
অর্ডার দেওয়া হয়েছিল নিরামিষ বার্গার। আর ডেলিভারি হল আমিষ বার্গার। আর এই ঘটনার জন্য বার্গার কিং ইন্ডিয়া এবং সুইগিকে দোষী সাব্যস্ত করল ক্রেতা সুরক্ষা আদালত। করা হল জরিমানা।
অভিযোগ, নিরামিষের বদলে আমিষ বার্গার খেয়ে অসুস্থ হয়ে পড়ে দুই শিশু। ২০২১ সালে ঘটে এই ঘটনা। যার জন্য দুই সংস্থাকে মোট ৭২ হাজার টাকা জরিমানা করেছে গুরুগ্রামের জেলা ক্রেতা সুরক্ষা কমিশন। বৃহস্পতিবার এক আধিকারিক এই খবর জানিয়েছেন।
অভিযোগকারী ভগবান দাস মঙ্গলা গুরুগ্রামের সেক্টর ৪৬-এর বাসিন্দা। তাঁর দাবি, ২০২১ সালের ২ এপ্রিল অসুস্থ স্ত্রীর জন্য সুইগি অ্যাপের মাধ্যমে বার্গার কিং থেকে চারটি নিরামিষ বার্গার অর্ডার করেছিলেন তিনি। কিন্তু শরীর খারাপ থাকায় তাঁর স্ত্রী প্যাকেটটি খোলেননি। তিনি সেটা রেখে দেন। পরে তাঁদের সন্তানরা প্যাকেট খুলে বার্গার খায়।
মঙ্গলার দাবি, বার্গারের স্বাদ অদ্ভুত লাগায় শিশুরা বমি বমি ভাব এবং বমি করে। তারপরই সন্দেহ জাগে মনে। সেদিন সন্ধ্যায় প্যাকেট পরীক্ষা করে তিনি বুঝতে পারেন, নিরামিষের বদলে আমিষ বার্গার পাঠানো হয়েছে। এরপরই সুইগির কাছে অভিযোগ জানান তিনি।
মঙ্গলা বলেন, 'এই ঘটনায় আমার নিরামিষভোজী পরিবারের ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে। পরিবারের সদস্যরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। অভিযোগ জানানোর পর বার্গার কিংয়ের এক প্রতিনিধি ভুল স্বীকার করেন। আদালতের বাইরে বিষয়টি মিটিয়ে নেওয়ার প্রস্তাব দেন।'
তাঁর দাবি, সংস্থার তরফে পরিবারের পছন্দমতো এক বা দু'টি তীর্থস্থানে ভ্রমণের খরচ বহন করার পাশাপাশি ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তাতে রাজি হয়নি পরিবার। বরং ক্রেতা সুরক্ষা আদালতের দ্বারস্থ হন মঙ্গলা। ক্ষতিপূরণ হিসেবে ৬০ হাজার টাকা দাবি করেছিলেন তিনি।
মঙ্গলার আইনজীবী মেঘা গুপ্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানান, কমিশনের চেয়ারম্যান সঞ্জীব জিন্দাল এবং সদস্য জ্যোতি সিওয়াচ ও খুশবিন্দর কৌরকে নিয়ে গঠিত বেঞ্চে মামলাটির শুনানি হয়।
কমিশন জানায়, বিল, সুইগি অ্যাপের চ্যাটের তথ্য এবং অভিযোগ সংক্রান্ত নথিপত্র থেকে দুই সংস্থার গাফিলতি প্রমাণিত হয়েছে।
মেঘা গুপ্তা বলেন, 'দুই সংস্থার যুক্তি খারিজ করে ক্রেতা সুরক্ষা কমিশন সুইগি এবং বার্গার কিং ইন্ডিয়াকে যৌথভাবে দায়ী করেছে। মানসিক যন্ত্রণা ও হয়রানির জন্য ৫০ হাজার টাকা এবং মামলার খরচ বাবদ ২২ হাজার টাকা সহ মোট ৭২ হাজার টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে।'
নির্দেশ অনুযায়ী, দুই সংস্থাকে ৪৫ দিনের মধ্যে ওই টাকা মিটিয়ে দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে টাকা না দিলে বার্ষিক ১২ শতাংশ হারে সুদ সহ পুরো অর্থ দিতে হবে।