Advertisement

Rahul Gandhi On Rajiv And Sonia Gandhi: 'বাবার কোলে মা বসে থাকত', রাজীব-সনিয়াকে নিয়ে তথ্য 'ফাঁস' রাহুলের, আর কী বললেন?

অনুষ্ঠানে পরিবারের জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়ের কথাও তুলে ধরেন রাহুল। প্রথমে তাঁর ঠাকুমা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ড, তার কয়েক বছর পর বাবা রাজীব গান্ধীর মৃত্যু, পরপর এই দুই ঘটনা তাঁদের পরিবারকে কার্যত ভেঙে দিয়েছিল।

রাহুল গান্ধী ও একসঙ্গে রাজীব-সনিয়া রাহুল গান্ধী ও একসঙ্গে রাজীব-সনিয়া
Aajtak Bangla
  • দিল্লি,
  • 16 Nov 2026,
  • अपडेटेड 10:00 PM IST
  • তবে বইটি প্রকাশের পর থেকেই রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে
  • বিজেপির অভিযোগ, স্মৃতিকথায় জরুরি অবস্থা এবং ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গার প্রসঙ্গকে আড়াল করার চেষ্টা করেছেন সনিয়া গান্ধী

মা সনিয়া গান্ধীর স্মৃতিকথা প্রকাশ অনুষ্ঠানে নিজের পরিবারের একাধিক অজানা মুহূর্তের কথা তুলে ধরলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। জানালেন, ছোটবেলায় তিনি এবং তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধী মাত্র একবারই বাবা-মাকে ঝগড়া করতে দেখেছিলেন। আর সেই ঝগড়ার কারণও ছিল সামান্য।

রাহুল জানান, সেদিন নাকি বাবা রাজীব গান্ধী ফোনে কথা বলছিলেন, আর মা সনিয়া তাঁকে কোনও একটি কথা বোঝানোর চেষ্টা করছিলেন। বারবার বলার পরও রাজীবের কাছ থেকে প্রত্যাশিত সাড়া না পেয়ে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে।

সোমবার নয়াদিল্লিতে সনিয়া গান্ধীর স্মৃতিকথা 'Belonging: A Journey of Love' প্রকাশ অনুষ্ঠানে এই তথ্য সামনে আনেন রাহুল। তাঁর কথায়, রাজীব গান্ধী তখন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের সঙ্গে ফোনে কথা বলছিলেন। সেই সময় সনিয়া তাঁকে কিছু একটা বলার চেষ্টা করছিলেন। তিন-চারবার একই কথা বলার পর রাজীব কিছুটা বিরক্ত হয়ে পড়েন। রাহুলের ভাষায়, 'বাবা চাপে পড়ে গিয়েছিলেন, আর সেটাই ছিল ঝগড়া।'

রাজীব-সনিয়ার সম্পর্ক

রাহুলের কথায়, বাবা-মায়ের সম্পর্কের গভীরতা তিনি সবচেয়ে বেশি বুঝতেন পরিবারের দৈনন্দিন ছোট ছোট মুহূর্তের মধ্যে দিয়ে। একসঙ্গে খাওয়ার সময় রাজীব গান্ধী থাকতেন, আর তাঁর কোলে বসে থাকতেন সনিয়া। ছোটবেলায় এই দৃশ্য তাঁর কাছে এতটাই স্বাভাবিক ছিল যে, অন্য পরিবারেও একই ছবি দেখতে চাইতেন তিনি।

রাহুল জানান, একবার এক বন্ধুকে তিনি অবাক হয়ে প্রশ্ন করেছিলেন, 'তোমার মা তোমার বাবার কোলে বসে নেই কেন?' তাঁর কাছে বাবা-মায়ের এই ঘনিষ্ঠতা ছিল একেবারেই স্বাভাবিক পারিবারিক অভ্যাস। পরবর্তী সময়ে বুঝেছেন, তাঁদের সম্পর্কের মধ্যে এই ভালোবাসা কতটা গভীর ছিল।

ইন্দিরা ও রাজীবের মৃত্যু বদলে দিয়েছিল পরিবারকে

অনুষ্ঠানে পরিবারের জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়ের কথাও তুলে ধরেন রাহুল। প্রথমে তাঁর ঠাকুমা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ড, তার কয়েক বছর পর বাবা রাজীব গান্ধীর মৃত্যু, পরপর এই দুই ঘটনা তাঁদের পরিবারকে কার্যত ভেঙে দিয়েছিল।

