Advertisement

Sonia Gandhi Indira Gandhi: ইন্দিরার ভয়ে কুঁকড়ে থাকতেন বউমা সনিয়া, শাশুড়ির রাগ ভাঙাত কে?

রাশভারী স্বভাবের মানুষ ছিলেন তাঁর শাশুড়ি মা, স্মৃতিচারণায় জানালেন বউমা সনিয়া গান্ধী। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শাশুড়ি হিসেবে কতটা রাগী মানুষ ছিলেন? কেন কুঁকড়ে থাকতেন সনিয়া? সবটা নিজের স্মৃতিচারণায় তুলে ধরলেন কংগ্রেস নেত্রী।

ইন্দিরা ও সনিয়া গান্ধী (ফাইল ফটো)ইন্দিরা ও সনিয়া গান্ধী (ফাইল ফটো)
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 10 Nov 2026,
  • अपडेटेड 11:59 AM IST
  • রাশভারী স্বভাবের মানুষ ছিলেন তাঁর শাশুড়ি মা
  • স্মৃতিচারণায় জানালেন বউমা সনিয়া গান্ধী
  • কে ভাঙাত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর রাগ?

কতটা রাশভারী স্বভাবের মানুষ ছিলেন তাঁর শাশুড়ি মা, স্মৃতিচারণায় জানালেন বউমা সনিয়া গান্ধী। ইন্দিরা গান্ধী তো কেবল তাঁর শাশুড়ি ছিলেন না, ছিলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। সেই দুঁদে রাজনীতিবিদের সঙ্গে তাঁর ছেলের বউয়ের সম্পর্ক কেমন ছিল? তাঁকে কি ভয় পেতেন সনিয়া? সে সব গল্পও কংগ্রেস নেত্রী লিখেছেন নিজের স্মৃতিকথা সম্বলিত বই Belonging: A Journey of Love-এ। 

প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির রাগের বহিঃপ্রকাশ এবং তাঁর অপছন্দের মানুষদের সঙ্গে আচরণের ধরন নিয়ে স্মৃতিচারণ করেছেন সনিয়া। নিজের স্মৃতিকথা Belonging: A Journey of Love-এ শাশুড়ি মা ইন্দিরা গান্ধিকে নিয়ে একাধিক অজানা অভিজ্ঞতার কথা লিখেছেন কংগ্রেস নেত্রী। মঙ্গলবারই প্রকাশ্যে এসেছে সনিয়া গান্ধীর ৫৪৪ পাতার এই বই। হার্পারকলিন্স ইন্ডিয়া প্রকাশিত এই স্মৃতিকথায় যুদ্ধোত্তর ইতালিতে তাঁর শৈশব, নেহরু-গান্ধী পরিবারে বিয়ে, স্বামী রাজীব গান্ধীর হত্যাকাণ্ড এবং রাজনীতিতে তাঁর প্রবেশের মতো নানা বিষয় উঠে এসেছে।

বইয়ে গান্ধী পরিবারের বউমা হিসেবে প্রথম বছরের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে সনিয়া লিখেছেন, শাশুড়ি ইন্দিরা গান্ধীর মাঝে মাঝে রাগের বিস্ফোরণ হত। যা তাঁকে সবচেয়ে বেশি অস্বস্তিতে ফেলত। তাঁর রাগের মুখে বাড়ির কর্মীরাও কার্যত অসাড় হয়ে যেতেন।

সনিয়া ও ইন্দিরা গান্ধী (ফাইল ফটো)

একটি ঘটনার কথা উল্লেখ করে সোনিয়া লিখেছেন, এক কর্মী গুরুত্বপূর্ণ একটি অ্যাপয়েন্টমেন্টের কথা ইন্দিরাকে মনে করিয়ে দিতে ভুলে গিয়েছিলেন। এর আগেও এমন ঘটনা ঘটেছিল। ফলে ওই কর্মীকে ঘরের এক কোণে দাঁড় করিয়ে রেখেছিলেন ইন্দিরা। অন্যরা তখন তাঁর পাশ দিয়ে যাতায়াত করছিলেন। গোটা ঘটনায় সকলেই অস্বস্তিতে পড়েছিলেন।

আরও একটি ঘটনার স্মৃতিচারণ করেছেন সনিয়া। তিনি লিখেছেন, একবার দেখেছিলেন, কুর্তা-ধুতি পরা এক ব্যক্তি ঘরের কোণে একেবারে স্থির হয়ে দেওয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে রয়েছেন। তখন রাজনীতির জগতের সমস্ত ব্যক্তিদের ভাল ভাবে চিনতেন না তিনি। তবে ওই ব্যক্তির বাড়ির ব্যক্তিগত পরিসরে উপস্থিতি দেখে তাঁর মনে হয়েছিল, তিনি নিশ্চয়ই কংগ্রেসের কোনও প্রবীণ নেতা। সনিয়া লিখেছেন, 'অ্যামি আন্টির সঙ্গে প্রায় আধ ঘণ্টা সময় কাটিয়ে ফিরে এসেও দেখেছিলাম, ওই ব্যক্তি একইভাবে দেওয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে রয়েছেন। পরে জানতে পারি, ইন্দিরা গান্ধীর নির্দেশেই তাঁকে ওইভাবে দাঁড়িয়ে থাকতে হয়েছিল।' অ্যামি কৃষ্ণা ছিলেন ইন্দিরা গান্ধীর দলের একজন প্রবীণ সদস্য।

