
Sheshnag Lake Controversy: কাশ্মীরের বিখ্যাত শেষনাগ হ্রদ ঘিরে বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিয়ো। সেখানে দেখা যাচ্ছে, হ্রদের কাছে মাটি কাটছে JCB। কোথাও আবার মাটি সরিয়ে ফেলা হচ্ছে। এই ভিডিয়ো নিয়ে রীতিমতো ক্ষোভ ছড়িয়েছে কাশ্মীরে। প্রশ্ন উঠছে, এত সুন্দর প্রাকৃতিক জায়গায় কেন ভারী যন্ত্র দিয়ে কাজ চলছে?
শেষনাগ হ্রদ অমরনাথ যাত্রার পথে পড়ে। প্রতি বছর হাজার হাজার পুণ্যার্থী এই পথ দিয়ে অমরনাথ গুহায় যান। তাই এই হ্রদের ধর্মীয় গুরুত্বও অনেক। তবে শুধু ধর্মীয় কারণেই নয়, পরিবেশের দিক থেকেও এই হ্রদ খুব গুরুত্বপূর্ণ।
শেষনাগ হ্রদ কোথায়?
জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলায় রয়েছে এই হ্রদ। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১১,৭৮০ ফুট উঁচুতে এর অবস্থান। পহেলগাঁও থেকে চন্দনওয়ারি হয়ে পায়ে হেঁটে এখানে পৌঁছতে হয়। হ্রদ থেকে অমরনাথ গুহার দূরত্ব প্রায় ১৮ কিলোমিটার।
বরফ গলা জল থেকেই এই হ্রদের সৃষ্টি। বছরের বেশির ভাগ সময় বরফে ঢাকা থাকে এই এলাকা। চারদিকে রয়েছে উঁচু পাহাড় ও হিমবাহ। এই হ্রদ থেকে বেরিয়ে আসা জল লিদ্দার নদীতে মেশে। ফলে এই এলাকার জল বহু মানুষের কাজে লাগে।
শেষনাগ হ্রদ নিয়ে বিতর্ক কেন?
শেষনাগ শুধু একটি সাধারণ হ্রদ নয়। এটি হিমবাহের বরফ গলা জলে তৈরি হয়েছে। এমন হ্রদকে গ্লেসিয়াল লেক বলা হয়।
জম্মু-কাশ্মীরের ১৪টি বিপজ্জনক গ্লেসিয়াল লেকের তালিকায় রয়েছে শেষনাগ। এই ধরনের হ্রদে বিপদ তৈরি হতে পারে। বরফ গলা জল জমে হ্রদের জলস্তর বেড়ে গেলে বাঁধ ভেঙে যেতে পারে। তখন একসঙ্গে প্রচুর জল নীচের দিকে নেমে আসে। একে বলা হয় গ্লেসিয়াল লেক আউটবার্স্ট ফ্লাড বা GLOF।
এমন ঘটনা ঘটলে পাহাড়ের নীচের গ্রাম, রাস্তা এবং বাড়িঘর ভেসে যেতে পারে। পহেলগাঁও এবং লিদ্দার নদীর আশপাশের এলাকাও বিপদে পড়তে পারে।
পরিবেশবিদদের আশঙ্কা, এই এলাকায় বড় যন্ত্র দিয়ে মাটি কাটলে পাহাড়ের মাটি ও পাথরের স্বাভাবিক অবস্থা নষ্ট হতে পারে। এতে বিপদ আরও বাড়তে পারে।
খননকাজ চলছে কেন?
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়ো থেকেই এই বিতর্কের শুরু। ভিডিয়োয় দেখা যায়, বড় খননযন্ত্র দিয়ে হ্রদের কাছে মাটি কাটা হচ্ছে। সেই মাটি হ্রদের পাড়ে ফেলা হচ্ছে বলেও দেখা যায়।
কাজের দায়িত্বে রয়েছে বর্ডার রোডস অর্গানাইজেশন বা BRO। সংস্থাটি জানিয়েছে, অমরনাথ যাত্রা শেষ হওয়ার পর রাস্তা মেরামত ও চওড়া করার কাজ চলছে। পুরনো পথের বিপজ্জনক অংশগুলি আরও মজবুত করা হচ্ছে। এর ফলে যাত্রার সময় ভিড় কমবে। পুণ্যার্থীদের চলাচলও নিরাপদ হবে।
রাজনৈতিক নেতারা কী বলছেন?
এই ঘটনা নিয়ে সরব হয়েছেন কাশ্মীরের একাধিক রাজনৈতিক নেতা। প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি জানিয়েছেন, মঙ্গলবার তাঁকে শেষনাগের দিকে যেতে বাধা দিয়েছে পুলিশ। তাঁর আশঙ্কা, এই কাজের ফলে ভবিষ্যতে বড় বিপদ তৈরি হতে পারে।
পিডিপি নেতা মহিত ভান বলেছেন, শেষনাগ হিন্দু ধর্মের কাছে পবিত্র জায়গা। ধর্মের নামে এই জায়গার প্রাকৃতিক পরিবেশ নষ্ট করা উচিত নয়।
কংগ্রেস নেতা পবন খেরাও এই কাজের সমালোচনা করেছেন। তাঁর বক্তব্য, শেষনাগ শুধু একটি পবিত্র হ্রদ নয়। এটি হিন্দু ও মুসলিম, দুই সম্প্রদায়ের কাছেই গুরুত্বপূর্ণ। তাই এই জায়গা রক্ষা করা দরকার।
সিপিএম নেতা এম ওয়াই তারিগামিও উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর দাবি, এই এলাকায় ভারী যন্ত্র দিয়ে মাটি কাটলে বড় বিপদ হতে পারে। তাই বিশেষজ্ঞদের দিয়ে গোটা এলাকা পরীক্ষা করানো উচিত।