
NEET প্রশ্নফাঁস মামলার জন্য গঠিত ফাস্ট ট্র্যাক কোর্টে প্রথম দিনেই শুনানি হল না। সোমবার মামলার শুনানির সময় CBI-এর কোনও আইনজীবী আদালতে উপস্থিত না থাকায় শুনানি স্থগিত করে দেয় আদালত।
এই সময় রাউজ অ্যাভিনিউ কোর্ট প্রসিকিউশন ডিরেক্টরকে নির্দেশ দেয়, NEET প্রশ্নফাঁস মামলার জন্য একজন পাবলিক প্রসিকিউটর নিয়োগ করতে। যাতে পরবর্তী শুনানিতে কোনও ধরনের বাধা না আসে।
সোমবার এই মামলায় অভিযুক্ত বিকাশ ও দিনেশ বিওয়ালের জামিনের আবেদনও শুনানির তালিকায় ছিল। কিন্তু CBI-এর আইনজীবী অনুপস্থিত থাকায় সেই আবেদনগুলিরও শুনানি সম্ভব হয়নি।
আদালত জানিয়েছে, আগামী ৩ অগাস্ট রাউজ অ্যাভিনিউ কোর্টে মামলার পরবর্তী শুনানি হবে। আদালতের আশা, তার আগেই প্রসিকিউশনের পক্ষ থেকে পাবলিক প্রসিকিউটর নিয়োগ করা হবে এবং মামলার শুনানি এগোবে।
প্রসঙ্গত, NEET প্রশ্নফাঁস, পরীক্ষা ব্যবস্থায় অনিয়ম এবং শিক্ষা সংক্রান্ত নানা ইস্যুতে রাজধানী দিল্লির যন্তর-মন্তরে দীর্ঘ প্রায় দেড় মাস ধরে ছাত্রদের বিক্ষোভ চলেছিল। সেই আন্দোলনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইনস্টাগ্রামে লাইভে এসে ছাত্রছাত্রীদের বার্তা দেন। NEET প্রশ্নফাঁস মামলার দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট ট্র্যাক কোর্টে শুনানির ঘোষণা করেন।
প্রধানমন্ত্রী তখন বলেছিলেন, 'ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে কেন্দ্র সরকার একাধিক পদক্ষেপ নিচ্ছে। যারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছে, তারা জেলে রয়েছে। ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করা হয়েছে এবং কঠোর আইনি ব্যবস্থা আনতে নতুন আইন তৈরির দিকেও সরকার এগোচ্ছে।'
এদিকে, লোকসভায় প্রশ্নফাঁস রোধে যে সংশোধনী বিল আনা হয়েছে, তাতেও প্রস্তাব রয়েছে, চার্জশিট দাখিলের তিন মাসের মধ্যে বিচারপ্রক্রিয়া শেষ করতে হবে। কিন্তু ফাস্ট ট্র্যাক কোর্টে প্রথম দিনেই CBI-এর আইনজীবী অনুপস্থিত থাকায় শুনানি না হওয়ায় বিচারপ্রক্রিয়ার গতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। মামলার পরবর্তী শুনানি ৩ অগাস্ট।