Advertisement

Sharmistha Mukherjee- Sonia Gandhi : প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখাটা কি অপরাধ? সনিয়াকে বেনজির আক্রমণ প্রণব-কন্যার

স্মৃতিকথায় সনিয়া জানিয়েছেন, তিনি বিষয়টি নিয়ে সরাসরি কোনও আলোচনা না করে আলতোভাবে কথার মোড় ঘুরিয়ে দিয়েছিলেন। প্রণব হয়তো এতে হতাশ হয়েছিলেন, তবে পরবর্তী সময়ে কখনও তাঁকে বুঝতে দেননি যে এই ঘটনায় তাঁর মনে কোনও ক্ষোভ রয়েছে।

সনিয়া গান্ধীকে আক্রমণ শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ের সনিয়া গান্ধীকে আক্রমণ শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ের
Aajtak Bangla
  • দিল্লি,
  • 10 Nov 2026,
  • अपडेटेड 6:22 PM IST
  • প্রসঙ্গত, ২০০৪ থেকে ২০১২ সাল পর্যন্ত ইউপিএ সরকারের আমলে একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব সামলেছিলেন প্রণব মুখোপাধ্যায়
  • প্রতিরক্ষা, বিদেশ এবং অর্থ মন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তিনি

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় কি প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন? তাঁর সেই ইচ্ছার কথা কি একসময় সনিয়া গান্ধীকেও জানিয়েছিলেন তিনি? সম্প্রতি নিজের স্মৃতিকথা ‘Belonging: A Journey of Love’-এ ২০১০ সালের একটি কথোপকথনের অংশ তুলে ধরেছেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী। সেখানে তিনি লিখেছেন, প্রণব মুখোপাধ্যায় একবার তাঁকে বলেছিলেন, সম্ভবত এবার নেতৃত্বের শীর্ষে পরিবর্তন আনার সময় এসেছে। সনিয়ার ধারণা হয়েছিল, এর মাধ্যমে প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছার কথা বুঝিয়ে দিতে চেয়েছিলেন প্রণব। সেই স্মৃতিচারণ ঘিরেই এবার মুখ খুললেন প্রণব-কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। সনিয়ার ‘বিস্মিত’ হওয়ার প্রসঙ্গ তুলে তাঁর প্রশ্ন, প্রধানমন্ত্রী হওয়ার উচ্চাকাঙ্ক্ষা থাকা কি অপরাধ? একই সঙ্গে গান্ধী-নেহরু পরিবারকেও নিশানা করেন তিনি। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। 

এক্স হ্যান্ডলে একটি দীর্ঘ পোস্টে বাবার রাজনৈতিক অভিজ্ঞতা, দক্ষতা এবং কর্মজীবনের কথা তুলে ধরেছেন শর্মিষ্ঠা। তাঁর বক্তব্য, কয়েক দশকের রাজনৈতিক অভিজ্ঞতা, প্রশাসনিক দক্ষতা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের জায়গা তৈরি করেছিলেন প্রণব মুখোপাধ্যায়। ফলে তাঁর প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা থাকলে তাতে বিস্মিত হওয়ার কী আছে? বরং কোনও রাজনীতিকের এমন উচ্চাকাঙ্ক্ষা থাকাটা স্বাভাবিক বলেই মনে করেন শর্মিষ্ঠা।

'প্রধানমন্ত্রী হওয়ার উচ্চাকাঙ্ক্ষা রাখা কি অপরাধ?'

এক্স পোস্টে শর্মিষ্ঠা লিখেছেন, 'এতে বিস্মিত হওয়ার কী আছে? উচ্চাকাঙ্ক্ষী হওয়া কি অপরাধ? বিশেষ করে যখন সেই উচ্চাকাঙ্ক্ষার পিছনে কয়েক দশকের রাজনৈতিক ও প্রশাসনিক অভিজ্ঞতা, কঠোর পরিশ্রম এবং অসাধারণ মেধা রয়েছে?'

বাবার সঙ্গে একবারের কথোপকথনের প্রসঙ্গও তুলে ধরেছেন তিনি। শর্মিষ্ঠার দাবি, একদিন তিনি সরাসরি প্রণব মুখোপাধ্যায়কে জিজ্ঞাসা করেছিলেন, তিনি প্রধানমন্ত্রী হতে চান কি না। উত্তরে প্রণব বলেছিলেন, 'যে কোনও যোগ্য রাজনীতিকেরই এই উচ্চাকাঙ্ক্ষা থাকে।'

শর্মিষ্ঠার বক্তব্য, অত্যন্ত সাধারণ পরিবার থেকে উঠে এসেছিলেন তাঁর বাবা।  নিজের যোগ্যতা, পরিশ্রম এবং রাজনৈতিক দক্ষতার জোরেই একের পর এক গুরুত্বপূর্ণ পদে পৌঁছেছিলেন তিনি। কেউ তাঁকে উপহার হিসেবে কোনও পদ দেননি। শর্মিষ্ঠা লিখেছেন, 'গান্ধী পরিবারের মতো বংশানুক্রমিক অধিকার বা সুযোগের জোরে কেউ তাঁকে প্রধানমন্ত্রীত্ব-সহ কোনও পদ রুপোর থালায় সাজিয়ে দেননি।'

