Advertisement

Supreme Court: স্থায়ী কমিশনের জন্য মহিলা অফিসারদের পক্ষে রায়, সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত কেন ঐতিহাসিক?

স্বল্পমেয়াদি কমিশনে নিযুক্ত মহিলা অফিসারদেরও সেনায় স্থায়ীভাবে নিয়োগ পাওয়ার অধিকার রয়েছে, এই মর্মে ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবারের এই রায়ে দেশের সশস্ত্র বাহিনীতে দীর্ঘদিনের লিঙ্গবৈষম্যের প্রশ্নে স্পষ্ট বার্তা দিয়েছে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ জানায়, মহিলা অফিসারদের স্থায়ী নিয়োগ থেকে বঞ্চিত করা আসলে প্রাতিষ্ঠানিক বৈষম্যেরই ফল।

Aajtak Bangla
  • দিল্লি,
  • 25 Mar 2026,
  • अपडेटेड 3:03 PM IST
  • স্বল্পমেয়াদি কমিশনে নিযুক্ত মহিলা অফিসারদেরও সেনায় স্থায়ীভাবে নিয়োগ পাওয়ার অধিকার রয়েছে, এই মর্মে ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট।
  • মঙ্গলবারের এই রায়ে দেশের সশস্ত্র বাহিনীতে দীর্ঘদিনের লিঙ্গবৈষম্যের প্রশ্নে স্পষ্ট বার্তা দিয়েছে শীর্ষ আদালত।

স্বল্পমেয়াদি কমিশনে নিযুক্ত মহিলা অফিসারদেরও সেনায় স্থায়ীভাবে নিয়োগ পাওয়ার অধিকার রয়েছে, এই মর্মে ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবারের এই রায়ে দেশের সশস্ত্র বাহিনীতে দীর্ঘদিনের লিঙ্গবৈষম্যের প্রশ্নে স্পষ্ট বার্তা দিয়েছে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ জানায়, মহিলা অফিসারদের স্থায়ী নিয়োগ থেকে বঞ্চিত করা আসলে প্রাতিষ্ঠানিক বৈষম্যেরই ফল।

আদালত স্পষ্ট করে দিয়েছে, স্থায়ী কমিশনের পদ কেবল পুরুষ অফিসারদের জন্য সংরক্ষিত, এমন ধারণা সম্পূর্ণ ভ্রান্ত। মহিলা অফিসারদেরও সমান সুযোগ পাওয়ার অধিকার রয়েছে। বিচারাধীন অবস্থায় যাঁরা ১৪ বছর কাজ করে অবসর নিয়েছেন, তাঁদের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা হিসেবে ২০ বছর চাকরি করেছেন বলে ধরে নিয়ে পেনশন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে অতিরিক্ত সময়ের জন্য কোনও বকেয়া বেতন দেওয়া হবে না বলেও জানানো হয়েছে।

রায়ে আরও বলা হয়েছে, স্বল্পমেয়াদি কমিশনে কর্মরত অফিসাররা তাঁদের প্রাপ্ত গ্রেড, শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা এবং অন্যান্য যোগ্যতার ভিত্তিতেই স্থায়ী কমিশনের জন্য বিবেচিত হবেন। অতীতে মহিলা অফিসারদের বার্ষিক গোপনীয় রিপোর্ট (এসিআর) তৈরির ক্ষেত্রে যে ত্রুটি ও পক্ষপাত ছিল, তাও চিহ্নিত করেছে আদালত। অনেক ক্ষেত্রেই ধরে নেওয়া হয়েছিল যে মহিলারা স্থায়ী নিয়োগ পাবেন না, সেই মানসিকতা থেকেই ওই রিপোর্ট তৈরি করা হয়েছে।

এই মামলার সূত্রপাত হয়, যখন কয়েকজন মহিলা অফিসার তাঁদের স্থায়ী কমিশনের আবেদন খারিজ হওয়ায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। দীর্ঘ শুনানির পর আদালত এবার স্পষ্ট জানিয়ে দিল, মহিলা অফিসারদেরও স্থায়ীভাবে নিয়োগ পাওয়ার পূর্ণ অধিকার রয়েছে।

উল্লেখ্য, সশস্ত্র বাহিনীতে সাধারণত দুই ধরনের নিয়োগ পদ্ধতি চালু রয়েছে, স্বল্পমেয়াদি কমিশন (১০-১৪ বছর) এবং স্থায়ী কমিশন, যেখানে অবসর পর্যন্ত কাজ করার সুযোগ থাকে। স্থায়ী কমিশনপ্রাপ্ত অফিসাররা পেনশনসহ বিভিন্ন অবসরকালীন সুবিধা পান। এই প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের রায় সশস্ত্র বাহিনীতে নারী-পুরুষ সমতার পথে এক বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement