Advertisement

Operation Sindoor এর পর এই প্রথম ভারতে আসছেন পাকিস্তানের মন্ত্রী, মতলব কী?

চলতি মাসের শেষে ভারতে অনুষ্ঠিত হতে চলেছে এসসিও বৈঠক। ওই বৈঠকে যোগ দেবেন পাকিস্তানের তরফে জলবায়ু বিষয়ক মন্ত্রী। এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন পাকিস্তানের বিদেশমন্ত্রকের মুখপাত্র।

পাকিস্তানের মন্ত্রী আসছেন ভারতে। পাকিস্তানের মন্ত্রী আসছেন ভারতে।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 14 Nov 2026,
  • अपडेटेड 9:29 PM IST
  • চলতি মাসের শেষে এসসিও বৈঠক।
  • যোগ দেবেন পাকমন্ত্রী।

'অপারেশন সিঁদুর'-এর পর এই প্রথম পাকিস্তানের কোনও মন্ত্রী ভারতে আসছেন। উপলক্ষ সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO)। চলতি মাসের শেষের দিকে নয়াদিল্লিতে আসার কথা পাকিস্তানের জলবায়ু বিষয়ক মন্ত্রী মুসাদ্দিক মাসুদ মালিক। যোগ দেবেন এসসিও সিভিলাইজেশন ডায়লগে। যা চলবে আগামী ২০ থেকে ২২ নভেম্বর পর্যন্ত।

গত ২৮ অক্টোবর ভারত জানিয়েছিল, নির্ধারিত প্রথা মেনেই এসসিও-র সমস্ত সদস্য দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর আগে ২০২৩ সালের মে মাসে শেষবার পাকিস্তানের কোনও মন্ত্রী ভারত সফরে এসেছিলেন। সেবার গোয়ায় এসসিও-র বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে এসেছিলেন তৎকালীন পাক বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। 

বলে রাখি, সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন হল ইউরেশিয়ার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে থাকা দেশগুলির একটি রাজনৈতিক ও নিরাপত্তা সংক্রান্ত জোট। এই সংগঠনের সদস্য চিন এবং রাশিয়াও। সংগঠনের ওয়েবসাইট অনুযায়ী, বর্তমানে এই আঞ্চলিক জোটের সদস্য দেশের সংখ্যা ১০।

পাকিস্তানের বিদেশমন্ত্রকও নেটমাধ্যম এক্সে একটি পোস্ট করে মুসাদ্দিক মাসুদ মালিকের ভারত সফরের কথা জানিয়েছে। সেখানে বলা হয়েছে, নয়াদিল্লিতে আয়োজিত এসসিও-র সিভিলাইজেশন ডায়লগে পাকিস্তানের প্রতিনিধিত্ব করার জন্য জলবায়ু ও পরিবেশ সমন্বয় বিষয়ক ফেডারেল মুসাদ্দিক মাসুদ মালিককে মনোনীত করেছে পাক সরকার। ২০ থেকে ২২ নভেম্বর এই অনুষ্ঠান হবে। এসসিও-র সদস্য দেশগুলির প্রতিনিধিরা এই অনুষ্ঠানে একত্রিত হবেন। পারস্পরিক বোঝাপড়া ও মতের আদানপ্রদান করবেন। নিজেদের মতামত তুলে ধরবেন তাঁরা।

পাকিস্তানের মুসাদ্দিক মাসুদ মালিককে প্রায়ই বিভিন্ন টেলিভিশন টক শো-তে সরকারি অবস্থান তুলে ধরতে দেখা যায়। ভারতের আয়োজিত এই আন্তর্জাতিক অনুষ্ঠানে তাঁর উপস্থিতি তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কূটনৈতিক মহলের একাংশের মতে, এই সফরের মাধ্যমে ভারতের সঙ্গে চলতে থাকা উত্তেজনা কিছুটা কমানোর বার্তা দিতে চাইছে পাকিস্তান।

Read more!
Advertisement
Advertisement