Advertisement

এর পরেই সনিয়ার বিস্মিত হওয়ার কারণ নিয়ে প্রশ্ন তুলেছেন প্রণব-কন্যা। তাঁর বক্তব্য, গান্ধী-নেহরু পরিবারের বাইরের কেউ প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে পারেন, এই বিষয়টিই কি সনিয়াকে অবাক করেছিল? শর্মিষ্ঠার প্রশ্ন, যোগ্য কোনও ব্যক্তি প্রধানমন্ত্রী হওয়ার উচ্চাকাঙ্ক্ষা পোষণ করলে তাতে আপত্তির কী রয়েছে? যদি না সেই ব্যক্তির গান্ধী-নেহরু পরিবারের বাইরের হওয়াটাই বিস্ময়ের কারণ হয়ে থাকে!

স্মৃতিকথায় কী লিখেছেন সনিয়া গান্ধী?

সনিয়া গান্ধীর স্মৃতিকথা 'Belonging: A Journey of Love'-এ প্রণব মুখোপাধ্যায়কে নিয়ে বেশ কিছু স্মৃতির কথা উঠে এসেছে। সেখানে ২০১০ সালের একটি কথোপকথনের প্রসঙ্গ উল্লেখ করেছেন তিনি। সনিয়ার বর্ণনা অনুযায়ী, কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের বৈঠক শেষ হওয়ার পর অনেক সময় প্রণব তাঁর সঙ্গে আলাদা করে কথা বলতেন। সেই সময় পি চিদম্বরমের সঙ্গে প্রণবের গুরুতর মতপার্থক্য তৈরি হয়েছিল বলেও জানিয়েছেন সনিয়া।

সনিয়া লিখেছেন, ২০১০ সালের একদিন কথাবার্তার মধ্যে নিজের হতাশা প্রকাশ করার পর প্রণব তাঁকে বলেছিলেন, সম্ভবত এবার নেতৃত্বের শীর্ষে পরিবর্তন আনার সময় এসেছে। সনিয়ার ধারণা হয়েছিল, এর মাধ্যমে প্রণব আসলে নিজের দীর্ঘদিনের প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছার কথাই ইঙ্গিত করেছিলেন।

স্মৃতিকথায় সনিয়া জানিয়েছেন, তিনি বিষয়টি নিয়ে সরাসরি কোনও আলোচনা না করে আলতোভাবে কথার মোড় ঘুরিয়ে দিয়েছিলেন। প্রণব হয়তো এতে হতাশ হয়েছিলেন, তবে পরবর্তী সময়ে কখনও তাঁকে বুঝতে দেননি যে এই ঘটনায় তাঁর মনে কোনও ক্ষোভ রয়েছে।

বাবার কোনও ক্ষোভ ছিল না, দাবি প্রণব-কন্যার 

সনিয়ার এই স্মৃতিচারণের জবাবে শর্মিষ্ঠা জানিয়েছেন, বাবার ডায়েরি এবং তাঁর সঙ্গে হওয়া ব্যক্তিগত কথোপকথন থেকে তিনি বুঝেছেন, সনিয়া গান্ধী বা অন্য কারও প্রতি প্রণবের কোনও আক্রোশ ছিল না। শর্মিষ্ঠার কথায়, তাঁর বাবা ছিলেন বাস্তববাদী এবং গভীর রাজনৈতিক বোধসম্পন্ন মানুষ। অন্যের সিদ্ধান্তের পিছনে থাকা কারণ এবং নিরাপত্তাহীনতাও তিনি বুঝতে পারতেন। তাই সনিয়ার প্রতি তাঁর কোনও ক্ষোভ ছিল বলে মনে করেন না প্রণব-কন্যা।

প্রসঙ্গত, ২০০৪ থেকে ২০১২ সাল পর্যন্ত ইউপিএ সরকারের আমলে একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব সামলেছিলেন প্রণব মুখোপাধ্যায়। প্রতিরক্ষা, বিদেশ এবং অর্থ মন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তিনি। ২০১২ সালে কংগ্রেস তাঁকে ইউপিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মনোনীত করে। নির্বাচিত হয়ে দেশের রাষ্ট্রপতি হন প্রণব। স্মৃতিকথায় সনিয়া জানিয়েছেন, রাষ্ট্রপতি হওয়ার পরও প্রণবের সঙ্গে তাঁর নিয়মিত দেখা হত এবং নানা বিষয়ে আলোচনা করতেন তাঁরা। প্রণবকে একজন বিদ্বান ও জ্ঞানী রাজনীতিক হিসেবেও বর্ণনা করেছেন সনিয়া।

প্রণব মুখোপাধ্যায়ের প্রধানমন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে সনিয়ার স্মৃতিচারণ এবং তার জবাবে শর্মিষ্ঠার পাল্টা বক্তব্যে ফের সামনে এসেছে কংগ্রেসের অন্দরমহলের পুরনো সমীকরণ। বিশেষ করে গান্ধী পরিবারের বাইরে থেকে উঠে আসা এক প্রবীণ নেতার রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা এবং দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়টি নতুন করে আলোচনায়।

Read more!
Advertisement
Advertisement