Advertisement

মারাঠি শিখতে পারছেন না, হঠাত্‍ মুম্বইয়ে অটো, ট্যাক্সির আকাল

যে চালকরা মারাঠি বলতে পারছেন না, তাঁদের ‘মেমো’ দেওয়া হচ্ছে। এক মাস পর ফের পরীক্ষায় ব্যর্থ হলে তিন মাসের জন্য তাঁদের ট্যাক্সি বা অটো চালানোর রেজিস্ট্রেশন বাতিল হতে পারে। এই সময়ের মধ্যে তাঁদের মারাঠি ভাষায় কয়েকটি বাক্য শিখতে হবে। একটি সরকারি নির্দেশিকায় এমনটাই বলা হয়েছে।

মুম্বইতে অটো ও ট্যাক্সির শর্টেজমুম্বইতে অটো ও ট্যাক্সির শর্টেজ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Aug 2026,
  • अपडेटेड 9:16 AM IST
  • যে চালকরা মারাঠি বলতে পারছেন না, তাঁদের ‘মেমো’ দেওয়া হচ্ছে
  • এক মাস পর ফের পরীক্ষায় ব্যর্থ হলে তিন মাসের জন্য তাঁদের ট্যাক্সি বা অটো চালানোর রেজিস্ট্রেশন বাতিল হতে পারে
  • এই সময়ের মধ্যে তাঁদের মারাঠি ভাষায় কয়েকটি বাক্য শিখতে হবে

দশকের পর দশক ধরে মুম্বইয়ের পরিচিতি হয়ে গিয়েছে কালো-হলুদ ট্যাক্সি এবং অটোরিকশা। অফিস টাইমের ব্যস্ত সময় থেকে শুরু করে গভীর রাতেও মুম্বইয়ের যাতায়াত ব্যবস্থায় ট্যাক্সি ও অটো ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কিন্তু গত ২১ অগাস্ট সেই চেনা চিত্রই বদলে গিয়েছে। কারণ, মহারাষ্ট্রের আরটিও-এর আধিকারিকরা পরীক্ষা করছেন চালকেরা মারাঠি বলতে পারেন কি না। সেটা নিয়েই মূলত সমস্যা শুরু হয়েছে।

যতদূর খবর, দক্ষিণ মুম্বই থেকে শুরু করে শহরের উত্তর প্রান্তের বিভিন্ন এলাকায় চলছে এই পরীক্ষা। যে চালকরা মারাঠি বলতে পারছেন না, তাঁদের ‘মেমো’ দেওয়া হচ্ছে। এক মাস পর ফের পরীক্ষায় ব্যর্থ হলে তিন মাসের জন্য তাঁদের ট্যাক্সি বা অটো চালানোর রেজিস্ট্রেশন বাতিল হতে পারে। এই সময়ের মধ্যে তাঁদের মারাঠি ভাষায় কয়েকটি বাক্য শিখতে হবে। একটি সরকারি নির্দেশিকায় এমনটাই বলা হয়েছে।

মারাঠিতে কয়েকটি সাধারণ বাক্য শেখা খুব কঠিন হওয়ার কথা নয়। কিন্তু চালকদের অভিযোগ, আরটিও আধিকারিকরা যা প্রশ্ন করছেন, সেগুলি ট্রেনিংয়ের ‘সিলেবাসের বাইরে’।

মাথায় রাখতে হবে, এই অভিযান ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলার কথা রয়েছে। ইতিমধ্যেই এর বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়ে গিয়েছে। মহারাষ্ট্র সরকারের এই নতুন মারাঠি ভাষার নিয়মের প্রতিবাদে সোমবার সন্ধ্যা থেকে মুম্বইয়ের একাংশের অটোরিকশা চালক তিন দিনের ধর্মঘট শুরু করেছেন।

প্রসঙ্গত, গত শুক্রবার থেকেই মুম্বইয়ে অটোর ঘাটতি দেখা দিয়েছিল। বেশ কয়েকজন যাত্রী জানিয়েছেন, একটি অটো বা ট্যাক্সি পেতে তাঁদের ৪০ থেকে ৫০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। এর ফলে অনেকেই কাজে পৌঁছেছেন দেরিতে।

চালকদের বক্তব্য, এমনিতেই তাদের কাজ কঠিন হয়ে পড়েছে। তার উপর ভাষা নিয়ে নয়া সমস্যা বাড়ছে।

সোমবার কান্দিভলি এলাকায় অটো ও ট্যাক্সি চালকরা রাস্তা অবরোধ করেন। তাঁদের অভিযোগ, মারাঠি ভাষার নিয়ম কার্যকর করতে গিয়ে ভাষাটি ভালোভাবে না জানা চালকদের হয়রানি ও হুমকির মুখে পড়তে হচ্ছে।

Advertisement

ইন্ডিয়া টুডে ডিজিটালের সঙ্গে কথা বলা কয়েকজন ক্যাব চালক জানিয়েছেন, তাঁরা চাইছেন মারাঠি শিখতে। কিন্তু আধিকারিকরা এমন কিছু প্রশ্ন করছেন, যা সরকারি প্রশিক্ষণ কর্মসূচিতে তাঁদের শেখানো হয়নি।

অটো-ট্যাক্সি চালকদের জন্য কেন মারাঠি বাধ্যতামূলক?
নতুন এই নিয়ম ট্যাক্সি ও অটো চালকদের ক্ষেত্রে প্রযোজ্য। ওলা এবং উবার মতো অ্যাপ-নির্ভর ক্যাব পরিষেবায় কাজ করা চালকরাও এর আওতায় রয়েছেন।

মহারাষ্ট্র সরকার ১৯৮৯ সালের মহারাষ্ট্র মটোর ভেহিকেল রুলস সংশোধন করে বাণিজ্যিক যাত্রীবাহী গাড়ির চালকদের জন্য মারাঠি ভাষা জানা বাধ্যতামূলক করা হয়েছে। ২০ অগাস্ট থেকে নিয়ম কার্যকর করার অভিযান শুরু হয়।

যদিও এমন পরিস্থিতিতে সোমবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস বলেন, 'আমরা হিন্দিভাষী ভাইদের মারাঠি ভাষায় বিশেষজ্ঞ বানাতে চাইছি না। তবে তাঁদের ভাষাটির জ্ঞান থাকা উচিত। ভাষা শেখার সময়সীমা ইতিমধ্যেই তিনবার বাড়ানো হয়েছে। আমাদের সরকার ভাষার ভিত্তিতে কোনও অবিচার হতে দেবে না।'


সোমবার থেকে তিন দিনের ধর্মঘট শুরু হওয়ার পর মুম্বইয়ের রাস্তায় সেই ক্ষোভ স্পষ্ট হয়ে উঠেছে। এরই মধ্যে বৃষ্টির কারণে শহরের যান চলাচল এমনিতেই কঠিন হয়ে পড়েছে। ফলে অটো-ট্যাক্সি ধর্মঘটে যাত্রী দুর্ভোগ আরও বাড়ছে।
 

 

Read more!
Advertisement
Advertisement