Advertisement

Sonepur Fair 2026: গঙ্গার ধারে এশিয়ার বৃহত্তম পশু মেলা! সোনপুরে হাতি কিনতেন চন্দ্রগুপ্ত মৌর্য্যও

নভেম্বরের হালকা শীত। নদীর ধারে কুয়াশার চাদর। দূর থেকে ভেসে আসছে মানুষের কোলাহল, পশুর ডাক আর লোকগানের সুর। বিহারের সোনপুর তখন এক অন্য জগৎ।

গত কয়েক শতাব্দী ধরে ইতিহাস, ধর্ম, গ্রামীণ অর্থনীতি আর লোকসংস্কৃতির এক আশ্চর্য মিলনক্ষেত্র এই মেলা।গত কয়েক শতাব্দী ধরে ইতিহাস, ধর্ম, গ্রামীণ অর্থনীতি আর লোকসংস্কৃতির এক আশ্চর্য মিলনক্ষেত্র এই মেলা।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Nov 2026,
  • अपडेटेड 10:07 PM IST
  • গঙ্গা ও গণ্ডক নদীর সঙ্গমস্থলে বসে এশিয়ার অন্যতম বৃহত্তম পশুমেলা।
  • অর্থনীতি আর লোকসংস্কৃতির এক আশ্চর্য মিলনক্ষেত্র এই মেলা।

Sonepur Mela 2026: নভেম্বরের হালকা শীত। নদীর ধারে কুয়াশার চাদর। দূর থেকে ভেসে আসছে মানুষের কোলাহল, পশুর ডাক আর লোকগানের সুর। বিহারের সোনপুর তখন এক অন্য জগৎ। গঙ্গা ও গণ্ডক নদীর সঙ্গমস্থলে বসে এশিয়ার অন্যতম বৃহত্তম পশুমেলা। নাম সোনপুর মেলা। শুধু পশু কেনাবেচা নয়। গত কয়েক শতাব্দী ধরে ইতিহাস, ধর্ম, গ্রামীণ অর্থনীতি আর লোকসংস্কৃতির এক আশ্চর্য মিলনক্ষেত্র এই মেলা।

প্রতি বছর কার্তিক পূর্ণিমার সময় এই মেলা শুরু হয়। ২০২৬ এ ২৪ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত মেলা চলার কথা। দেশের নানা প্রান্ত থেকে ব্যবসায়ী, পুণ্যার্থী ও পর্যটকরা ভিড় করেন সারণ জেলার এই জনপদে। গঙ্গা-গণ্ডকের সঙ্গমে পুণ্যস্নান সেরে অনেকে পুজো দেন হরিহরনাথ মন্দিরে। হরি ও হরের মিলিত রূপের আরাধনা করেন। সেটাই এই মেলার বৈশিষ্ট্য। 

সোনপুরের পরিচিতি অবশ্য পশু কেনাবেচার হাট হিসেবেই বেশি। ঘোড়া, গরু, মোষ, ছাগল-সহ নানা পশুর কেনাবেচা হয়। যুগ যুগ ধরে বিখ্যাত এই মেলা। এক সময় তো এখানে হাতিও কেনাবেচা হত।

মৌর্য সম্রাট চন্দ্রগুপ্তের আমল থেকেই এখানে হাতি ও ঘোড়া কেনাবেচা হত বলে ইতিহাসে পাওয়া যায়। তবে এখন বন্য হাতি কেনাবেচা আইনত নিষিদ্ধ। হাতি দেখা গেলেও তা আর আগের মতো কেনাবেচা যায় না।

কিন্তু পশুর মেলা মানেই যে শুধুই পশু দেখতে পাবেন, তা কিন্তু নয়। গবাদি পশু, ঘোড়া তো আছেই। তাদের পালনের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম, সাজ, দড়ি ইত্যাদিও পাবেন। আবার কোথাও হস্তশিল্পের পসরা সাজিয়ে বসেছেন কোনও গ্রামবাসী। রয়েছে মধুবনি ছবি, বাঁশ ও পাটের তৈরি জিনিস, পোশাক, গয়না এবং ঘর সাজানোর জিনিসপত্র।

মেলা হবে, ভিড় হবে আর খাওয়াদাওয়া হবে না, তা কখনও হয়! মেলায় লিট্টি চোখা, জিলিপি-রাবড়ির মতো বিহারী পদ তো পাবেনই। আবার হাল ফ্যাশানের আইসক্রিম, চাউমিনও যোগ হয়েছে যুগের সঙ্গে তাল মিলিয়ে। 

সন্ধ্যা নামলেই বসে লোকনৃত্য, গান, সাংস্কৃতিক অনুষ্ঠানের আসর। আজকাল মেলায় নাগরদোলা, ময়ুরপঙ্খীও আসে। আলোয় বদলে যায় মেলার রূপ।

Advertisement

সময়ের সঙ্গে বদলেছে সোনপুর। আজকাল পশু কেনাবেচার হরেক উপায় বেরিয়েছে। তাই শুধুমাত্র পশুর মেলা হিসেবেই যে জৌলুস ছিল, তা কিছুটা কমেছে। তবু এই মেলা আজও বিহারের গ্রামীণ জীবনের বড় অংশ। ব্যবসা, পর্যটন ও ঐতিহ্যকে এক সুতোয় বেঁধে রেখেছে সোনপুরের এই মেলা। প্রাচীন ভারতের সংস্কৃতির স্বাদ পেতে তাই কোনও এক নভেম্বরে যেতেই পারেন সোনপুরের পশুর মেলায়।  

Read more!
Advertisement
Advertisement