Advertisement

'সব সাংসদ ঐক্যবদ্ধ, NDA-র সঙ্গেই আছি,' দাবি NCPI-এর, ফাটল ঢাকার চেষ্টা?

দলের সাংসদদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল ও বিভেদের জল্পনা সম্পূর্ণভাবে খারিজ করে দিল ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া (NCPI)। এক বিবৃতিতে স্পষ্ট জানানো হয়েছে, বিভিন্ন সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই ধরনের দাবি 'সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর'।

এনডিএ-র বৈঠকে এনসিপিআইএনডিএ-র বৈঠকে এনসিপিআই
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 31 Jul 2026,
  • अपडेटेड 4:34 PM IST
  • অভ্যন্তরীণ কোন্দল ও বিভেদের জল্পনা সম্পূর্ণভাবে খারিজ
  • বিবৃতিতে স্পষ্ট জানিয়ে দিল NCPI
  • এই ধরনের দাবি 'সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর' বলে উল্লেখ

দলের সাংসদদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল ও বিভেদের জল্পনা সম্পূর্ণভাবে খারিজ করে দিল ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া (NCPI)। দলের তরফে প্রকাশিত এক বিবৃতিতে স্পষ্ট জানানো হয়েছে, বিভিন্ন সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই ধরনের দাবি 'সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর'।

বিবৃতিতে আরও বলা হয়েছে, সম্প্রতি কিছু সংবাদমাধ্যম এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে NCPI-র সাংসদদের মধ্যে মতবিরোধ ও অভ্যন্তরীণ দ্বন্দ্বের খবর প্রকাশ ও প্রচার করা হচ্ছে। তবে দলের দাবি, এই সমস্ত প্রতিবেদনের কোনও বাস্তব ভিত্তি নেই এবং এগুলি সম্পূর্ণরূপে ভুয়ো। এছাড়াও বিবৃতিতে দাবি করা হয়েছে, দলের সমস্ত সাংসদ ঐক্যবদ্ধ রয়েছেন এবং পশ্চিমবঙ্গের উন্নয়ন, রাজ্যের মানুষের কল্যাণ ও জাতীয় স্বার্থে একসঙ্গে কাজ করছেন। একই সঙ্গে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে NDA-র সঙ্গে মিলিতভাবে 'বিকশিত ভারত ২০৪৭'-এর লক্ষ্য বাস্তবায়নে দল প্রতিশ্রুতিবদ্ধ।

তবে  bangla.aajtak.in-কে নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র জানিয়েছে, NCPI-তে বেশ কয়েকজন সাংসদ খুশি নন। কয়েকজন সাংসদ যেমন BJP-তে যোগ দিতে মরিয়া। তেমনই কয়েকজনের আবার দমবন্ধ লাগছে। তাঁরা চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসেই ফিরে যেতে। ওই সূত্রের কথায়, 'কয়েকজন সাংসদ প্রথম থেকেই NCPI শিবিরে খুশি নন। তাঁদের একরকম বলা হয়েছিল, পরে অন্যরকম হল। এমনকী নিজেদের সংসদীয় এলাকাতেও নানা রোষের মুখে পড়তে হচ্ছে।' 

প্রকাশ্যে বোমা ফাটিয়েছেন তৃণমূল (মমতাপন্থী) সাংসদ সৌগত রায়ও। বুধবারই সৌগতকে দেখা গিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে বসে লাঞ্চ সারছেন। তাঁর সঙ্গে রয়েছেন শত্রুঘ্ন সিনহাও। এই ছবিটি ঘিরে যখন সৌগত ও শত্রুঘ্নর দলবদলের জল্পনা শুরু হয়েছে, তখনই সৌগত দাবি করলেন, নাড্ডার সঙ্গে লাঞ্চ করেননি।

সংবাদমাধ্যমকে সৌগত রায় বলেন, 'NCPI-এ যে ২০ জন সাংসদ গিয়েছেন,তাঁদের মধ্যে কয়েকজন তৃণমূল কংগ্রেসে ফিরতে পারেন। সকলের সঙ্গেই যোগাযোগ ছিল। এখনও রয়েছে। এই যে তৃণমূলের প্রতি ক্ষোভ ছিল, দল ছেড়েছিল,  তারপর তৃণমূল থেকে NCPI হল, তারপর NDA হল, এটা অনেকেরই ভাল লাগছে না। এর মধ্যে মুসলিম সাংসদরা রয়েছেন। এছাড়া অন্য সাংসদও আছেন। মোট সংখ্যা বলতে চাই না। ওরা কী পদক্ষেপ করবে, চূড়ান্ত করেননি। আমাদের সঙ্গে আলোচনা চলছে।'

Advertisement

প্রসঙ্গত, গত মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে নবান্নে বৈঠক করেন NCPI-এর অন্যতম সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে কয়েকজন সাংসদের সঙ্গে ফোনেও কথা বলেন শুভেন্দু। এরপরেই দেখা যায়, বুধবার NDA-এর সংসদীয় দলের মিটিংয়ে কাকলি ঘোষদস্তিদার একেবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে সারিতে বসেছিলেন, সেই সারিতেই তাঁর সিট। ওই দিনের বৈঠকে দেখা যায় সাংসদ শতাব্দী রায়, সায়নী ঘোষ, রচনা বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়াকেও। কিন্তু সাংসদ খলিলুর রহমান, ইউসুফ পাঠান, আবু তাহের খানদের দেখা যায়নি মিটিংয়ে। ফলে তাঁদের নিয়ে জল্পনা বাড়ছে। NCPI বিবৃতি দেওয়ার পরও রাজনৈতিক মহলেক একাংশ মনে করছে, সেটি আদতে ফাটল ঢাকার চেষ্টা। 

 

TAGS:
Read more!
Advertisement
Advertisement