
জেন জি-দের প্রতি তাঁর আস্থা আছে। দেশের শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য ছাত্র-ছাত্রীদের প্রতিবাদ করার অধিকার আছে। আর তা খর্ব করা উচিতও নয়। বললেন RSS প্রধান মোহন ভাগবত। বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ভাগবত বলেন, 'জেন জি-দের আমি বিশ্বাস করি। সম্প্রতি পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষের সমস্ত তথ্য আমার কাছে নেই। তবুও আমি তরুণ প্রজন্মের উদ্দেশ্য ও সততার উপর আস্থা রাখি।'
প্রতিবাদ প্রসঙ্গে আরএসএস প্রধান বলেন, গণতন্ত্রে প্রতিবাদ সংলাপের অন্যতম মাধ্যম। তাঁর কথায়, 'আলোচনার মাধ্যমে ঐকমত্যে পৌঁছনোই গণতন্ত্রের পথ। মানুষের অভিযোগ বাস্তব। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় অনেক উন্নতির প্রয়োজন। তাই সংলাপ জরুরি।'
ভাগবতের মতে, আগের প্রজন্ম সাধারণত কর্তৃপক্ষকে প্রশ্ন করত না। কিন্তু জেন জি এবং জেন আলফা যুক্তি দিয়ে প্রশ্ন করতে চায় এবং ভালোবাসার সঙ্গে তার উত্তরও চায়। বলেন, 'আমরা আগে কর্তৃপক্ষকে প্রশ্ন করতাম না। কিন্তু জেন জি ও জেন আলফা প্রশ্ন করে এবং যুক্তিসঙ্গত উত্তর চায়। আমি কখনও বলব না যে জেন জি-দের প্রতিবাদ করা উচিত নয়। তবে গণতন্ত্রে সেই প্রতিবাদের একটি সঠিক পথ থাকা দরকার। যুবসমাজ যদি চিৎকার করে, তাহলে বুঝতে হবে তারা বিরোধিতা করার জন্য নয়, উন্নতির জন্যই তা করছে।'
'প্রতিবাদকারীদের দেশবিরোধী তকমা দেওয়ার বিরোধিতা'
যুবসমাজকে প্রশ্ন তোলার জন্য দেশবিরোধী বলে দাগিয়ে দেওয়ার প্রবণতারও বিরোধিতা করেন মোহন ভাগবত। তিনি বলেন, 'সহানুভূতি ও বোঝাপড়ার মনোভাব থাকা দরকার। আজকের প্রজন্মই সবচেয়ে সৎ প্রজন্ম। তাদের কথা শুনতে হবে এবং তাদের মনে করাতে হবে যে তাদের কথা শোনা হচ্ছে।'
বিক্ষোভে টিয়ার গ্যাস ও পেলেট গান ব্যবহারের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, তাঁর কাছে ঘটনাগুলির সত্যতা যাচাই করা তথ্য নেই। তবে এই ব্যাপারে তিনি তরুণ প্রজন্মকেই বিশ্বাস করবেন। তবে প্রমাণ ছাড়া কথা বলতে চান না। তাঁর আরও সংযোজন, 'মানুষ রাস্তায় নামলেই কোনও আন্দোলন দেশবিরোধী হয়ে যায় না।'