
অবশেষে বিদেশে যাওয়ার অনুমতি পেলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। চোখের চিকিৎসার জন্য তাঁকে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট। তিন সপ্তাহের জন্য বিদেশে যেতে অনুমতি দেওয়া হলো তৃণমূল সাংসদকে। তবে শর্ত সাপেক্ষে এই অনুমতি পেয়েছেন অভিষেক।
এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর পর্যবেক্ষণ, তিন সপ্তাহের জন্য অভিষেক বিদেশে গিয়ে চিকিৎসা করাতে পারবেন এবং তাঁর বিদেশযাত্রায় কোনও প্রতিবন্ধকতা তৈরি করা যাবে না। আগামী তিন সপ্তাহ অভিষেকের বিদেশযাত্রায় কোনও বাধা দেওয়া যাবে না। শুধুমাত্র অভিষেকের বিরুদ্ধে মামলা রয়েছে বলেই তাঁকে বিদেশে চিকিৎসা পরিষেবা নিতে বাধা দেওয়া যায় না। একজন ব্যক্তির বিদেশে যাওয়ার এবং নিজের পছন্দমতো চিকিৎসা করানোর অধিকার রয়েছে।
বিদেশ যাওয়ার শর্ত দিল আদালত
সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনার বেঞ্চ অভিষেককে বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছে। তিন সপ্তাহের জন্য বিদেশযাত্রার অনুমতি দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এই সময়ে তাঁর বিদেশযাত্রায় কোনও প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না বলেও নির্দেশ দেওয়া হয়েছে। বিদেশ সফরের সম্পূর্ণ সূচি আদালতকে জানাতে হবে অভিষেককে। বিদেশে কোথায় থাকবেন, যে হাসপাতালে চিকিৎসা বা পরামর্শ নেবেন তার সংক্ষিপ্ত বিবরণ, সংশ্লিষ্ট চিকিৎসকের তথ্য, দেশে ফেরার নির্ধারিত তারিখ এবং যাতায়াতের বিমানের বিস্তারিত তথ্য জমা দিতে হবে। ডিপ্লোম্যাটিক পাসপোর্ট জমা দিতে হবে।
প্রসঙ্গত, আগেই কলকাতা হাইকোর্ট অভিষেকের বিদেশ যাওয়ার আবেদন খারিজ করেছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে গত শুক্রবার সুপ্রিম কোর্টে আবেদন করেন অভিষেক। তাঁর আবেদন, চোখের চিকিৎসার করাতে আমেরিকা যাওয়ার অনুমতি দিক আদালত। অবশেষে সেই অনুমতি পেলেন অভিষেক।
হাইকোর্টে অভিষেক জানিয়েছিলেন, চোখের চিকিৎসা করাতে আগেও তিনি একাধিক বার আমেরিকা গিয়েছিলেন। এখন সেই চিকিৎসার ধারাবাহিকতা বজায় রাখতে যাওয়া জরুরি। উল্লেখ্য, গত দু’মাসে অভিষেকের বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের হয়েছে। সেগুলিই তাঁর বিদেশযাত্রার অনুমতির পথে অন্তরায়। পুলিশ সূত্রে খবর, গত মে মাসে বিধানসভা ভোটের ফলপ্রকাশের পরে এখনও পর্যন্ত অভিষেকের নামে ১৬টি এফআইআর দায়ের হয়েছে। এই অবস্থায় তিনি বিদেশ গেলে মামলাগুলির তদন্ত এবং বিচারপ্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিল হাইকোর্ট। অভিষেকের জরুরি ভিত্তিতে বিদেশ যাওয়ার প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তোলে কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্যের মন্তব্য ছিল, ‘এসএসকেএম হাসপাতাল থেকে মেডিক্যাল রিপোর্ট নিয়ে আসুন অভিষেক। তারা যদি জানায়, ওই চিকিৎসা এ দেশে সম্ভব নয়, তবেই আদালত বিদেশ যাওয়ার অনুমতি দেবে।’ বিচারপতি সৌগত ভট্টাচার্যের সেই রায়কে চ্যালেঞ্জ করে দেশের শীর্ষ আদালতে আবেদন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।