
নতুন 'বন্ধু' রাহুলের গান্ধীর উপস্থিতিতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয়। রবিবার সকালে তখন কর্নাটকে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেসকে কটাক্ষ করে 'পরজীবী' স্বভাবের দল বললেন।
দীর্ঘদিনের জোটসঙ্গী DMK-কে ছেড়ে দিয়ে কংগ্রেসের TVK-র সঙ্গে যাওয়ার সিদ্ধান্তের প্রসঙ্গ টেনে বেঙ্গালুরুতে প্রধানমন্ত্রী মোদী বলেন, 'এটি একটি পরজীবী দলে পরিণত হয়েছে। তারা লুট করা টাকার ভাগাভাগি নিয়ে লড়াই করছে। প্রথম সুযোগ পেলেই নিজেদের মিত্রকেও ছেড়ে দিতে প্রস্তুত। এমন কোনও দল নেই, যাকে কংগ্রেস পিঠে ছুরি মারেনি।'
গত তিন দশকে DMK কীভাবে নানা সঙ্কটে কংগ্রেসকে সাহায্য করেছে, তার উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, 'ক্ষমতার প্রতি কংগ্রেসের লোভ তাদের নিজেদের বন্ধুর সঙ্গেও বিশ্বাসঘাতকতা করতে বাধ্য করেছে।' তিনি আরও বলেন, 'UPA 1 এবং UPA 2 আমলে DMK একাধিকবার কংগ্রেসকে বিপদ থেকে উদ্ধার করেছিল, কিন্তু এখন রাজনৈতিক হাওয়া বগলানোর পর সেই দলকেই বিশ্বাসঘাতকতার শিকার হতে হচ্ছে।'
কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ আরও তীব্র করে প্রধানমন্ত্রী মোদী অভিযোগ করেন, কর্নাটকে অভ্যন্তরীণ ক্ষমতার লড়াইয়ের কারণে দলটি সুশাসন দিতে ব্যর্থ হয়েছে এবং মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। একই সঙ্গে তিনি বলেন, 'BJP-র রাজনৈতিক বিস্তার দেশজুড়ে বাড়তে থাকায় বেঙ্গালুরু থেকে একটি গেরুয়া সূর্য উদয়ের ইঙ্গিত মিলছে।'
বিপুল সংখ্যক BJP কর্মীদের সমাবেছে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী BJP নেতৃত্বাধীন NDA-কে রাজনৈতিক স্থিতিশীলতা ও উন্নয়নের প্রতীক হিসেবে তুলে ধরেন এবং এর বিপরীতে কংগ্রেসের বিশ্বাসঘাতকতার রাজনীতি ও কংগ্রেস-শাসিত রাজ্যগুলিতে প্রশাসনিক ব্যর্থতার কথা উল্লেখ করেন।
কর্নাটকের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, 'রাজ্যের সরকার জনসাধারণের সমস্যা সমাধানের চেয়ে নিজেদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব সামলাতেই বেশি সময় ব্যয় করেছে। গত ৩ বছর ধরে কর্নাটকে মানুষের সমস্যার সমাধান করার বদলে সরকারের অধিকাংশ সময়েই কেটেছে অভ্যন্তরীণ সংঘাত মেটাতে। কংগ্রেস সরকার নেতৃত্ব ও ক্ষমতা ভাগাভাগির অনিশ্চয়তার মধ্যে আটকে ছিল।'
তাঁর এই মন্তব্য মূলত গত ৬ মাস ধরে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং তাঁর ডেপুটি ডিকে শিবকুমারের মধ্যে চলা ক্ষমতার টানাপোড়েনকে লক্ষ্য করেই করা। মোদী বলেন, 'তারা ঠিক করতে পারছে না মুখ্যমন্ত্রী কতদিন থাকবেন। আরেকজন সুযোগ পাবেন কি না, তাও স্থির করতে পারছে না। সবকিছু ঝুলিয়ে রাখা হয়েছে।'