Advertisement

Himanta Biswa Sarma: ভূপেন হাজারিকার গান অনুপ্রেরণা জোগায়, তরুণদের নতুন উদ্যম দেয় জুবিনের সঙ্গীত, সাহিত্য আজতক-এ বললেন হিমন্ত

হিমন্ত বিশ্ব শর্মার দাবি, ভূপেন হাজারিকা অসমের বাসিন্দা হলেও তাঁর ভাবনা ছিল বিশ্বজনীন। ব্রহ্মপুত্রের তীর থেকে তাঁর সৃষ্টির যাত্রা শুরু হয়েছিল। কিন্তু তাঁর গানের বার্তা পৌঁছে গিয়েছিল গঙ্গা থেকে মিসিসিপি পর্যন্ত। তাঁর প্রতিটি গানের পিছনে নির্দিষ্ট প্রেক্ষাপট ও উদ্দেশ্য ছিল। শুধুমাত্র জনপ্রিয়তার জন্য তিনি গান লেখেননি।

সাহিত্য আজতকে উপস্থিত হিমন্ত বিশ্ব শর্মা (ছবি: আইটিজি)সাহিত্য আজতকে উপস্থিত হিমন্ত বিশ্ব শর্মা (ছবি: আইটিজি)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 28 Nov 2026,
  • अपडेटेड 2:16 PM IST
  • ভূপেন হাজারিকা অসমের বাসিন্দা হলেও তাঁর ভাবনা ছিল বিশ্বজনীন
  • ব্রহ্মপুত্রের তীর থেকে তাঁর সৃষ্টির যাত্রা শুরু হয়েছিল
  • কিন্তু তাঁর গানের বার্তা পৌঁছে গিয়েছিল গঙ্গা থেকে মিসিসিপি পর্যন্ত

সাহিত্য আজতক ২০২৬-এ বক্তব্য রাখলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অনুষ্ঠানে তিনি কিংবদন্তি গায়ক ও সুরকার ড. ভূপেন হাজারিকা এবং জুবিন গর্গের অবদানের কথা স্মরণ করেন। তাঁর মতে, ভূপেন হাজারিকার গান আজও মানুষকে অনুপ্রাণিত করে। কাজের প্রতি উৎসাহ জোগায়। অন্যদিকে, জুবিনের গান তরুণদের উৎসাহ জোগায়। তাঁদের মধ্যে নতুন উদ্যম তৈরি করে।

হিমন্ত বিশ্ব শর্মার দাবি, ভূপেন হাজারিকা অসমের বাসিন্দা হলেও তাঁর ভাবনা ছিল বিশ্বজনীন। ব্রহ্মপুত্রের তীর থেকে তাঁর সৃষ্টির যাত্রা শুরু হয়েছিল। কিন্তু তাঁর গানের বার্তা পৌঁছে গিয়েছিল গঙ্গা থেকে মিসিসিপি পর্যন্ত। তাঁর প্রতিটি গানের পিছনে নির্দিষ্ট প্রেক্ষাপট ও উদ্দেশ্য ছিল। শুধুমাত্র জনপ্রিয়তার জন্য তিনি গান লেখেননি। সমাজ ও মানবতাই ছিল তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলিকেই গানের মাধ্যমে তুলে ধরতেন তিনি।

হিমন্তের মতে, জ্যোতি প্রসাদ আগরওয়াল এবং বিষ্ণু প্রসাদ রাভার মতো শিল্পীদের সঙ্গীত মূলত অসমের মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু সেই গণ্ডি ভেঙে দিয়েছিলেন ভূপেন হাজারিকা। নিজের অসমিয়া গান হিন্দিতেও রূপান্তর করেছিলেন তিনি। অসমের মাটি ও সংস্কৃতির পরিচয় পৌঁছে দিয়েছিলেন গোটা দেশে।

মুখ্যমন্ত্রী আরও জানান, সম্প্রতি মুম্বইতে গায়িকা কবিতা কৃষ্ণমূর্তি তাঁকে জানিয়েছিলেন, ভূপেন হাজারিকা তাঁকে একটি গান শিখিয়েছিলেন।

'ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় ভূপেন হাজারিকার সঙ্গে সফর'

অনুষ্ঠানে নিজের ছোটবেলার স্মৃতিও তুলে ধরেন হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানান, অসম আন্দোলনের সময় তিনি ষষ্ঠ শ্রেণিতে পড়তেন। সেই সময় ভূপেন হাজারিকার সঙ্গে গুয়াহাটি থেকে ডিফু পর্যন্ত আট ঘণ্টার সফর করেছিলেন তিনি।

নির্বাচন বয়কটের আবেদন জানাতে ভূপেন হাজারিকা ডিফুতে গিয়েছিলেন বলে জানান হিমন্ত। তাঁর দাবি, এর পর ডিফুর সব প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেন। ফলে সেখানে নির্বাচন হয়নি।

ভূপেন হাজারিকার জন্মশতবর্ষে প্রধানমন্ত্রী মোদীর দুই ঘণ্টা

ভূপেন হাজারিকার শততম জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানাতে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছিলেন বলে জানান হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানান, প্রধানমন্ত্রী সহজেই এই অনুষ্ঠানে যোগ দিতে সম্মতি জানিয়েছিলেন। এমনকী, সেখানে দুই ঘণ্টা সময় দেওয়ার কথাও জানিয়েছিলেন। ভূপেন হাজারিকার প্রভাব ও জনপ্রিয়তার উদাহরণ হিসেবেই এই ঘটনার কথা উল্লেখ করেন অসমের মুখ্যমন্ত্রী।

Advertisement

জুবিন গর্গেরও প্রশংসা করেন হিমন্ত। তাঁর মতে, তরুণ প্রজন্মের কাছে জুবিনের বিশেষ আবেদন রয়েছে। তাঁর গান তরুণদের মনে করিয়ে দেয়, তাঁরা এখনও তরুণ এবং জীবনে অনেক কিছু অর্জন করার সুযোগ রয়েছে।

শেষে মুখ্যমন্ত্রী জানান, অনুপ্রেরণা পেতে তিনি ভূপেন হাজারিকার গান শোনেন। আর নতুন উদ্যম ফিরে পেতে শোনেন জুবিন গর্গের গান।

 

Read more!
Advertisement
Advertisement