
Rahul Gandhi Moves Supreme Court: বিরোধীদের অভিযোগ, ভোটার তালিকার সংশোধন বা SIR-এর নামে ক্ষমতার অপব্যবহার করছে নির্বাচন কমিশন। এই প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী-সহ ‘ইন্ডিয়া’ জোটের ১১ জন নেতা। তাঁদের দাবি, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া, কমিশনের সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি এবং ডিজিটাল তথ্যভান্ডারের নির্ভরযোগ্যতা খতিয়ে দেখা হোক। অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারপতির নেতৃত্বে স্বাধীন তদন্ত কমিটি গঠনের দাবিও জানিয়েছেন তাঁরা। মামলায় কী কী বিষয়ে প্রশ্ন তোলা হয়েছে? ১০ পয়েন্টে জেনে নিন।
মামলায় এই ১০ দাবি তুলেছেন বিরোধীরা
১. জ্ঞানেশ কুমারের ভূমিকা: অন্য দুই নির্বাচন কমিশনারের মতামত না নিয়েই প্রধান নির্বাচন কমিশনার সিদ্ধান্ত নিয়েছেন কি না, তা খতিয়ে দেখার দাবি উঠেছে।
২. SIR-এর অনুমোদন: দেশজুড়ে এই প্রক্রিয়া চালুর সিদ্ধান্ত কী ভাবে নেওয়া হয়েছিল, সেই সংক্রান্ত মূল নথি আদালতে পেশ করার আবেদন করা হয়েছে।
৩. আইনি বৈধতা: নির্বাচন কমিশন কি সংবিধান ও আইন মেনে ক্ষমতা প্রয়োগ করেছে, তা পরীক্ষা করার আর্জি জানানো হয়েছে।
৪. ফর্ম-৬ নিয়ে প্রশ্ন: ভোটার তালিকায় নাম তোলার আবেদনে পরিবর্তনের বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন মামলাকারীরা।
৫. ডিজিটাল তথ্যের পরীক্ষা: ECINET ও ERONET ব্যবস্থার স্বাধীন প্রযুক্তিগত অডিটের দাবি জানানো হয়েছে।
৬. ভোটারদের নাম বাদ: ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রক্রিয়ায় কোনও যোগ্য নাগরিকের অধিকার ক্ষুণ্ণ হয়েছে কি না, তা তদন্তের আবেদন করা হয়েছে।
৭. ফর্ম-৭-এর অপব্যবহার: নাম বাদ দেওয়ার আপত্তি জমা দেওয়ার ক্ষেত্রে জাল তথ্য বা অনিয়ম হয়েছে কি না, তা খতিয়ে দেখতে বলা হয়েছে।
৮. পঞ্জাবের ভোটার তালিকা: খসড়া তালিকায় ভোটারের সংখ্যা কমে যাওয়া এবং নথি চাওয়ার প্রক্রিয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
৯. ইভিএম পরীক্ষা: ইলেকট্রনিক ভোটযন্ত্রের প্রযুক্তি ও পরিচালন পদ্ধতির স্বাধীন পর্যালোচনার দাবি উঠেছে।
১০. স্বাধীন তদন্ত কমিটি: অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারপতির নেতৃত্বে বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গঠনের আবেদন জানানো হয়েছে।
কারা কারা এই মামলা করেছেন?
রাহুল গান্ধী ছাড়াও মামলাকারীদের তালিকায় রয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, তৃণমূলের সৌগত রায়, অখিলেশ যাদব, তেজস্বী যাদব, সঞ্জয় রাউত, এম এ বেবি, ডি রাজা, সুপ্রিয়া সুলে এবং ই টি মহম্মদ বশির।