
আভাস ছিলই। আর সেই আভাস বাস্তবে পরিণত হতে চলেছে। যতদূর খবর, ডিসেম্বরের প্রথম সপ্তাহেই শুরু হতে পারে সংসদের শীতকালীন অধিবেশন। এই অধিবেশনে সরকারের প্রধান টার্গেট হতে চলেছে আসন পুনর্বিন্যাস (ডিলিমিটেশন) এবং মহিলা সংরক্ষণ সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল পাশ করানো। সংবাদ সংস্থা PTI-এর রিপোর্ট অনুযায়ী, এই বিল পাশ করানোর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় সরকার।
প্রস্তাবিত এই বিলের মাধ্যমে লোকসভার আসনসংখ্যা বর্তমান ৫৪৩ থেকে বাড়িয়ে সর্বোচ্চ ৮৫০ করার প্ল্যানিং রয়েছে। আসন পুনর্বিন্যাসের মাধ্যমে ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগেই সংসদ ও রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ নিশ্চিত করা হচ্ছে।
সরকারি সূত্রের খবর, ডিসেম্বরের প্রথম সপ্তাহে অধিবেশন শুরুর সম্ভাবনা নিয়ে উচ্চপর্যায়ে আলোচনা হয়েছে। তবে সংবিধান সংশোধনী বিল পাশ করাতে লোকসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। ফলে এই বিল পাশ করানোর জন্য বিরোধীদের সমর্থনও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
কেন বিরোধীদের সমর্থন প্রয়োজন?
সংবিধান সংশোধনী বিল পাশ করাতে ৫৪৩ আসনের লোকসভায় অন্তত ৩৬১টি ভোট প্রয়োজন। বর্তমানে তিনটি আসন খালি থাকায় লোকসভার সদস্যসংখ্যা ৫৪০। শাসক এনডিএ-র হাতে রয়েছে ৩২০ জন সাংসদ। ফলে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেতে বিরোধী দলগুলির সমর্থন প্রয়োজন হবে।
যদিও প্রয়োজনীয় সংখ্যার অঙ্ক নিয়ে চিন্তা থাকলেও বিলটি পাশ করানোর ব্যাপারে আত্মবিশ্বাসী সরকার। বৃহস্পতিবার PTI-কে এক শীর্ষ সরকারি আধিকারিক জানিয়েছেন, ১৫ থেকে ১৮ ভোটের ব্যবধানে বিলটি পাশ হয়ে যেতে পারে বলে আশা রয়েছে।
তবে বিরোধীদের সমর্থন আদায় করা সরকারের কাছে সহজ হবে না বলেই মনে করা হচ্ছে। ওদিকে SIR-কে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে। এই প্রক্রিয়ার বিরুদ্ধে আন্দোলন জোরদার করেছে বিরোধী দলগুলি। পাশাপাশি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিও উঠছে।
শীতকালীন অধিবেশনে SIR ইস্যুতে সরব হতে পারে বিরোধীরা। এর ফলে সংসদের দুই কক্ষের কাজকর্ম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। শাসক জোটের এক সাংসদ PTI-কে জানিয়েছেন, সংসদে স্বাভাবিক কাজকর্ম না হলে সংবিধান সংশোধনী বিল নিয়ে আলোচনা ও ভোটাভুটি সম্ভব হবে না।
আসন পুনর্বিন্যাসের ক্ষেত্রে কী ফর্মুলা ভাবছে কেন্দ্র?
আসন পুনর্বিন্যাস নিয়ে দক্ষিণ ভারতের রাজ্যগুলির উদ্বেগের বিষয়টিও মাথায় রাখছে কেন্দ্র। জানা যাচ্ছে, লোকসভার আসনসংখ্যা রাজ্যভিত্তিক ৫০ শতাংশ বাড়ানোর একটি ফর্মুলা বিবেচনা করছে সরকার। এর ফলে আসন পুনর্বিন্যাসের পর দক্ষিণ ভারতের রাজ্যগুলির প্রতিনিধিত্ব কমে যাওয়ার আশঙ্কা কিছুটা কমানো যাবে।
এর আগে গত ১৭ এপ্রিল সংসদের বিশেষ অধিবেশনে এই সংক্রান্ত বিল প্রস্তাবিত হয়। তবে সেটি প্রয়োজনীয় সমর্থন পায়নি। ফলে শীতকালীন অধিবেশনে বিলটির ভবিষ্যৎ নির্ভর করবে সরকার বিরোধীদের কাছ থেকে কতটা সমর্থন আদায় করতে পারে, তার উপর।