গিত শুরু, বড় আপডেট, IMD ডেটায় ভাবাচ্ছে বৃষ্টির ঘাটতি

IMD-র ডেটা বলছে, গত ৪ জুন থেকে ভারতে সামগ্রিক বৃষ্টিপাত এখনও পর্যন্ত স্বাভাবিকের চেয়ে ১৩ শতাংশ কম। কোথাও ভারী বৃষ্টি হয়েছে, কোথাও একদম শুখা। মাঝে মাঝে দীর্ঘদিন ধরে কোনও বৃষ্টিপাতই হয়নি। 

বর্ষা বিদায়ের ইঙ্গিত - ছবি সৌজন্য: PTIবর্ষা বিদায়ের ইঙ্গিত - ছবি সৌজন্য: PTI
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 18 Aug 2026,
  • अपडेटेड 9:35 AM IST
  • বর্ষা বিদায়ের ইঙ্গিত শুরু
  • ভারতের বিস্তীর্ণ অংশে বৃষ্টিপাত কমবে
  • সময়ের আগে বিদায়ের ইঙ্গিত দিচ্ছে

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি চলছে। এই দুর্যোগের মধ্যে বর্ষা বিদায়ের খবর এল। দেশের একটি বড় অংশে কয়েক সপ্তাহ ধরে বর্ষার ঝোড়ো ব্যাটিংয়ের মধ্যে এ বছরের মতো দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় পর্ব শুরু হওয়ার ইঙ্গিত দিল দিল্লির মৌসম ভবন IMD।

বর্ষা বিদায়ের ইঙ্গিত শুরু

ভারতে বর্ষা প্রথমে ঢোকে কেরলে। মোটামুটি সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে বিদায় পর্ব শুরু হয়ে যায়। অক্টোবরের প্রথম সপ্তাহে মোটামুটি গোটা দেশ থেকেই বর্ষার বিদায় সম্পূর্ণ হয়। কয়েক সপ্তাহ ধরে সক্রিয় আবহাওয়া ব্যবস্থা এবং দফায় দফায় ভারী বৃষ্টির পর এ বার দেশের কিছু অংশ থেকে ধীরে ধীরে বর্ষা বিদায়ের ইঙ্গিত মিলতে শুরু করেছে। IMD-র ডেটা বলছে, গত ৪ জুন থেকে ভারতে সামগ্রিক বৃষ্টিপাত এখনও পর্যন্ত স্বাভাবিকের চেয়ে ১৩ শতাংশ কম। কোথাও ভারী বৃষ্টি হয়েছে, কোথাও একদম শুখা। মাঝে মাঝে দীর্ঘদিন ধরে কোনও বৃষ্টিপাতই হয়নি। 

ভারতের বৃষ্টির মানচিত্র - IMD

রাজ্যওয়াড়ি বৃষ্টিপাতের ম্যাপ দেখলে বৃষ্টিপাতের একটি মিশ্র চিত্র উঠে আসছে। অর্থাত্‍ বৃষ্টির সমবণ্টন নেই। কোথাও অতিভারী বৃষ্টি, তো কোথাও আবার স্বাভাবিকের চেয়ে কম। যেমন, মধ্য ও পশ্চিম ভারতের একটি বড় অংশে বৃষ্টিপাত প্রায় স্বাভাবিক হয়েছে এখনও পর্যন্ত। আবার ইন্দো-গাঙ্গেয় সমভূমি, উত্তর-পূর্ব ভারত এবং দক্ষিণ ভারতের বিস্তীর্ণ অঞ্চল এখনও বৃষ্টির ঘাটতির সঙ্গে লড়াই করছে।

ভারতের বিস্তীর্ণ অংশে বৃষ্টিপাত কমবে

আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, জলবায়ুর একটি তাত্‍পর্যপূর্ণ পরিবর্তন চলছে। শুষ্ক উত্তর-পশ্চিমী বাতাস উত্তর-পশ্চিম ভারতে ঢুকতে শুরু করেছে। এর ফলে এত দিন ধরে এই অঞ্চলে প্রভাব বিস্তার করা আর্দ্রতাবাহী মৌসুমি বায়ুর প্রবাহ ধীরে ধীরে সরে যাচ্ছে। যার নির্যাস, পঞ্জাব, হরিয়ানা, দিল্লি-এনসিআর, রাজস্থান ও সংলগ্ন অঞ্চলে আগামী কয়েক সপ্তাহে ধীরে ধীরে বৃষ্টি কমে আসবে। একই সঙ্গে আগামী কয়েক সপ্তাহে শুষ্ক হাওয়া ঢুকতে শুরু করায় বাতাসের আর্দ্রতাও হ্রাস পাবে। ফলে ভ্যাপসা গরম থেকে মুক্তি মিলবে। মেঘ তৈরির প্রবণতা কমবে এবং উত্তর, পশ্চিম ও উত্তর-পশ্চিম ভারতের বিস্তীর্ণ অংশে বৃষ্টিপাতও কমে যাবে।

Advertisement
স্যাটেলাইট চিত্র

বৃষ্টির ঘাটতি ভাবাচ্ছে কৃষিক্ষেত্রকে

স্যাটেলাইট চিত্র ও আবহাওয়ার মডেলগুলি ইঙ্গিত দিচ্ছে, মৌসুমি বায়ু ধীরে ধীরে হিমালয়ের পাদদেশের দিকে সরেছে, যা উত্তর-পশ্চিম ভারতের সমতলভূমিতে বৃষ্টিপাত কমার ইঙ্গিতই জোরাল করছে। কিন্তু এবারের বর্ষার বৃষ্টির ঘাটতি এখনও ভাবাচ্ছে। বিশেষ করে কৃষিক্ষেত্রকে। উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, কর্নাটক এবং উত্তর-পূর্ব ভারতের কিছু অংশে এখনও স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হচ্ছে। এর ফলে ফসলের স্বাস্থ্য এবং মাটিতে প্রয়োজনীয় আর্দ্রতা কতটা রয়েছে, তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

সময়ের আগে বিদায়ের ইঙ্গিত দিচ্ছে

আবার যদি নিম্নচাপ অঞ্চল তৈরি না হয় এবং তা স্থলভাগে প্রবেশ না করলে  বা মৌসুমি অক্ষরেখা ফের দক্ষিণ দিকে সরে না এলে, বৃষ্টির প্রবণতা আপাতত কমই থাকবে বলে মনে করা হচ্ছে। এর মানে এই নয় যে, বর্ষার বিদায় হয়ে যাচ্ছে এখনই। তবে জলবায়ুর গতিপ্রকৃতি যেরকম, তা সময়ের আগে বিদায়ের ইঙ্গিত দিচ্ছে। উত্তর ও পশ্চিম ভারতে ফের বৃষ্টির প্রবণতা বাড়বে কি না, তা অনেকটাই নির্ভর করবে বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ ব্যবস্থা তৈরি হওয়া এবং সেই নিম্নচাপ দেশের মধ্যভাগে ফের জলীয়বাষ্প টেনে আনতে কতটা সক্ষম হচ্ছে, তার উপর।

কিন্তু বর্তমানে একটি বিষয় পরিষ্কার, বর্ষা শক্তি হারাচ্ছে, পাশাপাশি শুষ্ক হাওয়া নিয়ন্ত্রণ নিতে চলেছে ভারতের একটি বড় অংশে। 

Read more!
Advertisement
Advertisement