Advertisement

স্মৃতিকথায় সনিয়া আরও লিখেছেন, 'কখনও কখনও কোনও ব্যক্তির আচরণে ক্ষুব্ধ হলে ইন্দিরা তাঁর সঙ্গে কথা বলাই বন্ধ করে দিতেন। দিনের পর দিন ওই ব্যক্তিকে উপেক্ষা করে রাখতেন। সংসদে বিরোধীদের সঙ্গে কোনও অপ্রীতিকর কথোপকথনের পর খাবার টেবিলেও মাঝেমধ্যে তাঁর রাগ প্রকাশ পেত।' এমনই একটি ঘটনার কথা জানিয়ে সনিয়া। তাঁর কথায়, 'একবার রাগের মাথায় লম্বা ডাইনিং টেবিলের অন্য প্রান্তে নিজের থালা সরিয়ে দিয়েছিলেন ইন্দিরা। এই ধরনের আচরণ আমাকে বিচলিত করে তুলত। সনিয়ার কথায়, 'আমার বাবারও রাগের এমন বহিঃপ্রকাশ ছিল। ফলে ইন্দিরার রাগ দেখলে আমি ভয় পেয়ে যেতাম এবং অস্থির বোধ করতাম। রাজীব ও সঞ্জয় চুপচাপ অপেক্ষা করতেন, কখন পরিস্থিতি স্বাভাবিক হবে। রাজীব আমাকে আশ্বস্ত করে বলত, নিজেকে এত ভয় পাইয়ে দিও না। মা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবেন।'

সনিয়া লিখেছেন, ইন্দিরাকে ভাল ভাবে চিনে ওঠার আগে পর্যন্ত তিনি ভয়ে কুঁকড়ে থাকতেন। তবে সাধারণত রাগের বহিঃপ্রকাশের পর ইন্দিরা অনুতপ্ত হতেন এবং নিজের মতো করে যাঁর উপর রাগ করেছিলেন, তাঁকে সেই অনুশোচনার কথা বুঝিয়ে দিতেন। কিন্তু কোনও সহকর্মী যদি তাঁর বিশ্বাস ভঙ্গ করতেন, তা হলে তাঁকে আর ক্ষমা করতেন না। ওই ব্যক্তির থেকে দূরত্ব বজায় রাখতেন এবং পরবর্তী সময়ে তাঁর সঙ্গে আর কোনও কাজ করতেন না।

সনিয়া ও ইন্দিরা গান্ধী (ফাইল ফটো)

ইন্দিরা গান্ধীর রাগ কমানোর জন্য ঘরোয়া কাজকর্মের প্রতি আগ্রহের কথাও স্মৃতিকথায় তুলে ধরেছেন সনিয়া। তিনি লিখেছেন, 'মন খারাপ বা অস্বস্তি কাটাতে ইন্দিরা অ্যামি কৃষ্ণাকে পুরনো ছবির বাক্স নিয়ে আসতে বলতেন। তারপর ছবিগুলি তারিখ অনুযায়ী সাজাতেন। কখনও আবার নিজের শাড়িগুলি বের করে সেগুলিকে পরপর সাজিয়ে রাখতেন। প্রতিটি শাড়ির সঙ্গে ট্যাগ লাগিয়ে দিতেন, যাতে প্রয়োজনের সময় সহজেই খুঁজে পাওয়া যায়। যে শাড়িগুলি তিনি মাঝেমধ্যে পরতেন এবং তখনও পরার উপযুক্ত ছিল, সেগুলির কয়েকটি আলাদা করে রাখতেন। আত্মীয়দের জন্যও আলাদা আলাদা শাড়ি রাখতেন। পাশাপাশি পুরনো কাশ্মীরি শালও খুব পছন্দ করতেন ইন্দিরা। খদ্দরের যুগ শুরু হওয়ার আগের সময়ে নিজের মায়ের ব্যবহৃত বেশ কয়েকটি পুরনো শাড়ি ইন্দিরা যত্ন করে রেখে দিয়েছিলেন।'

সোনিয়ার কথায়, ঠাকুমা হওয়ার পর ইন্দিরার এই ধরনের উত্তেজনা ও রাগের মুহূর্ত অনেকটাই কমে গিয়েছিল। নাতি-নাতনিরা বড় হওয়ার সঙ্গে সঙ্গে তাঁদেরই পাঠানো হত ইন্দিরার মেজাজ বুঝে আসার জন্য। নাতি-নাতনিদের মুখের একটুকরো হাসি কিংবা নিষ্পাপ কোনও প্রশ্নেই গলে যেতেন ইন্দিরা। তাঁদের সান্নিধ্য তাঁকে স্বস্তি দিত এবং মানসিকভাবে অনেকটা তৃপ্ত রাখত।

এ ভাবেই বইতে সনিয়া গান্ধির স্মৃতিচারণে উঠে এসেছে, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর রাজনৈতিক জীবনের বাইরের এক ব্যক্তিগত ও ঘরোয়া দিক।

 

Read more!
Advertisement
Advertisement