
২০ জুলাই দিল্লিতে 'সংসদ চলো' অভিযানের ডাক দিয়েছিল ককরোচ জনতা পার্টি। তাতে যোগ দিয়েছিলেন হাজার হাজার বিক্ষোভকারী। আর সেই মিছিলের সময় কনট প্লেস এলাকায় পেলেট গান থেকে ছোড়া ছররা গুলির আঘাতে কয়েকজন বিক্ষোভকারী আহত হয়েছেন বলে সূত্রের খবর। এই ঘটনার পর পুরো বিষয়টি নিয়ে বিস্তারিত কাটাছেঁড়া শুরু করেছে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স বা সিআরপিএফ।
সূত্রের দাবি, বিক্ষোভ চলার সময় ওই এলাকায় ছররা গুলি চালনোর অভিযোগ উঠেছিল। কিন্তু প্রাথমিকভাবে সেই অভিযোগ মানতে চায়নি প্রশাসন। তবে সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার বিস্তারিত মূল্যায়ন চলছে। সেই মতো একটি রিপোর্ট তৈরি করছে সিআরপিএফ। সেই রিপোর্ট সিআরপিএফ ও র্যাপিড অ্যাকশন ফোর্স (র্যাফ)-এর তরফে প্রকাশ করা হবে।
সিআরপিএফ সূত্রে আরও জানা গিয়েছে, কনট প্লেস এলাকায় সংঘর্ষে র্যাপিড অ্যাকশন ফোর্সের (র্যাফ)-এর ৪৭ জনেরও বেশি জওয়ান আহত হয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর।
কী অভিযোগ ছিল?
এই বিক্ষোভ নিয়ন্ত্রণে দিল্লি পুলিশ ও র্যাফ কাঁদানে গ্যাসের শেল ফাটায় এবং লাঠিচার্জ করে। এভাবেই ভিড় নিয়ন্ত্রণ করে তারা। তবে অনেক আন্দোলনকারী অভিযোগ করেন, তাদের লক্ষ্য করে ছোড়া হয় ছররা গুলিও। তাতে আহত হন কয়েক জন। যদিও সেই দাবি প্রাথমিকভাবে অস্বীকার করেছিল পুলিশ।
এখন ওই বিক্ষোভে র্যাফের ভূমিকা নিয়ে অভ্যন্তরীণ পর্যালোচনা চালাচ্ছে সিআরপিএফ। ওই বাহিনীর স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর বা এসওপি অনুযায়ী, প্রতিটি বড় অভিযানের পর এই ধরনের মূল্যায়ন করা হয়। এই পর্যালোচনায় র্যাফের কার্যপ্রক্রিয়া এবং গোটা অভিযানের সমস্ত দিক খতিয়ে দেখা হয়। আর এবারও সেই ট্রেন্ডের অন্যথা হয়নি। ইতিমধ্যেই অভিযানের পর্যালোচনা শুরু করে দিয়েছে র্যাফ।
কতজন আহত?
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভকারীদের মধ্যে অন্তত চারজনের পেলেট গানের আঘাতে আহত হওয়ার ঘটনা সামনে এসেছে। আর আহতদের একজনের সঙ্গে কথা বলেছে ইন্ডিয়া টুডে ডিজিটাল। তাঁর চিকিৎসার নথিও হাতে এসেছে আমাদের। সেখানে দাবি করা হয়েছে, ২০ জুলাই CJP-র 'সংসদ চলো' মিছিলের সময়ই তিনি পেলেটের আঘাতে আহত হন। যদিও বিষয়টি নিয়ে এখনও নির্দিষ্ট করে কিছু জানায়নি পুলিশ। তবে রিপোর্ট কয়েকদিনের মধ্যেই সামনে আসতে পারে বলে শোনা যাচ্ছে।
মাথায় রাখতে হবে, সিজেপি-এর সব দাবি ইতিমধ্যেই মেনে নিয়েছে নরেন্দ্র মোদী সরকার। পদত্যাগ করেছেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সেই জায়গায় এসেছেন প্রহ্লাদ যোশী।