
লোকসভায় আসন সংখ্যা ৫৪৩ থেকে বাড়িয়ে ৮৫০ করার প্রস্তাব। ডিলিমিটেশন বিলের বিরুদ্ধে একজোট বিরোধী দলগুলি। শনিবার এই বিল নিয়ে একগুচ্ছ প্রশ্ন তুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁর অভিযোগ, মহিলাদের জন্য সংরক্ষণের কথা 'অজুহাত' মাত্র। আসলে দেশের নির্বাচনী মানচিত্র বদলাতে চাইছে বিজেপি। এর মাধ্যমে নিজেদের রাজনৈতিক সুবিধা বাড়ানোর চেষ্টা করছে শাসক দল। এমনটাই অভিযোগ তাঁর।
শনিবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করেন লোকসভার বিরোধী দলনেতা। সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের তীব্র সমালোচনা করেন। রাহুলের দাবি, বিরোধীরা এই পরিকল্পনার বিরুদ্ধে সরব হওয়ায় সরকারকে চাপে ফেলা গিয়েছে। তাঁর কথায়, 'আমরা মোদী, শাহ এবং জ্ঞানেশকে ফাঁদে ফেলেছি। ওঁরা জানেন, আমরাও জানি।'
রাহুল গান্ধীর দাবি, সংসদে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের বিল আগেই পাশ হয়েছে। এই সংরক্ষণ চালু করতে লোকসভার আসন সংখ্যা বাড়ানোর প্রয়োজন নেই। বর্তমান ৫৪৩টি আসনের মধ্যেই মহিলাদের জন্য সংরক্ষণ চালু করা সম্ভব। তা হলে ৮৫০টি আসন করার প্রস্তাব কেন? এই প্রশ্ন তুলেছেন তিনি।
রাহুলের অভিযোগ, মহিলাদের সংরক্ষণের বিষয়টিকে সামনে রেখে আসলে ডিলিমিটেশন বা নির্বাচনী কেন্দ্রের সীমানা বদলের কাজ করতে চাইছে কেন্দ্র। এর ফলে বিজেপি নিজেদের সুবিধামতো দেশের নির্বাচনী মানচিত্র বদলাতে পারবে।
'অসম, বিহার ও জম্মু-কাশ্মীরে...'
বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে অসম, বিহার এবং জম্মু-কাশ্মীরের প্রসঙ্গ তুলেছেন রাহুল। তাঁর অভিযোগ, এই রাজ্যগুলিতে আগে নির্বাচনী কেন্দ্রের সীমানা বদল এবং ভোটার তালিকা নিয়ে নানা সমস্যা হয়েছে। পশ্চিমবঙ্গেও ১০০টির বেশি আসন নিয়ে কারচুপির অভিযোগ তুলেছেন তিনি।
রাহুলের দাবি, লোকসভার আসন সংখ্যা ৮৫০ হলে কেন্দ্রের হাতে অনেক বেশি সুযোগ থাকবে। তারা নিজেদের পছন্দমতো নির্বাচনী কেন্দ্রের সীমানা বদলাতে পারবে। এর ফলে বিজেপির বিরোধী দল এবং কিছু বিশেষ সম্প্রদায়ের প্রতিনিধিত্ব কমে যেতে পারে।
প্রসঙ্গত, আগামী ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন শুরু হওয়ার কথা। লোকসভায় ৩ ডিসেম্বর পর্যন্ত অধিবেশন চলবে। এই অধিবেশনেই ডিলিমিটেশন সংক্রান্ত প্রস্তাব নিয়ে আলোচনা হতে পারে। ফলে মহিলা সংরক্ষণ এবং লোকসভার আসন সংখ্যা বাড়ানো নিয়ে শাসক ও বিরোধীদের মধ্যে রাজনৈতিক সংঘাত আরও বাড়তে পারে বলে আশঙ্কা রাজনৈতিক মহলের।