
হরভজন সিং যোগ দিচ্ছেন বিজেপি-তে। আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডাকে সঙ্গে নিয়ে পদ্ম শিবিরে যোগ দিলেন ভারতের প্রাক্তন তারকা অফস্পিনার। বেশ কিছুদিন ধরেই রাধব চাড্ডার সঙ্গে আম আদমি পার্টির দূরত্ব বাড়ছিল। আশঙ্কা করা হচ্ছিল, তিনি দল ছাড়তে পারেন। তবে তাঁর সঙ্গে যে আরও বেশ কয়েকজন বিজেপিতে যোগ দেবেন তা আন্দাজ করতে পারেননি প্রায় কেউই।
বিজেপিতে হরভজন
পঞ্জাব থেকে রাজ্যসভার সদস্য হয়েছিলেন ভারতের প্রাক্তন স্পিনার। ২০২২ সালে তিনি রাজ্যসভার সাংসদ হন। সেই সময় আম আদমি পার্টি তাঁকে টিকিট দিয়েছিল। তিনি বিজেপিতে যোগ দেওয়ায়, পাল্টা আক্রমণ করেছে আম আদমি পার্টি। দলের নেতা সঞ্জীব পাঠক বলেন, 'পঞ্জাব এদের ভালবাসা দিয়েছিল। কিন্তু তাঁরা বিশ্বাসঘাতকতা করেছেন। পঞ্জাবের সঙ্গে এরা গদ্দারি করেছে।'
শুক্রবার দুপুরে সন্দীপ পাঠক ও অশোক মিত্তালের সঙ্গে এক সংবাদিক সম্মেলন করেন রাঘব চাড্ডা। তিনি বলেন, 'আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, রাজ্যসভায় আম আদমি পার্টির দুই-তৃতীয়াংশ সদস্য হিসেবে আমরা ভারতের সংবিধানের বিধান প্রয়োগ করে বিজেপির সঙ্গে যুক্ত হব।' নিজের সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে চাড্ডা বলেন, যে দলটিকে তিনি 'রক্ত-ঘাম ঝরিয়ে' গড়ে তুলেছেন, সেটি তার প্রতিষ্ঠাকালীন নীতি থেকে বিচ্যুত হয়েছে।
'যে আপ-কে আমি আমার রক্ত-ঘাম দিয়ে লালন করেছি এবং আমার যৌবনের ১৫টি বছর দিয়েছি, সেটি তার নীতি, মূল্যবোধ এবং মূল নৈতিকতা থেকে বিচ্যুত হয়েছে। এখন এই দলটি দেশের স্বার্থে নয়, বরং নিজেদের ব্যক্তিগত লাভের জন্য কাজ করে... বিগত কয়েক বছর ধরে আমি অনুভব করতে পারছিলাম যে আমি ভুল দলে সঠিক মানুষ হিসেবে আছি। তাই, আজ আমি ঘোষণা করছি যে আমি আপ থেকে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছি এবং জনগণের কাছাকাছি আসছি।' চাড্ডা বলেন।
একটি গুরুত্বপূর্ণ সংসদীয় পদ থেকে চাড্ডাকে অপসারণের পর এএপি-র অভ্যন্তরে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই এই ঘোষণাটি আসে, যা সাম্প্রতিক বছরগুলোতে এএপি-র নেতৃত্বে অন্যতম উল্লেখযোগ্য অভ্যন্তরীণ ভাঙন হিসেবে চিহ্নিত হয়েছে।