
২০১০ সালে প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন প্রণব মুখোপাধ্যায়? অন্তত তেমনটাই বলছেন তৎকালীন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী। সনিয়ার দাবি, তাঁর সঙ্গে কথোপকথনের সময় প্রধানমন্ত্রী হওয়ার দীর্ঘদিনের ইচ্ছের ইঙ্গিত দিয়েছিলেন কংগ্রেস নেতা প্রণব মুখোপাধ্যায়। সনিয়া গান্ধীর আত্মজীবনীতে এমনই দাবি করা হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। বইয়ে সনিয়া লিখেছেন, প্রণব মুখোপাধ্যায়ের একটি মন্তব্যে তিনি চমকে গিয়েছিলেন। প্রণব তাঁকে বলেছিলেন, 'সম্ভবত এবার শীর্ষ পদে পরিবর্তনের সময় এসেছে।'
সম্প্রতি নিজের আত্মজীবনী 'Belonging: A Journey of Love' প্রকাশ করেছেন সনিয়া। সেখানে তিনি দাবি করেছেন, তখন দেশের প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং। কংগ্রেস সভানেত্রী হিসেবে তিনি নিজের মতামত জানাতে পারতেন। এমনকী পরামর্শ দিতে পারতেন এবং কোনও বিষয়ে মতপার্থক্যও প্রকাশ করতে পারতেন। কিন্তু শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে মেনে নিতেন।
৫২৬ পাতার এই বইটি মঙ্গলবার প্রকাশিত হয়েছে। সনিয়া লিখেছেন, 'আমি কোনও পরিস্থিতিতেই এমন ভুল বোঝাবুঝির কারণ হতে চাইনি, যার ফলে বিরোধীরা আনন্দিত হতে পারবে। আমাদের সরকার দুর্বল হয়ে পড়বে।'
ঋগ্বেদের একটি মন্ত্র দিয়ে বইটির সূচনা হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘একসঙ্গে চলুন, একসঙ্গে কথা বলুন, আপনাদের মন এক হোক। লক্ষ্য হোক এক, হৃদয় হোক সম্প্রীতিতে ভরা, চিন্তাভাবনা হোক একসূত্রে বাঁধা।'
সনিয়া গান্ধীর দাবি, মনমোহন সিং এবং তাঁর মধ্যে দায়িত্বের একটি অলিখিত ভাগ ছিল। সেই ব্যবস্থা বেশ ভালোভাবেই কাজ করত। তাঁর কথায়, 'সরকারের দায়িত্বে ছিলেন ডক্টর মনমোহন সিং। আর দলের দায়িত্বে ছিলাম আমি।'
দল ও সরকারের মধ্যে সমন্বয় বজায় রাখতে প্রতি সপ্তাহে প্রধানমন্ত্রীর সঙ্গে একটি কোর গ্রুপের বৈঠক হতো বলেও দাবি করেছেন সনিয়া। আর সেই কোর কমিটিতে ছিলেন প্রণব মুখোপাধ্যায়, অর্জুন সিং, এ কে অ্যান্টনি এবং আহমেদ প্যাটেল। সংসদে কোন কোন বিষয় তোলা হবে, তা নিয়ে আলোচনার জন্য গঠিত কৌশলগত গোষ্ঠীর সদস্য হিসেবেও তাঁরা নিয়মিত বৈঠক করতেন।
সনিয়া লিখেছেন, 'কখনও কখনও প্রণবজি, যাঁকে আমি সব সময় এই নামেই ডাকতাম, একটু বেশি সময় থেকে আমার সঙ্গে গল্প করতেন।'
তৎকালীন অর্থমন্ত্রী পি চিদম্বরমের সঙ্গে প্রণব মুখোপাধ্যায়ের গুরুতর মতপার্থক্য তৈরি হয়েছিল বলেও জানিয়েছেন সনিয়া। তাঁর কথায়, '২০১০ সালের একটি ঘটনার কথা মনে পড়ছে। সম্ভবত নিজের হতাশা প্রকাশ করার পর প্রণবজি আমাকে অবাক করে দিয়ে বলেছিলেন, হয়তো এবার শীর্ষ পদে পরিবর্তনের সময় এসেছে। আমি বুঝেছিলাম, এর মাধ্যমে তিনি প্রধানমন্ত্রী হওয়ার দীর্ঘদিনের ইচ্ছারই ইঙ্গিত দিচ্ছেন।'
সনিয়া আরও লিখেছেন, 'আমি কৌশলে প্রসঙ্গ বদলে দিয়েছিলাম। এতে তিনি হয়তো হতাশ হয়েছিলেন। কিন্তু কখনও বুঝতে দেননি যে তিনি বিষয়টি নিয়ে আমার উপর অসন্তুষ্ট।'
২০১২ সালে ইউপিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে কংগ্রেস প্রণব মুখোপাধ্যায়ের নাম ঘোষণা করেছিল। পরে তিনি দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে নির্বাচিত হন। সনিয়া লিখেছেন, 'আমি প্রায়ই তাঁর সঙ্গে দেখা করতে যেতাম। মূলত একজন পণ্ডিত, জ্ঞানী ও অভিজ্ঞ রাজনীতিকের সঙ্গে কথা বলার জন্যই যেতাম।'
'ব্যাক-সিট ড্রাইভার' হওয়ার অভিযোগ খারিজ
২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং। আর সেই সময় ইউপিএ সরকারের আসল ক্ষমতা নাকি সনিয়া গান্ধীর হাতেই ছিল, এমন অভিযোগ বারবার উঠেছে। সেই অভিযোগও আত্মজীবনীতে খারিজ করেছেন তিনি।
সনিয়ার দাবি, সেই সময় সংবাদমাধ্যমে একের পর এক প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। এর মধ্যে কয়েকটি প্রতিবেদন প্রধানমন্ত্রীর আশপাশের লোকজনের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে লেখা হয়েছিল বলেও তাঁর অভিযোগ।
তিনি লিখেছেন, 'এর এক দশক পর মনমোহন সিংয়ের এক প্রাক্তন সহযোগী একটি বই প্রকাশ করেন। সেখানে আমার বিরোধীদের ছড়ানো বিদ্বেষমূলক ও সম্পূর্ণ মিথ্যা অভিযোগগুলিই ফের তুলে ধরা হয়। বলা হয়েছিল, আমি প্রধানমন্ত্রীর দফতর থেকে ফাইল আনিয়ে নিতাম, প্রশাসনিক বিষয়ে হস্তক্ষেপ করতাম এবং গুরুত্বপূর্ণ নিয়োগের ক্ষেত্রে সিদ্ধান্ত নিতাম।'
সনিয়ার দাবি, এই অভিযোগগুলির মধ্যে তাঁকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল সরকারি পদে না থেকেও সরকারি ফাইল পরীক্ষা করার অভিযোগ। তিনি লিখেছেন, 'আমি সব সময় নিয়ম মেনে চলার বিষয়ে সতর্ক ছিলাম। সেই সময় আরও বেশি করে নিয়ম মেনে চলতাম।'
তাঁর দাবি, প্রধানমন্ত্রীর দফতর একটি বিবৃতি দিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছিল, কোনও সরকারি ফাইল কখনও তাঁকে দেখানো হয়নি।