
৭৬ বছরের জন্মদিন উদযাপন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বয়সেও তিনি স্বাস্থ্য ও ফিটনেসের প্রতি বিশেষ যত্ন নেন। দেশের বহু মানুষ তাঁর ফিটনেস থেকে অনুপ্রেরণা পান। কিন্তু জানেন কি এই বয়সেও তাঁর এই অসাধারণ ফিটনেসের রহস্য কী? কীভাবে নিজেকে এত ফিট রাখেন মোদী? জেনে নিন তাঁর ডেইলি রুটিন সম্পর্কে।
প্রধানমন্ত্রী নিজেই বহুবার বলেছেন, তিনি নিয়মিত যোগব্যায়াম করেন, সুষম আহার গ্রহণ করেন। বজ্রাসন, সেতুবন্ধাসন, ভুজঙ্গাসন এবং উত্তানপদাসনের মতো যোগাসনই তাঁর ফিটনেসের মূল চাবিকাঠি। এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিদিন মাত্র ৪ ঘণ্টার জন্য ঘুমোন এবং সূর্যাস্তের পর আর কিছু খান না।
কেন্দ্রীয় মন্ত্রী এল মুরুগান একবার বলেছিলেন, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বাস্থ্যকর জীবনধারা এবং রুটিন দ্বারা অনুপ্রাণিত হয়েছেন। প্রতিদিন সাড়ে ৩ থেকে ৪ ঘণ্টা ঘুম, সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা এবং সন্ধ্যা ৬টার পর না খাওয়া তাঁকে এই বয়সেও এত ফিট রাখে বলেই মনে করেন মুরুগান। প্রধানমন্ত্রী মোদী একটি সাধারণ এবং সুষম খাদ্যভ্যাস মেনে চলেন। তিনি প্রায়শই ডাল, ভাত এবং খিচুড়ির মতো সাধারণ ও স্বাস্থ্যকর খাবার খান।
খুব কম লোকই জানেন, প্রধানমন্ত্রী যোগব্যায়ামের মাধ্যমে তাঁর তিন শুরু করেন। তিনি প্রতিদিন সকালে প্রায় ৪০ মিনিট যোগব্যায়াম করেন। তিনি সূর্য নমস্কার এবং প্রাণায়াম দিয়ে শুরু করেন। এরপর তিনি বিভিন্ন যোগাসন করেন। এছাড়াও প্রধানমন্ত্রী মোদী সপ্তাহে ২ বার যোগনিদ্রাও অনুশীলন করেন। তিনি একবার বলেছিলেন, অনিদ্রা প্রতিরোধে যোগনিদ্রা খুবই উপকারী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং একটি অনুষ্ঠানে বলেছেন, হাঁটা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। তাই তিনি প্রতিদিন যথাসম্ভব হাঁটার চেষ্টা করেন। সকালের ব্যায়ামের পর প্রধানমন্ত্রী মোদী সবুজ ঘাসের উপর হাঁটতে ভালোবাসেন। চিকিৎসকেরাও বলেন, প্রতিদিন হাঁটলে অতিরিক্ত ক্যালোরি পোড়ে ফলে শরীর বড় ধরনের রোগ প্রতিরোধে সক্ষম থাকে। এছাড়াও প্রতিদিন হাঁটা উদ্বেগ ও বিষন্নতা থেকেও মুক্তি দেয়।
প্রধানমন্ত্রী নিরামিষভোজী। অনেক সময়ে তিনি উপোসও করেন এবং গোটা দিন কিছুই খান না। তাঁর দৈনন্দিন খাদ্যাভ্যাসের মধ্যে রয়েছে ব্রেকফাস্টে হাল্কা খাবার। তিনি সকাল ৯টা নাগাদ ব্রেকফাস্ট করেন। একটি 'ফিট ইন্ডিয়া' অনুষ্ঠানে তিনি বলেছিলেন, সজনে ডাঁটার পরোটা তিনি খুব পছন্দ করেন। তিনি সপ্তাহে অবশ্যই দু'বার সজনে ডাঁটার পরোটা খান। এগুলি পুষ্টিগুনে ভরুপুর। প্রধানমন্ত্রী মোদীর রাতের খাবারও খুব হাল্কা হয়। তিনি বেশিরভাগ সময়ে গুজরাতি খিচুড়ি খান। তবে তিনি সূর্যাস্তের পর বা সন্ধ্যা ৬টার পর আর কিছুই খান না।
'পরীক্ষা পে চর্চা' নামে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিশুদের খাদ্যতালিকায় মরশুমি ফল এবং বাজরা অন্তর্ভূক্ত করার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, 'আমাদের দেশে কিছু জিনিস ঐতিহ্যের সঙ্গে জড়িত। উদাহরণস্বরূপ যখন কোনও মরশুমি ফল পাওযা যায় তখন তা প্রথমে দেবতাকে নিবেদন করা হয় এবং তারপর প্রসাদ হিসেবে গ্রহণ করা হয়। প্রত্যেক ব্যক্তিরই মরশুমি ফল খাওয়া উচিত। একই ভাবে আমাদের নিয়মিত বাজরা, ভুট্টা এবং রাগির মতো পুষ্টিকর মোটা শস্য গ্রহণ করা উচিত।'
এছাড়াও মোদী শিশুদের জাঙ্ক ফুড, তেলের খাবার এবং ময়দা দিয়ে তৈরি খাবার খেতে বারণ করেছেন। তিনি নিজেও এই খাবারগুলি এড়িয়ে চলেন। তিনি শিশুদের খাওয়ার সঠিক পদ্ধতিও জানিয়েছেন। মোদী বলেন, 'যেহেতু আমাদের ৩২টি দাঁত আছে তাই খাওয়ার আগে অন্তত ৩২ বার তা চেবানো উচিত।'