
এ বছর বর্ষায় স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাতের পূর্বাভাস দিল স্কাইমেট ওয়েদার সংস্থা। তাদের মতে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বৃষ্টি স্বাভাবিকের থেকে কমই হবে। জুন থেকে সেপ্টেম্বর, ৪ মাসে মোট বৃষ্টিপাতের গড় থাকতে পারে ৮৬৮.৬ মিলিমিটার। অর্থাৎ প্রায় ৯৬ শতাংশ। যা স্বাভাবিকের থেকে কম ক্যাটেগরিতেই পড়ছে।
এর আগে ২০২৬ সালের জানুয়ারিতেও স্কাইমেট পূর্বাভাস দিয়েছিল, এবারের বর্ষা কিছুটা দুর্বল হতে পারে। তারা এখনও সেই পূর্বাভাসই বজায় রেখেছে। সংস্থার ম্যানেজিং ডিরেক্টপ যতীন সিং জানিয়েছেন, প্রায় দেড় বছর ধরে চলা 'লা নিনা' পরিস্থিতির পর বর্তমানে প্রশান্ত মহাসাগরে ENSO-Neutral অবস্থা তৈরি হয়েছে। উপকূলবর্তী প্রশান্ত মহাসাগরের বায়ুমণ্ডল ও সমুদ্রের পারস্পরিক প্রভাব এখন আরও শক্তিশালী হয়েছে।
তিনি আরও জানান, বর্ষার শুরুর দিকে El Nino পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা বছরের শেষের দিকে আরও শক্তিশালী হতে পারে। 'এল নিনো'-র প্রত্যাবর্তন সাধারণত দুর্বল বর্ষার ইঙ্গিত দেয়। বিশেষ করে মরশুমের দ্বিতীয়ার্ধে বৃষ্টিপাত বেশি অনিয়মিত ও আবহাওয়া খামখেয়ালি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এছাড়াও Indian Ocean Dipole (IOD) বর্ষার গতিপ্রকৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। যদি শক্তিশালী পজিটিভ IOD তৈরি হয়, তাহলে 'এল নিনো'-র নেতিবাচক প্রভাব কিছুটা কমানো সম্ভব। বর্তমানে IOD নিরপেক্ষ বা সামান্য পজিটিভ অবস্থায় থাকার সম্ভাবনা রয়েছে। যা বর্ষার শুরুটা ভাল করতে সাহায্য করতে পারে।
তবে মরশুমের দ্বিতীয়ার্ধে বর্ষার ধাক্কা খাওয়ার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফলে সার্বিক ভাবে বৃষ্টিপাতের বন্টন অসম হতে পারে। যা কৃষি ও জলসম্পদের উপর প্রভাব ফেলতে পারে।