Advertisement

Sahitya Aajtak Chetan Bhagat : রিলস দেখে সময় নষ্ট নয়, বিছানার পাশে রাখুন বই! দিনে ৫ পাতার পরামর্শ চেতন ভগতের

উত্তরে চেতন বলেন, আগেও মানুষকে বই পড়তে উৎসাহিত করা সহজ ছিল না। তবে এখন সেই চ্যালেঞ্জ অনেক বেশি। আগে টেলিভিশন ও সিনেমার মতো বিনোদনের মাধ্যম ছিল। কিন্তু বর্তমানে রিলস মানুষের মনোযোগকে আরও দ্রুত অন্যদিকে সরিয়ে দিচ্ছে।

চেতন ভগত চেতন ভগত
Aajtak Bangla
  • দিল্লি,
  • 28 Nov 2026,
  • अपडेटेड 9:44 PM IST
  • তাঁকে প্রশ্ন করা হয়, লেখালেখির শুরুতে তাঁর গল্পের মূল বিষয় ছিল কলেজ জীবন, তরুণ প্রজন্ম এবং সম্পর্ক
  • এখন নতুন কোনও বই লিখতে হলে গবেষণা ও লেখার পদ্ধতিতে কতটা পরিবর্তন আনতে হবে?

রিলসের দুনিয়ায় ক্রমশ কমছে মানুষের মনোযোগ। কয়েক সেকেন্ডের ভিডিওতেই আটকে থাকছে দর্শকদের আগ্রহ। অন্যদিকে, বই পড়ার অভ্যাসও ক্রমশ কমছে নতুন প্রজন্মের মধ্যে। এই পরিস্থিতিতে লেখকদের সামনে বড় চ্যালেঞ্জ হল, কীভাবে পাঠকদের আবার বইমুখী করা যায়। আর সেই জন্যই রিলসের সঙ্গে বই পড়ার তুলনা টানলেন জনপ্রিয় লেখক, কলামনিস্ট ও ইউটিউবার চেতন ভগত। তাঁর কথায়, রিলস অনেকটা জাঙ্ক ফুডের মতো। খেতে বা দেখতে ভালো লাগলেও অতিরিক্ত ব্যবহার শরীর ও মনের জন্য ভালো নয়। বরং প্রতিদিন অন্তত পাঁচ পাতা বই পড়ার অভ্যাস তৈরি করা উচিত।

সাহিত্য আজ তক ২০২৬-এর বিশেষ অধিবেশন 'নভেল আইডিয়াজ সে AI অ্যালগরিদম তক'-এ অংশ নিয়ে সোশ্যাল মিডিয়া, রিলসের জনপ্রিয়তা, বই পড়ার অভ্যাস এবং কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে লেখালেখির পরিবর্তিত চ্যালেঞ্জ নিয়ে খোলামেলা আলোচনা করেন চেতন ভগত। পাশাপাশি সংবাদমাধ্যমের ভূমিকা, দর্শকদের পছন্দ এবং তরুণ প্রজন্মের মধ্যে চাকরি ও ভবিষ্যৎ নিয়ে বাড়তে থাকা উদ্বেগের কথাও উঠে আসে তাঁর আলোচনায়।

রিলস দেখা আর রিলস তৈরি করা এক নয়, ব্যাখ্যা চেতন ভগতের

একসময় তরুণ প্রজন্মকে রিলস কম দেখার পরামর্শ দিয়েছিলেন চেতন ভগত। অথচ এখন তাঁকেই ইনস্টাগ্রামে নিয়মিত রিলস তৈরি করতে এবং নাচতে দেখা যায়। এই প্রসঙ্গ উঠতেই নিজের অবস্থান ব্যাখ্যা করেন লেখক। তাঁর কথায়, রিলস দেখা এবং রিলস তৈরি করার মধ্যে পার্থক্য রয়েছে। একজন কনটেন্ট ক্রিয়েটর এবং ক্রিয়েটর ইকোনমি এক বিষয় নয়।

চেতন জানান, নতুন প্রজন্মের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে চান তিনি। একইসঙ্গে চান, তরুণরা যেন বইও পড়ে। সেই কারণেই তাঁকে ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সক্রিয় থাকতে হয়।

নিজের রিলসের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, মোটিভেশন বা ভালো কোনও কথা নিয়ে ভিডিও তৈরি করলে প্রায় ২০ হাজার ভিউ পাওয়া যায়। অথচ কোনও গানের সঙ্গে নাচের রিলস পোস্ট করলেই তা লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যায়। কোন ধরনের কনটেন্ট বেশি জনপ্রিয় হবে, তা অনেক সময় তাঁর কাছেও স্পষ্ট নয় বলে মজার ছলে জানান চেতন।

Advertisement

৫২ বছর বয়সেও ফিটনেসে জোর, কেন রিলস বানান লেখক?

