
ভারতের কূটনৈতিক অবস্থান নিয়ে ফের প্রশ্ন তুললেন লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর অভিযোগ, বিশ্ব কূটনীতির গুরুত্বপূর্ণ আলোচনা থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে ভারত। আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত এখন কার্যত 'সাইড প্লেয়ার' বা পার্শ্বচরিত্র হয়ে উঠেছে।
এই সময়ই আমেরিকা ও ইরানের মধ্যে আলোচনায় পাকিস্তানের মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন কংগ্রেস নেতা। তাঁর প্রশ্ন, পাকিস্তান যদি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনায় যুক্ত হতে পারে, তাহলে ভারত কেন পিছিয়ে রয়েছে?
প্রসঙ্গত, ২০২৫ সালের মার্চ মাসে পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এই বিষয়টা নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেছিলেন। তিনি জানিয়েছিলেন, আন্তর্জাতিক ভূ-রাজনীতিতে ভারত 'দালাল রাষ্ট্র' বা মধ্যস্থতাকারী দেশের ভূমিকা পালন করতে পারে না।
যদিও বুধবার শিকাগো বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের সঙ্গে এক আলোচনাসভায় যোগ দিয়ে রাহুল গান্ধী সেই প্রসঙ্গই আবার টেনে আনলেন। তাঁর মতে, ঐতিহাসিকভাবেই ভূ-রাজনীতি সম্পর্কে ভারতের যথেষ্ট গভীর ও পরিণত ধারণা ছিল। কিন্তু বর্তমানে বিশ্ব পরিস্থিতি নির্ধারণে সক্রিয় ভূমিকা নিতে দেখা যাচ্ছে না কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে।
রাহুলের কথায়, 'ভারত আয়তন ও গুরুত্বের নিরিখে স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর। বিশ্বজুড়ে বিভিন্ন আলোচনায় ভারতের সক্রিয়ভাবে অংশ নেওয়া উচিত। কিন্তু সত্যি বলতে, ভারত এখন সাইড প্লেয়ার হয়ে গিয়েছে।'
আমেরিকা ও ইরানের মধ্যে আলোচনায় পাকিস্তানের অংশগ্রহণের প্রসঙ্গ টেনে রাহুল বলেন, আমেরিকা, ইরান এবং রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক রয়েছে। তা সত্ত্বেও সেই সম্পর্ককে কূটনৈতিক প্রভাব বিস্তারের ক্ষেত্রে কাজে লাগাতে পারছে না নয়াদিল্লি।
তিনি বলেন, 'পাকিস্তান ইরান ও আমেরিকার মধ্যে আলোচনা চালাচ্ছে, আর ভারত শুধু বসে বসে দেখছে। এটা দেখে আমি সত্যিই অবাক।'
স্বাধীনতার পর জোটনিরপেক্ষ আন্দোলনে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও স্মরণ করিয়ে দেন রাহুল। তাঁর মতে, একসময় আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের যথেষ্ট প্রভাব ও মর্যাদা ছিল। বিশ্বমঞ্চে ভারতকে আবার সেই জায়গায় দেখতে চান তিনি।
'বন্ধুত্ব নিয়ে কে মাথা ঘামায়?' মোদীর কূটনীতি নিয়ে রাহুলের কটাক্ষ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশনীতি নিয়েও প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মতো বিশ্বনেতাদের সঙ্গে মোদীর ব্যক্তিগত বন্ধুত্বের বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ তিনি।
রাহুলের মতে, রাষ্ট্রনেতাদের ব্যক্তিগত সম্পর্কের উপর আন্তর্জাতিক সম্পর্ক নির্ভর করে না। বিশ্ব রাজনীতির গতিপ্রকৃতি নির্ধারিত হয় বৃহত্তর অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক কাঠামোর ভিত্তিতে।
রাহুলের কথায়, 'মোদী বা অন্য কোনও বিশ্বনেতার সঙ্গে বন্ধুত্ব নিয়ে আমার কোনও সমস্যা নেই। কিন্তু বন্ধুত্ব ততটা গুরুত্বপূর্ণ নয়। আসল বিষয় হল, আপনি কী ঘটছে, আপনি কে এবং বিশ্বে আপনার অবস্থান কোথায়, তা বুঝতে পারছেন কি না।'
পাকিস্তান নিয়ে কী বললেন রাহুল?
ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়েও পড়ুয়াদের প্রশ্নের জবাব দেন রাহুল গান্ধী। আলোচনাসভায় উপস্থিত এক পাকিস্তানি অংশগ্রহণকারী জানতে চান, পারস্পরিক দোষারোপের রাজনীতি সরিয়ে রেখে দুই দেশ কি একসঙ্গে কাজ করার কথা ভাবতে পারে?
জবাবে রাহুল বলেন, দুই দেশের মধ্যে আলোচনার সম্ভাবনা অবশ্যই রয়েছে। তবে তার আগে পাকিস্তানকে ভারতে সন্ত্রাসবাদে মদত দেওয়া এবং উৎসাহিত করা বন্ধ করতে হবে।
রাহুলের কথায়, 'হ্যাঁ, আলোচনার সুযোগ রয়েছে। কিন্তু একটা বড় সমস্যা হল, পাকিস্তান আমাদের দেশে সন্ত্রাসবাদকে সমর্থন করে। উৎসাহ দিয়ে চলেছে।'
রাহুল জানান, 'নিরীহ মানুষ খুন হচ্ছে, আর আমরা পাকিস্তানের সঙ্গে আলোচনা চালিয়ে যাব, এটা মেনে নেওয়া অসম্ভব। এই ঘটনা বন্ধ হলেই আলোচনার দরজা খুলতে পারে।'