
শনিবার বিতর্কিত দাবি করে বসলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কাশ্মীরের একাধিকবারের মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা। অভিযোগ, গতকাল ‘দেশবিরোধী’দের সুরে কথা বলেছেন ন্যাশনাল কনফারেন্স দলের প্রেসিডেন্ট। তিনি দাবি করেছেন, আন্তর্জাতিক মঞ্চে বারবার কাশ্মীর ইস্যু উত্থাপন করে পাকিস্তান জম্মু ও কাশ্মীরের মানুষকে রক্ষা করছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, তাঁদের সমস্যার বিষয়ে কেন্দ্র নীরব রয়েছে। আবদুল্লার মন্তব্যের তীব্র নিন্দা করেছে বিজেপি। তাঁকে পাকিস্তানে চলে যাওয়ার পরামর্শ দেওয়ার পাশাপাশি তাঁর বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগও তুলেছে গেরুয়া শিবির।
উত্তর কাশ্মীরের বারামুল্লায় দলের কর্মী সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে পাকিস্তানের প্রসঙ্গ তুলে আবদুল্লা বলেন, “আমাদের প্রতিবেশী (পাকিস্তান) ক্রমাগত তাঁদের পিছনে পড়ে রয়েছে। তিনি (পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ) সর্বত্র গিয়ে বলছেন, কাশ্মীর সমস্যার সমাধান হয়নি। তিনি আমাদের রক্ষা করছেন। অন্যথায়, তাঁদের (কেন্দ্রের) উদ্দেশ্য ভালো নয়।”
জম্মু ও কাশ্মীরের মানুষ কেন্দ্রের কাছ থেকে ন্যায়বিচার আশা করতে পারেন কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন আবদুল্লা। তিনি তাঁদের অধিকার ও পরিচয়ের জন্য রুখে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, “দিল্লির কাছ থেকে আপনারা কী আশা করতে পারেন? আপনারা কি মনে করেন, তারা আপনাদের ন্যায়বিচার দেবে? লড়াই করার সাহস দেখান, নইলে আপনারা নিশ্চিহ্ন হয়ে যাবেন এবং আপনাদের পরিচয় মুছে যাবে।”
আবদুল্লার মন্তব্যে সুর চড়াল BJP
আবদুল্লার মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি। জম্মু ও কাশ্মীরে দলের প্রধান সত শর্মা প্রাক্তন মুখ্যমন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি, তিনি এ ধরনের মন্তব্য করতে থাকলে আবদুল্লাকে পাকিস্তানে চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন।
ANI-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “ফারুক আবদুল্লার বোঝা উচিত, এই দেশে তিনি যা ইচ্ছা বলার স্বাধীনতা পেয়েছেন। এই স্বাধীনতা রয়েছে বলেই তিনি এ ধরনের মন্তব্য করতে পারছেন। পাকিস্তানে যদি আপনি এই মন্তব্য করতেন, তা হলে হয়তো আপনাকে রেহাই দেওয়া হত না।”
বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) নেতা বিনোদ বনসলও আবদুল্লার সমালোচনা করেছেন। তিনি বলেন, কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং চিরকাল থাকবে। কাশ্মীরিদের নিরাপত্তার জন্য পাকিস্তান দায়ী—এমন ইঙ্গিত নিয়েও তিনি প্রশ্ন তোলেন। তাঁর যুক্তি, ভারতের শক্তিই এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করেছে।