নিজের ফিটনেস রিলস নিয়েও কথা বলেন চেতন ভগত। তাঁর বক্তব্য, ৫২ বছর বয়সেও শরীর সুস্থ ও ফিট রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের যত্ন নেওয়ার প্রয়োজন আরও বেড়ে যায়। কম বয়সে শরীর অনেক কিছু সহজে সহ্য করতে পারে, কিন্তু বয়স বাড়লে ফিটনেসের বিষয়ে সচেতন হওয়া জরুরি।

নিজের এই অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নিতেই ফিটনেস সংক্রান্ত ভিডিও তৈরি করেন তিনি। তবে তাঁর মতে, বর্তমান সময়ে ভালো ও প্রয়োজনীয় কথার তুলনায় বিনোদনমূলক বা চটকদার বিষয় অনেক বেশি দর্শক টানছে।

এর প্রভাব পড়ছে সংবাদমাধ্যমের উপরেও। কোনও চাঞ্চল্যকর খবর সহজেই বেশি দর্শক পায়। কিন্তু রাস্তার সমস্যা, পরিকাঠামো বা উন্নয়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন একই রকম দর্শক টানতে পারে না। চেতন ভগতের কথায়, দর্শকরাই আসলে রাজা। তাঁদের পছন্দের উপর নির্ভর করেই অনেক ক্ষেত্রে সংবাদমাধ্যমের কনটেন্টের ধরন বদলে যাচ্ছে। তবে প্রশ্ন হল, লেখক ও সাংবাদিকদের কাছ থেকেও কি এখন শুধুই বিনোদন প্রত্যাশা করছেন দর্শকরা?

AI-এর যুগে বই লেখা আরও কঠিন, বললেন চেতন

কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-এর বাড়তে থাকা প্রভাব নিয়েও আলোচনা হয় এই অধিবেশনে। লেখালেখির জগতে নতুন প্রযুক্তির ব্যবহার এবং লেখকদের সামনে তৈরি হওয়া চ্যালেঞ্জ নিয়ে নিজের মতামত জানান চেতন।

তাঁকে প্রশ্ন করা হয়, লেখালেখির শুরুতে তাঁর গল্পের মূল বিষয় ছিল কলেজ জীবন, তরুণ প্রজন্ম এবং সম্পর্ক। এখন নতুন কোনও বই লিখতে হলে গবেষণা ও লেখার পদ্ধতিতে কতটা পরিবর্তন আনতে হবে? মানুষের অভিজ্ঞতা ও গল্পের উপর নির্ভর করবেন, নাকি AI-এর সাহায্য নেবেন?

উত্তরে চেতন বলেন, আগেও মানুষকে বই পড়তে উৎসাহিত করা সহজ ছিল না। তবে এখন সেই চ্যালেঞ্জ অনেক বেশি। আগে টেলিভিশন ও সিনেমার মতো বিনোদনের মাধ্যম ছিল। কিন্তু বর্তমানে রিলস মানুষের মনোযোগকে আরও দ্রুত অন্যদিকে সরিয়ে দিচ্ছে।

তাঁর মতে, একটি রিল দেখার ক্ষেত্রে মানুষের গড় মনোযোগের সময় প্রায় চার সেকেন্ডে নেমে এসেছে। ফলে দীর্ঘ সময় ধরে কোনও একটি বিষয় পড়ার বা বোঝার অভ্যাস তৈরি করা কঠিন হয়ে পড়ছে। অথচ বই পড়তে গেলে দীর্ঘক্ষণ মনোযোগ ধরে রাখা প্রয়োজন।

