
এবার রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে 'মারুতি'। সাতের দশকের গাড়ি উৎপাদনকারী সংস্থাকে টেনে সনিয়া গান্ধীকে নিশানা করলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তাঁর অভিযোগ, গান্ধী পরিবারকে সুবিধা পাইয়ে দিয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন সরকার। সোশ্যাল মিডিয়া এক্সে তাঁর দাবি,বিদেশি নাগরিক হওয়া সত্ত্বেও সনিয়া গান্ধী মারুতি টেকনিক্যাল সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর ও শেয়ার হোল্ডার হয়েছিলেন। তাঁর আরও অভিযোগ, ইন্দিরা গান্ধী সরকারের কাছ থেকে ওই সংস্থা বিশেষ সুবিধাও পেয়েছিল।
সঞ্জয় গান্ধীর ও মারুতিকে ঘিরে বিতর্কের সূত্রপাত বহু আগে। ১৯৭৭ সালে একটি তদন্ত কমিশনও গঠন করা হয়েছিল। সেই মারুতির কথা মনে করিয়ে নিশিকান্ত দুবের দাবি, ১৯৭০ সালের ২১ নভেম্বর সনিয়া গান্ধীর মালিকানাধীন মারুতি টেকনিক্যাল সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের সঙ্গে একটি চুক্তি করেছিলেন সঞ্জয় গান্ধী। সংস্থাটি শুরু হওয়ার আগেই কীভাবে সরকারি আনুকূল্য পেয়েছিল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন।
দুবেরের কথায়,'১৯৭০ সালের ২১ নভেম্বর সনিয়া গান্ধীর মারুতি টেকনিক্যাল সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের সঙ্গে চুক্তি করেন সঞ্জয় গান্ধী। মারুতির প্রকৃত মালিক ছিলেন সনিয়া। ১৯৭০ সালে মারুতি সংস্থা প্রতিষ্ঠিত হলেও ১৯৬৮ সালেই গাড়ি তৈরির অনুমতি দিয়ে ভারত সরকারের চিঠি পেয়ে গিয়েছিল তারা। একটি বেসরকারি সংস্থার অফিস কীভাবে প্রধানমন্ত্রীর দফতরে খোলা হয়েছিল? প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব ধাওয়ান কীভাবে ওই সংস্থার ডিরেক্টর হয়ে গেলেন?'
মারুতি প্রকল্পের জন্য জমি বরাদ্দ নিয়েও প্রশ্ন তুলেছেন নিশিকান্ত। তাঁর দাবি, তৎকালীন হরিয়ানা সরকারের নিয়ম অনুযায়ী, কোনও বিদেশি নাগরিকের নামে জমি বরাদ্দ করা সম্ভব ছিল না। তা হলে ১৯৭০ সালে সনিয়া গান্ধীর নামে জমি কীভাবে দেওয়া হয়েছিল? দুবের প্রশ্ন,'তৎকালীন হরিয়ানা সরকারের নিয়মে বিদেশি নাগরিকের নামে জমি বরাদ্দ করা যেত না। তা সত্ত্বেও ১৯৭০ সালে সনিয়া গান্ধীকে জমি দেওয়া হয়েছিল কীভাবে?'
ব্যাঙ্ক জাতীয়করণের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন বিজেপি সাংসদ। তাঁর অভিযোগ, গান্ধী পরিবারের সংস্থাগুলিকে ঋণ পাইয়ে দেওয়ার উদ্দেশ্যেই কি ব্যাঙ্ক জাতীয়করণ করা হয়েছিল? এছাড়াও, মারুতি সংস্থা পুরোপুরি কাজ শুরু করার আগেই বিভিন্ন রাজ্য সরকারকে বাসের বডি তৈরির জন্য সংস্থাটিকে অগ্রিম টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন।
শুধু তা-ই নয়, সরকারি সংস্থাগুলি কীভাবে মারুতিকে বিনা পয়সায় সিমেন্ট, ইস্পাত ও কয়লা সরবরাহ করেছিল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন দুবে। তাঁর অভিযোগ,'সরকারি সংস্থাগুলি কীভাবে কোনও টাকা না নিয়েই সরাসরি মারুতিকে সিমেন্ট, ইস্পাত ও কয়লা সরবরাহ করেছিল?'
সনিয়া গান্ধীর কাছে গোটা বিষয়টির ব্যাখ্যা চেয়েছেন নিশিকান্ত। তাঁর প্রশ্ন, কীভাবে বিপুল ব্যক্তিগত বিনিয়োগ ছাড়াই গান্ধী পরিবার একটি বড় ব্যবসায়িক সংস্থা গড়ে তুলেছিল? সরকারি সাহায্য ও বিশেষ সুবিধা পাওয়ার নেপথ্যেই বা কী ছিল? দুবে লেখেন,'সনিয়া গান্ধী যদি তাঁর বইয়ে ব্যাখ্যা করতেন, কীভাবে নিজের টাকা বিনিয়োগ না করেই তিনি একটি বড় সংস্থা গড়ে তুলেছিলেন এবং কীভাবে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাঁকে উপহার হিসেবে মারুতি সংস্থাটি দিয়েছিলেন, তা হলে ভাল হত'।
নিশিকান্ত দুবের সমস্ত অভিযোগের সত্যতা যাচাই করা হয়নি। প্রতিবেদনটি প্রকাশের সময় কংগ্রেসের তরফে কোনও প্রতিক্রিয়া আসেনি।