Advertisement

Ayodhya Ram Mandir Trust এর নতুন CEO, চাঁদা চুরি বিতর্কের পর হর্তাকর্তা কে হলেন?

ভারতীয় বায়ুসেনার অবসরপ্রাপ্ত শীর্ষ আধিকারিক জিতেন্দ্র মিশ্র। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ৩০ এপ্রিল পর্যন্ত তিনি ওয়েস্টার্ন এয়ার কমান্ডের এয়ার অফিসার কমান্ডিং-ইন-চিফ ছিলেন।

রাম মন্দিরের সিইও হলেন জিতেন্দ্র মিশ্ররাম মন্দিরের সিইও হলেন জিতেন্দ্র মিশ্র
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 02 Sep 2026,
  • अपडेटेड 6:48 PM IST
  • রাম মন্দিরের নতুন সিইও জিতেন্দ্র মিশ্র।
  • ভারতীয় বায়ুসেনার শীর্ষ কর্তা ছিলেন।

শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের প্রথম সিইও হলেন অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র। রামমন্দিরের প্রশাসনিক, আর্থিক এবং আইনি ম্যানেজমেন্ট সামলাবেন। অযোধ্যার রাম মন্দিরে চাঁদার টাকা চুরি নিয়ে বিতর্কের পর ট্রাস্টের কাজকর্মকে আরও পেশাদার এবং স্বচ্ছ করে তোলার ক্ষেত্রে এই সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

সিইও পদে নিয়োগের জন্য ট্রাস্টের কাছে ৫,৫০০-রও বেশি আবেদন জমা পড়েছিল। তিন সদস্যের সার্চ কমিটি আবেদনগুলি খতিয়ে দেখার পর তিন জনের নামের একটি প্যানেল ট্রাস্টের কাছে পাঠায়। সেই প্যানেল থেকেই জিতেন্দ্র মিশ্রকে বেছে নেওয়া হয়েছে।

নতুন সিইও কে?

এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র ভারতীয় বায়ুসেনার অবসরপ্রাপ্ত শীর্ষ আধিকারিক। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ৩০ এপ্রিল পর্যন্ত তিনি ওয়েস্টার্ন এয়ার কমান্ডের এয়ার অফিসার কমান্ডিং-ইন-চিফ পদে দায়িত্ব সামলেছেন। উত্তরপ্রদেশের দেওরিয়া জেলার ভাটপার রানি থানার ভোপতপুরা গ্রামের বাসিন্দা জিতেন্দ্র। ১৯৮৬ সালের ৬ ডিসেম্বর ফাইটার পাইলট হিসাবে বায়ুসেনায় নিয়োগ পান। তাঁর ৩,০০০ ঘণ্টারও বেশি উড়ানের অভিজ্ঞতা রয়েছে। ফাইটার কমব্যাট লিডার এবং এক্সপেরিমেন্টাল টেস্ট পাইলট হিসাবেও কাজ করেছেন।

শিক্ষাগত যোগ্যতা

ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি (পুণে), এয়ার ফোর্স টেস্ট পাইলটস স্কুল (বেঙ্গালুরু), আমেরিকার এয়ার কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ এবং ব্রিটেনের রয়্যাল কলেজ অফ ডিফেন্স স্টাডিজের প্রাক্তন ছাত্র জিতেন্দ্র মিশ্র। 

কেরিয়ার

কেরিয়ারে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। এর মধ্যে রয়েছে ডেপুটি চিফ অফ ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ (অপারেশন), এয়ারক্রাফ্ট অ্যান্ড সিস্টেমস টেস্টিং এস্টাব্লিশমেন্টের (এএসটিই) কমান্ড্যান্ট, দু’টি ফ্রন্টলাইন এয়ারবেসের এয়ার অফিসার কমান্ডিং, ফাইটার স্কোয়াড্রনের কমান্ডিং অফিসার এবং চিফ টেস্ট পাইলট।

সামরিক ক্ষেত্রে অবদানের জন্য তাঁকে সম্মানিত করা হয়েছে সর্বোত্তম যুদ্ধ সেবা মেডেল (SYSM), অতি বিশিষ্ট সেবা মেডেল (AVSM) এবং বিশিষ্ট সেবা মেডেলে (VSM)।

অপারেশন সিঁদুরে কী ভূমিকা?

অপারেশন সিঁদুরের সময় ওয়েস্টার্ন এয়ার কমান্ডের প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন জিতেন্দ্র মিশ্র। সেই সময় ৩১৪ কিলোমিটার দূর থেকে পাকিস্তানের একটি এয়ারবর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম (AEW&C) ধ্বংস করার জন্য এস-৪০০ ব্যবহারের অনুমতি দেওয়ার কথা নিজেই জানিয়েছিলেন।

Advertisement

রামমন্দিরের সিইও হিসাবে কী দায়িত্ব?

রামমন্দিরের সিইও হিসাবে জিতেন্দ্র মিশ্রের দায়িত্বের পরিধি অনেকটা বড়। মন্দিরের দৈনন্দিন কাজকর্ম, কোষাগার, নিরাপত্তা ব্যবস্থা, দর্শনার্থী বা ভক্তদের সুবিধা এবং আইনি বিষয়গুলি দেখভাল করতে হবে তাঁকে। ট্রাস্টের তরফে জানানো হয়েছে, সিইও সরাসরি ট্রাস্টের অধীনেই কাজ করবেন। ভক্তদের আস্থা বজায় রাখা এবং মন্দিরের প্রশাসনিক ব্যবস্থাকে আরও কার্যকর ও স্বচ্ছ করে তোলাই তাঁর প্রধান দায়িত্ব। এয়ার মার্শাল মিশ্রের দীর্ঘ সামরিক জীবনের শৃঙ্খলা এবং প্রশাসনিক অভিজ্ঞতা রামমন্দির ট্রাস্টের কাজকর্মকে আরও সুসংগঠিত করতে সাহায্য করবে বলেই মনে করা হচ্ছে।
 

Read more!
Advertisement
Advertisement