Advertisement

রাহুলের কথায়, প্রথমে তাঁরা হারিয়েছিলেন পরিবারের অন্যতম ভরসা ইন্দিরা গান্ধীকে। গুলিতে তাঁর মৃত্যু হয়। এর পর হারাতে হয় আরও বড় ভরসা, বাবা রাজীব গান্ধীকে। ১৯৯১ সালে তামিলনাড়ুর শ্রীপেরুম্বুদুরে নির্বাচনী প্রচারে গিয়ে আত্মঘাতী বিস্ফোরণে মৃত্যু হয় রাজীবের।

বাবার মৃত্যুর পর মায়ের মধ্যে যে পরিবর্তন এসেছিল, তা-ও স্মরণ করেন রাহুল। তাঁর কথায়, সনিয়া যেন রাজীবের সঙ্গেই নিজের জীবনের একটা বড় অংশকে জড়িয়ে রেখেছিলেন। রাজীব চলে যাওয়ার পর সেই জগৎটাই বদলে যায়। রাহুলের ভাষায়, 'আমার বাবা-মা একে অপরের পরিপূরক ছিলেন। আর তার পর আমার বাবা হারিয়ে গেলেন।'

ছোটবেলার সেই হাসিখুশি, প্রাণবন্ত মাকে এরপর আর আগের মতো দেখতে পাননি তিনি। রাহুলের কথায়, রাজীব গান্ধীর মৃত্যুর পর সনিয়া গান্ধীর জীবনের আলো যেন নিভে গিয়েছিল।

কেন স্মৃতিকথা লিখলেন সনিয়া?

নিজের স্মৃতিকথা লেখার কারণও অনুষ্ঠানে ব্যাখ্যা করেন সনিয়া গান্ধী। তাঁর বক্তব্য, দীর্ঘদিন ধরে তাঁর পরিবারকে নিয়ে নানা ধরনের গল্প-গুজবের মধ্যে দিয়ে যেতে হয়েছে। যার অনেক কিছুর সঙ্গে বাস্তবের কোনও মিলই নেই। এমন কিছু কথাও বলা হয়েছে, যা তাঁদের পরিবারকে আঘাত করেছে।

সনিয়ার কথায়, 'আপনাকে ঘিরে নানা গল্প তৈরি করা হয়। অসত্য কথা ছড়ানো হয়। এমন অনেক আঘাতমূলক কথা বলা হয়, যার সঙ্গে সত্যের কোনও সম্পর্ক নেই।' সেই কারণেই নিজের অনুভূতি, পরিবার সম্পর্কে নিজের অভিজ্ঞতা এবং জানা কথাগুলি মানুষের সামনে তুলে ধরতে চেয়েছেন তিনি। আশা, মানুষ তাঁর বক্তব্যও শুনতে আগ্রহী হবেন।

নয়াদিল্লির আইটিসি মৌর্য হোটেলে আয়োজিত অনুষ্ঠানে দুই সন্তান রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর উপস্থিতিতে স্মৃতিকথাটি প্রকাশ করেন সনিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন উপরাষ্ট্রপতি হামিদ আনসারি, প্রাক্তন লোকসভা স্পিকার মীরা কুমার। এছাড়াও ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব।

হার্পারকলিন্স ইন্ডিয়া প্রকাশিত 'Belonging: A Journey of Love' বইটি ১০ নভেম্বর থেকে বাজারে পাওয়া যাচ্ছে। ভারতীয় রাজনীতির কয়েক দশকের পটভূমিতে নিজের জীবন, পরিবার এবং ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন সনিয়া।

তবে বইটি প্রকাশের পর থেকেই রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। বিজেপির অভিযোগ, স্মৃতিকথায় জরুরি অবস্থা এবং ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গার প্রসঙ্গকে আড়াল করার চেষ্টা করেছেন সনিয়া গান্ধী। অন্যদিকে কংগ্রেস নেতাদের দাবি, বইটি সনিয়ার জীবনের এক অকপট ব্যক্তিগত বিবরণ। রাজনীতির বাইরের পারিবারিক জীবন এবং ব্যক্তিগত অনুভূতির কথাও যে এই বইয়ের গুরুত্বপূর্ণ অংশ, রাহুলের স্মৃতিচারণে তা আরও একবার সামনে এল। 

Read more!
Advertisement
Advertisement