
প্রয়াগরাজের যমুনা নদীর তীরে অবস্থিত প্রাচীন মানকামেশ্বর মন্দির কর্তৃপক্ষ শ্রাবণ মাসের জন্য ভক্তদের নতুন পোশাক বিধি এবং কঠোর নিয়ম চালু করেছে। আগামী ৩০ জুলাই থেকে শুরু হবে শ্রাবণ মাস। মন্দিরের মহন্ত, ব্রহ্মচারী শ্রী ধরনন্দ মহারাজ ভক্তদের মনোযোগে বিঘ্ন ঘটতে পারে বলেই এমন বিধি চালু করা হয়েছে বলে জানিয়েছেন। নতুন নির্দেশ অনুযায়ী, মহিলাদের ছোট ও খোলামেলা পোশাক পরা কঠোর ভাবে নিষিদ্ধ করা হয়েছে। পুরুষদের ধুতি এবং নারীকে শাড়ি বা সালোয়ার স্যুট পরার নিয়ম চালু করা হয়েছে। এতে পুজোর পূর্ণ সুফল মিলবে বলেও জানিয়েছে মন্দিক কর্তৃপক্ষ।
মন্দির চত্বর জুড়ে বিজ্ঞপ্তি বোর্ড লাগানো হয়েছে। মহিলাদের শালীন ভাবে ও সম্পূর্ণ আবৃত হয়ে প্রবেশ করতে বলা হয়েছে। অন্যথায় তাঁদের প্রবেশ করতে দেওয়া হবে না। চুরির ঝুঁকি রয়েছে, সে কারণে অতিরিক্ত সোনা ও রুপোর গয়না না পরার পরামর্শ দেওয়া হয়েছে। পুরুষদেরও শালীন পোশাক পরার নির্দেশ দেওয়া হয়েছে। শিবলিঙ্গের কাছে দীর্ঘক্ষণ বসে থাকা নিষিদ্ধ করা হয়েছে।
মন্দির কর্তৃপক্ষ রুদ্রাভিষেকের জন্য পুরুষদের বিনামূল্যে ধুতি দেবে। যা অভিষেকের পর অবশ্যই আবার ফেরত দিতে দেবে। ভক্তরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। লোকজন বলছেন, মন্দিরটি পুজোর স্থান, দর্শনীয় স্থান নয়। তাই শালীন পোশাক পরে আসা উচিত।