
Rahul Gandhi Student Funny Reply: রাজনীতির ময়দান হোক কিংবা সাধারণের দরবার, রাহুল গান্ধী এখন মেজাজেই আছেন। ইদানীং তাঁকে হামেশাই দেখা যাচ্ছে সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে মিশে যেতে। কখনও কুলিদের সঙ্গে মাল বইছেন, তো কখনও খেতে বসে পড়ছেন সাধারণের সঙ্গে। তবে এবার দিল্লি গার্গী কলেজের ছাত্রীদের সঙ্গে তাঁর আড্ডার একটি মুহূর্ত সমাজমাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। সৌজন্যে, এক ছাত্রীর অভাবনীয় ‘সপাটে’ জবাব।
আড্ডার ছলে রাহুল ওই ছাত্রীর কাছে জানতে চেয়েছিলেন, জীবনে সবথেকে ‘রিস্কি’ বা ঝুঁকিপূর্ণ কাজ তিনি কী করেছেন? প্রশ্নটা যতটা সিরিয়াস ছিল, উত্তর এল ঠিক ততটাই মজার। এক মুহূর্ত সময় নষ্ট না করে ওই তরুণী বলে বসেন, “আজ ডাল-চালের বদলে আপনার সঙ্গে এই যে আড্ডা মারছি, এটাই আমার জীবনের সবথেকে বড় রিস্ক!” ছাত্রীর মুখে এমন উত্তর শুনে এক মুহূর্তের জন্য থতমত খেয়ে যান রাহুল গান্ধীও। তার পর অবশ্য আর সামলাতে পারেননি, হেসেই ফেলেন কংগ্রেস নেতা।
ভিডিওটি প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় লাইক আর কমেন্টের বন্যা। কেউ বলছেন, আজকের প্রজন্মের আত্মবিশ্বাস সত্যিই দেখার মতো। আবার কেউ রাহুলের এই সহজভাবে মিশে যাওয়ার প্রশংসা করছেন। ভাইরাল এই ক্লিপিংটি এখন ঘুরে বেড়াচ্ছে মানুষের ফোনে ফোনে। রাজনীতি আর রসিকতা যে একই বিন্দুতে মিলে যেতে পারে, গার্গী কলেজের এই ভিডিওটি তারই প্রমাণ।