এই পরিস্থিতিতে লেখকদের প্রথম কাজ হল এমন বই লেখা, যা পড়তে পাঠকের বেশি পরিশ্রম করতে হবে না। চেতন ভগতের কথায়, বইয়ের ভাষা হওয়া উচিত মাখনের মতো সহজ। যাতে পাঠক কোনও রকম চাপ ছাড়াই গল্পের সঙ্গে এগিয়ে যেতে পারেন।

চাকরি ও AI নিয়ে বাড়ছে তরুণদের উদ্বেগ

বর্তমান প্রজন্মের সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন চেতন ভগত। তাঁর মতে, তরুণদের মধ্যে চাকরি ও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে। আগে চাকরি পাওয়া সহজ ছিল না, এখনও নয়। তবে বদলে যাওয়া অর্থনৈতিক পরিস্থিতি এবং AI-এর মতো নতুন প্রযুক্তি কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।

চেতনের মতে, এখনকার লেখকদের সমাজের এই পরিবর্তনগুলি বুঝতে হবে। তরুণদের উদ্বেগ, তাঁদের সমস্যা, চাকরির অনিশ্চয়তা এবং ভবিষ্যৎ নিয়ে মনের মধ্যে তৈরি হওয়া প্রশ্নগুলি গল্পে উঠে আসা প্রয়োজন। এমন গল্প লিখতে হবে, যা শুধু সমস্যার কথা বলবে না, বরং পাঠকদের মনে কিছুটা আশাও জোগাবে।

বিছানার পাশে রাখুন বই, রোজ পড়ুন মাত্র পাঁচ পাতা

বই পড়ার অভ্যাস কীভাবে তৈরি করা যায়, তার সহজ উপায়ও বাতলে দিয়েছেন চেতন ভগত। রিলসের সঙ্গে জাঙ্ক ফুডের তুলনা করে তিনি বলেন, চিপস খেতে ভালো লাগে, সহজেই খাওয়া যায়। কিন্তু কেউ যদি প্রতিদিন শুধু চিপস খেয়েই বেঁচে থাকতে চান, তা হলে সুস্থ থাকা সম্ভব নয়। রিলসের ক্ষেত্রেও বিষয়টি একই রকম। দেখতে ভালো লাগলেও অতিরিক্ত রিলস দেখা মস্তিষ্কের জন্য উপকারী অভ্যাস নয়।

Advertisement

অন্যদিকে, বই পড়তে কিছুটা সময় ও মনোযোগ দিতে হয়। কিন্তু নিয়মিত পড়ার অভ্যাস মস্তিষ্কের বিকাশ, একাগ্রতা এবং সৃজনশীল চিন্তাভাবনার ক্ষেত্রে সাহায্য করে।

নিজের বক্তব্য বোঝাতে চিকিৎসকের উদাহরণও দেন চেতন। তিনি বলেন, কোনও চিকিৎসককে যদি খুব ভালো বলে পরিচয় করিয়ে দেওয়া হয়, কিন্তু তিনি জীবনে কোনও মেডিক্যাল বই না পড়ে শুধু চিকিৎসা সংক্রান্ত ভিডিও দেখে থাকেন, তা হলে তাঁর কাছে কি কেউ চিকিৎসা করাতে চাইবেন? এই উদাহরণের মাধ্যমে বই পড়ে অর্জিত জ্ঞান ও গভীর বোঝাপড়ার গুরুত্ব তুলে ধরেন তিনি।

তরুণ প্রজন্মকে তাঁর পরামর্শ, বিছানার পাশে একটি বই রাখুন। প্রতিদিন মাত্র পাঁচ পাতা পড়ার অভ্যাস তৈরি করুন। হিসেব করে দেখালে, দিনে পাঁচ পাতা পড়লে এক মাসে প্রায় ১৫০ পাতা পড়া হয়ে যায়। দু'মাসে একটি বই শেষ করা সম্ভব। আর এভাবে নিয়মিত পড়লে বছরে অন্তত ছ'টি বই পড়ে ফেলা যায়।

ডিজিটাল বিনোদনের এই সময়ে বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনতে চেতনের এই পাঁচ পাতার পরামর্শ কতটা কার্যকর হয়, সেটাই এখন দেখার।

Read more!
Advertisement
Advertisement