
ফের কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল এবং সম্প্রসারণের জল্পনা তুঙ্গে। আর সেই আবহে আগামী ২১ মে কেন্দ্রীয় মন্ত্রিসভার একটি গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনটাই খবর মিলছে সরকারি সূত্রে।
কারা উপস্থিত থাকবেন এই বৈঠকে?
যতদূর খবর, মন্ত্রিসভার সব সদস্যরাই এই বৈঠকে উপস্থিত থাকবেন। এই বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রিসভার সমস্ত ক্যাবিনেট মন্ত্রী, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী এবং রাষ্ট্রমন্ত্রীদের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।
কী নিয়ে আলোচনা হবে?
এই বৈঠকে বিভিন্ন সরকারি প্রকল্প ও কর্মসূচির বাস্তবায়ন নিয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি বিভিন্ন মন্ত্রক ও বিভাগের কাজকর্মের পর্যালোচনাও এই বৈঠকে হওয়ার সম্ভাবনা তুঙ্গে রয়েছে। এছাড়া কোনও দফতরে রদবদল হলেও, তা নিয়ে হতে পারে আলোচনা।
মাথায় রাখতে হবে, ২০২৪ সালের ১০ জুন শপথ নেওয়া মোদী ৩.০ সরকারের কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল নিয়ে জল্পনা তীব্র হয়েছে। সূত্রের খবর, জুন মাসের দ্বিতীয় সপ্তাহেই মন্ত্রিসভা সম্প্রসারণ ও রদবদল হতে পারে। যার ফলে এই বৈঠকের রাজনৈতিক গুরুত্ব আরও বেড়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা নজর রেখেছেন এই দিকে।
সম্প্রতি শেষ হওয়া পশ্চিমবঙ্গ ও অসম বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি দারুণ ফলাফল করেছে। দুই জায়গাতেই তৈরি হয়েছে মোদী সরকার। এছাড়া পুদুচেরিতে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা সরকারের প্রত্যাবর্তনের পরেই এই বৈঠকের পরিকল্পনা করা হয়েছে।
যদিও প্রধানমন্ত্রী মোদী এর আগেও প্রশাসনিক অগ্রাধিকার এবং নীতি বাস্তবায়ন নিয়ে আলোচনা করেছেন। সেই মতো ডাকা হয়েছে পূর্ণ মন্ত্রিপরিষদের বৈঠক। তবে সম্ভাব্য মন্ত্রিসভা পরিবর্তন নিয়ে জল্পনার আবহে এই বৈঠক হতে চলেছে। তাই এই বৈঠকের দিকেই নজর রয়েছে অনেকের।