Advertisement

Rahul Gandhi: ডিলিমিটেশন বিল নিয়ে রণংদেহী কংগ্রেস, 'দাঁতে দাঁত চেপে লড়ব', হুঁশিয়ারি রাহুলের

কংগ্রেসের অভিযোগ, মহিলা সংরক্ষণ কার্যকর করা টার্গেট নয়। তার বদলে আসন্ন সংসদীয় বিশেষ অধিবেশনকে ডিলিমিটেশন বা লোকসভা কেন্দ্রের সীমানা পুনর্নির্ধারণের বিল পাশ করানোর কাজে ব্যবহার করতে চাইছে নরেন্দ্র মোদী সরকার। কংগ্রেসের দাবি, এর পিছনে সরকারের নিজস্ব উদ্দেশ্য রয়েছে। তারা লোকসভায় 'কৃত্রিমভাবে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা' নিশ্চিত করতে চায়।

রাহুল গান্ধী (ছবি: পিটিআই)রাহুল গান্ধী (ছবি: পিটিআই)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 28 Nov 2026,
  • अपडेटेड 8:12 AM IST
  • মহিলা সংরক্ষণ কার্যকর করা টার্গেট নয়
  • তার বদলে আসন্ন সংসদীয় বিশেষ অধিবেশনকে ডিলিমিটেশন বা লোকসভা কেন্দ্রের সীমানা পুনর্নির্ধারণের বিল পাশ করানোর কাজে ব্যবহার করতে চাইছে নরেন্দ্র মোদী সরকার
  • তারা লোকসভায় 'কৃত্রিমভাবে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা' নিশ্চিত করতে চায়

আগামী সপ্তাহের শুরুতেই সংসদের বিশেষ অধিবেশন। পেশ হবে ডিলিমিটেশন বিল। আর এই বিলের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে কংগ্রেস। এই বিলের বিরোধিতায় 'দাঁতে দাঁত চেপে লড়াই' করার বার্তা দিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও। শুধু তাই নয়, এই বিলকে ঘিরে বিরোধী জোট INDIA-র সমীকরণেও বদল আসতে পারে। সংসদে কোন দল কী অবস্থান নেয়, তার উপরেই নির্ভর করবে জোটের ভবিষ্যৎ রাজনৈতিক সম্পর্ক।

কংগ্রেসের অভিযোগ, মহিলা সংরক্ষণ কার্যকর করা টার্গেট নয়। তার বদলে আসন্ন সংসদীয় বিশেষ অধিবেশনকে ডিলিমিটেশন বা লোকসভা কেন্দ্রের সীমানা পুনর্নির্ধারণের বিল পাশ করানোর কাজে ব্যবহার করতে চাইছে নরেন্দ্র মোদী সরকার। কংগ্রেসের দাবি, এর পিছনে সরকারের নিজস্ব উদ্দেশ্য রয়েছে। তারা লোকসভায় 'কৃত্রিমভাবে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা' নিশ্চিত করতে চায়।

দলীয় সূত্রে খবর, কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠক করেছেন রাহুল গান্ধী। সেখানে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সংসদে সংখ্যার নিরিখে বিরোধীরা পিছিয়ে থাকতে পারে। তবে এই বিলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে কংগ্রেস। বিরোধী দলগুলিকে একজোট করারও চেষ্টা করা হবে।

কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর বাসভবনে বসেছিল দলের Parliamentary Strategy Group-এর বৈঠক। সেখানে রাহুলের দাবি, রাজনৈতিক স্বার্থেই সরকার ফের এই বিল আনার চেষ্টা করছে। আগেও কংগ্রেস এই বিলের বিরোধিতা করেছিল। এবারও তা পরাস্ত করতে সবরকম চেষ্টা করা হবে।

বৈঠকে রাহুল গান্ধী বলেন, 'বিলটি আটকাতে আমরা শেষ পর্যন্ত লড়াই করব। আগের মতোই এবারও সর্বশক্তি দিয়ে বিরোধিতা করা হবে। বিরোধী দলগুলিকে এক মঞ্চে আনার চেষ্টা করব। তবে প্রত্যেক দলের নিজস্ব অবস্থানের উপর অনেক কিছু নির্ভর করছে।'

সূত্রের খবর, বিরোধীদের একজোট করার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়েছেন রাহুল। বিশেষ করে ডিএমকে, সমাজবাদী পার্টি এবং শরদ পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি গোষ্ঠীর ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে।

তবে ডিলিমিটেশন ইস্যুতে বিরোধী জোটের কোনও শরিক আলাদা অবস্থান নিলে তার প্রভাব INDIA জোটের উপরেও পড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছে কংগ্রেস। দলের এক প্রবীণ নেতা India Today-কে জানিয়েছেন, শরদ পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি গোষ্ঠী যদি এই বিলের পক্ষে ভোট দেয়, তাহলে তাদের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক নিয়ে নতুন করে ভাবতে হতে পারে কংগ্রেসকে।

Advertisement

ওই নেতার মতে, বিরোধী জোটের কোনও দল যদি ডিলিমিটেশন নিয়ে আগের অবস্থান থেকে সরে আসে, তাহলে স্বাভাবিকভাবে জোটে থাকা সম্ভব নয়। 

সনিয়া গান্ধীর বাসভবনের ওই বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী সহ দলের একাধিক শীর্ষ নেতা। বৈঠকে আরও একটি বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে কংগ্রেস। আগামী ৩০ নভেম্বর লোকসভায় সংবিধান সংশোধনী বিল সহ একাধিক গুরুত্বপূর্ণ বিল পেশ হওয়ার কথা থাকলেও এখনও সাংসদদের হাতে খসড়া বিল পৌঁছয়নি বলে অভিযোগ তাদের।

কংগ্রেসের দাবি, গুরুত্বপূর্ণ সাংবিধানিক পরিবর্তন আনার প্রস্তুতি চললেও বিরোধী সাংসদদের অন্ধকারে রাখা হচ্ছে।

 

Read more!
Advertisement
Advertisement