
শুধু ধান, গম আর আখের চাষে আটকে থাকলে চলবে না। কৃষকদের আয় বাড়াতে বিকল্প ফসলের চাষ এবং কৃষির সঙ্গে যুক্ত অন্য কাজগুলিতেও জোর দিতে হবে। বৃহস্পতিবার ইন্ডিয়া টুডে গ্রুপের 'কিষান তক ভারত এগ্রিকালচার কনফারেন্স ২০২৬'-এ বক্তব্য রাখতে গিয়ে কৃষকদের এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তাঁর কথায়, ভবিষ্যতের কৃষিতে আয়ের একাধিক উৎস তৈরি করা জরুরি। পাশাপাশি দেশের কৃষিক্ষেত্রের অগ্রগতির পরিসংখ্যান তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, বর্তমানে ভারত প্রতি বছর ৪ লক্ষ কোটি টাকারও বেশি কৃষিপণ্য রফতানি করছে। দুধ, ডাল, পাট এবং চাল উৎপাদনেও বিশ্বে এক নম্বর স্থানে রয়েছে ভারত।
দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত দু'দিনের এই সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ২ হাজারেরও বেশি কৃষক, নীতিনির্ধারক, শিল্পজগতের প্রতিনিধি এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞরা অংশ নেন। কৃষিক্ষেত্রে পরিবর্তন, কৃষকদের আয় বৃদ্ধি এবং কৃষির নতুন সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।
৪ লক্ষ কোটি টাকার বেশি কৃষিপণ্য রফতানি
মোদী বলেন, সময়ের সঙ্গে কৃষিক্ষেত্রের নীতি এবং চাষের পদ্ধতিতে পরিবর্তন আনা অত্যন্ত জরুরি। তাঁর অভিযোগ, আগের সরকারগুলি শুধু দেশের খাদ্যশস্যের ভাণ্ডার পূর্ণ হওয়াতেই সন্তুষ্ট ছিল। কিন্তু এর ফলে কৃষকদের কী লাভ হল, সেই প্রশ্নে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়নি।
প্রধানমন্ত্রীর বক্তব্য, বর্তমানে গোটা বিশ্ব, বাজার, মানুষের চাহিদা, খাদ্যাভ্যাস, আবহাওয়া এবং প্রযুক্তি বদলে যাচ্ছে। সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে কৃষকদেরও নতুন করে শক্তিশালী করে তোলা প্রয়োজন। গত এক দশকে ভারত এই পরিবর্তনের সঙ্গে তাল মেলানোর চেষ্টা করেছে। তার ফলেই বর্তমানে প্রতি বছর ৪ লক্ষ কোটি টাকারও বেশি কৃষিপণ্য রফতানি করছে দেশ। এই রফতানি থেকে পাওয়া অর্থ কৃষকদের আয় বৃদ্ধিতে সাহায্য করছে বলেও দাবি করেন তিনি।
দুধ, ডাল, পাট ও চাল উৎপাদনে বিশ্বে এক নম্বর ভারত
কৃষিপণ্য উৎপাদনের আন্তর্জাতিক পরিসংখ্যান তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, দুধ, ডাল এবং পাট উৎপাদনে ভারত বিশ্বের মধ্যে প্রথম স্থানে রয়েছে। চাল উৎপাদনেও ভারত এখন এক নম্বরে। অন্যদিকে, গম উৎপাদনে বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। তুলো, ফল, সবজি এবং মাছ উৎপাদনেও দেশের স্থান দ্বিতীয়। মিলেট বা শ্রীঅন্ন উৎপাদনে ভারত বিশ্বের বৃহত্তম উৎপাদক। মোদীর কথায়, এই পরিসংখ্যানগুলি শুধু সংখ্যা নয়। এগুলি ভারতীয় কৃষকদের দক্ষতা, পরিশ্রম এবং সম্ভাবনার পরিচয় দেয়।
কৃষকদের আয়ের নতুন রাস্তা দেখালেন প্রধানমন্ত্রী
কৃষকদের উদ্দেশে মোদী বলেন, শুধু ধান, গম এবং আখের মতো প্রচলিত ফসলের উপর নির্ভর করে থাকলে চলবে না। কৃষকদের সমৃদ্ধির জন্য বিকল্প ফসলের চাষ এবং কৃষির সঙ্গে যুক্ত অন্যান্য কাজকেও উৎসাহ দিতে হবে।
প্রধানমন্ত্রীর বক্তব্য, কৃষকদের আয়ের একাধিক উৎস তৈরি করা প্রয়োজন। ভবিষ্যতের কৃষিতে শুধু ফসল উৎপাদন নয়, তার পাশাপাশি পশুপালন, মৎস্যচাষ, মৌমাছি পালন এবং উদ্যানপালনের মতো ক্ষেত্রগুলিকেও গুরুত্ব দিতে হবে।
গ্রিন থেকে হোয়াইট, ব্লু ও সুইট রেভলিউশন
কৃষিক্ষেত্রে বিভিন্ন বিপ্লবের প্রসঙ্গও তুলে ধরেন মোদী। তাঁর বক্তব্য, গ্রিন রেভলিউশন বা সবুজ বিপ্লব ভারতকে খাদ্যশস্য উৎপাদনে স্বনির্ভর করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। পরবর্তী সময়ে হোয়াইট রেভলিউশন বা শ্বেত বিপ্লব ভারতকে বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদনকারী দেশে পরিণত করেছে।
প্রধানমন্ত্রী জানান, গত এক দশকে ভারতে দুধ উৎপাদন প্রায় ৭০ শতাংশ বেড়েছে। একই সময়ে ডিম উৎপাদন বৃদ্ধি পেয়েছে প্রায় ৯০ শতাংশ।
ব্লু রেভলিউশন বা নীল বিপ্লবের হাত ধরে গত এক দশকে দেশে মাছ উৎপাদন দ্বিগুণেরও বেশি হয়েছে। অন্যদিকে, মৌমাছি পালন বা মধু উৎপাদনের ক্ষেত্রে সুইট রেভলিউশন নতুন সম্ভাবনার দরজা খুলেছে। মোদীর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, দেশে মধু উৎপাদন প্রায় ৮০ হাজার টন থেকে বেড়ে দেড় লক্ষ টনে পৌঁছেছে।
বাগান চাষেও বড় অগ্রগতি ভারতের
শুধু খাদ্যশস্য বা দুগ্ধ উৎপাদন নয়, উদ্যানপালন বা হর্টিকালচার ক্ষেত্রেও ভারতের অগ্রগতির কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, দেশে উদ্যানপালনজাত পণ্যের উৎপাদন ২৮০ মিলিয়ন টন থেকে বেড়ে ৩৫০ মিলিয়ন টনের বেশি হয়েছে।
মোদীর বক্তব্য, কৃষির এই সমস্ত ক্ষেত্রকে একসঙ্গে বিবেচনা করলে কৃষকদের সামনে আয়ের একাধিক রাস্তা খুলে যায়। ভবিষ্যতের কৃষিকে আরও লাভজনক করতে এই ধরনের বিকল্প আয়ের উৎস তৈরি করা জরুরি। শুধু প্রচলিত ফসলের উপর নির্ভর না করে কৃষির সঙ্গে যুক্ত বিভিন্ন ক্ষেত্রকে কাজে লাগানোর উপরই জোর দেন প্রধানমন্ত্রী।