Advertisement

Women Reservation Bill: 'নারীশক্তিকে প্রতিশ্রুতি দিয়েছিলাম', ডিলিমিটেশন বিল পাশ পাকা হতেই মনে করালেন মোদী

মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ কার্যকর করতে সমস্ত বাধা দূর করব, আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তিনি জানিয়েছেন, মহিলাদের রাজনৈতিক প্রতিনিধিত্ব বাড়ানোর বিষয়ে তাঁর সরকারের সংকল্প দৃঢ়।

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 28 Nov 2026,
  • अपडेटेड 2:09 PM IST
  • 'মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ কার্যকর করব'
  • সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন প্রধানমন্ত্রী
  • ডিলিমিটেশন বিল পাশের প্রয়োজনীয় নম্বর হাতে আসতেই পোস্ট

সংসদ ও প্রত্যেক রাজ্যের বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ কার্যকর করতে সমস্ত বাধা দূর করব, আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তিনি জানিয়েছেন, মহিলাদের রাজনৈতিক প্রতিনিধিত্ব বাড়ানোর বিষয়ে তাঁর সরকারের সংকল্প দৃঢ়। এই সংরক্ষণ কার্যকর করার পথে কোনও বাধাই রাখা হবে না। বলে আশ্বাস দিয়েছেন তিনি। অন্যদিকে, মহিলা সংরক্ষণ এবং আসন পুনর্বিন্যাস সংক্রান্ত সংশোধিত বিল সংসদে এগিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে কেন্দ্র।

এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী লেখেন, মহিলাদের রাজনৈতিক প্রতিনিধিত্বের লড়াই বহু দশক ধরে চলছে। বহু মহিলা চিঠি লিখে এবং ব্যক্তিগত সাক্ষাতের মাধ্যমে তাঁর কাছে এই দাবি জানিয়েছেন। দেশের মহিলাদের আশ্বস্ত করে মোদী বলেন, 'সংরক্ষণ কার্যকর করার পথে সমস্ত বাধা দূর করবে সরকার।' প্রধানমন্ত্রীর কথায়, মহিলাদের সংরক্ষণের বিরোধিতা করা রাজনৈতিক দলগুলি সংসদ ও বিধানসভায় দেশের নারীশক্তির অংশগ্রহণ বৃদ্ধি আটকাতে পারবে না। এটা শুধু সময়ের অপেক্ষা। এই বিষয়ে সরকারের সংকল্প দৃঢ় এবং দেশের মহিলাদের সমর্থনও রয়েছে বলে জানিয়েছেন তিনি।

আসন পুনর্বিন্যাসের সঙ্গে যুক্ত মহিলা সংরক্ষণ
প্রধানমন্ত্রীর এই মন্তব্যের এক দিন আগেই মহিলাদের জন্য লোকসভা ও রাজ্যগুলির বিধানসভায় ৩৩ শতাংশ সংরক্ষণ কার্যকর করার লক্ষ্যে নতুন কয়েকটি আইনি প্রস্তাবে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই প্রস্তাবের মধ্যে রয়েছে সংবিধানের ১৩২তম সংশোধনী বিল, ২০২৬ এবং ডিলিমিটেশন (সেকেন্ড) বিল, ২০২৬।

উল্লেখ্য, ২০২৩ সালের সংবিধানের ১০৬তম সংশোধনী আইন, যা মহিলা সংরক্ষণ আইন নামে পরিচিত, তাতে লোকসভা ও রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য এক-তৃতীয়াংশ আসন সংরক্ষণের কথা বলা হয়েছে। তবে সংশ্লিষ্ট জনগণনার পরিসংখ্যান প্রকাশের পর আসন পুনর্বিন্যাস প্রক্রিয়ার সঙ্গে এই আইন কার্যকর করার বিষয়টি যুক্ত করা হয়েছিল। কেন্দ্রের সংশোধিত প্রস্তাবে আসন পুনর্বিন্যাসের মাধ্যমে মহিলা সংরক্ষণ কার্যকর করার কথা বলা হয়েছে। পাশাপাশি লোকসভা ও রাজ্য বিধানসভার মোট আসন সংখ্যা ৫০ শতাংশ বাড়ানোর প্রস্তাবও রয়েছে।

Advertisement

প্রস্তাব অনুযায়ী, লোকসভার সর্বোচ্চ আসন সংখ্যা বাড়িয়ে ৮৫০ করার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে রাজ্যগুলির জন্য ৮১৫টি এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য ৩৫টি আসন রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। অন্যদিকে, রাজ্য বিধানসভাগুলির সর্বোচ্চ আসন সংখ্যা বাড়িয়ে ৬৫০ করার প্রস্তাব রয়েছে।

দক্ষিণের রাজ্যগুলির জন্য বিশেষ প্রস্তাব
জনসংখ্যার ভিত্তিতে আসন পুনর্বিন্যাস হলে দক্ষিণ ভারতের রাজ্যগুলি সংসদে নিজেদের প্রতিনিধিত্বের অনুপাত হারাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে একাধিক রাজনৈতিক দল। সেই উদ্বেগ দূর করতে সংশোধিত প্রস্তাবে বিশেষ ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, ২০৫১ সাল পর্যন্ত লোকসভায় বিভিন্ন রাজ্যের মধ্যে আসনের বর্তমান আনুপাতিক বণ্টন বজায় রাখার পরিকল্পনা রয়েছে। এর ফলে জনসংখ্যা নিয়ন্ত্রণে সফল দক্ষিণের রাজ্যগুলির সংসদীয় প্রতিনিধিত্বের অনুপাত কমে যাওয়ার আশঙ্কা মোকাবিলা করা সম্ভব হবে বলে মনে করছে কেন্দ্র।

আগের মহিলা সংরক্ষণ বিল লোকসভায় পাশ হয়নি
এর আগে গত এপ্রিল মাসে লোকসভায় একটি সংবিধান সংশোধনী বিল পেশ করা হয়েছিল। কিন্তু প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সেটি পাশ হয়নি। বিলের পক্ষে ২৯৮টি এবং বিপক্ষে ২৩০টি ভোট পড়েছিল। তবে উপস্থিত সদস্যদের ভোটের দুই-তৃতীয়াংশ সমর্থন না পাওয়ায় বিলটি অনুমোদন পায়নি। মহিলা সংরক্ষণের সঙ্গে আসন পুনর্বিন্যাসকে যুক্ত করার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিল বিরোধীরা। তাদের বক্তব্য ছিল, নির্বাচনী কেন্দ্রগুলির সীমানা পুনর্নির্ধারণের জন্য অপেক্ষা না করেই মহিলা সংরক্ষণ কার্যকর করা উচিত। পাশাপাশি জনসংখ্যার ভিত্তিতে আসন পুনর্বণ্টন হলে জনসংখ্যা নিয়ন্ত্রণে সফল রাজ্যগুলির প্রতিনিধিত্ব ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছিল একাধিক রাজনৈতিক দল।

৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন
কেন্দ্রের সংশোধিত প্রস্তাবগুলি নিয়ে আলোচনা হওয়ার কথা ৩০ নভেম্বর থেকে শুরু হতে চলা সংসদের বিশেষ অধিবেশনে। লোকসভায় চার দিনের অধিবেশন হওয়ার কথা রয়েছে। অন্যদিকে, ২ ডিসেম্বর থেকে ফের অধিবেশনে বসবে রাজ্যসভা। মহিলা সংরক্ষণ কার্যকর করা এবং লোকসভা ও বিধানসভার আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব নিয়ে এই বিশেষ অধিবেশনে কী সিদ্ধান্ত হয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

 

Read more!
Advertisement
Advertisement