Advertisement

Godhra Train Burning Case : গোধরা-কাণ্ডে দোষী ইরফানকে জামিন দিল সুপ্রিম কোর্ট, ১৭ বছরেরও বেশি সময় ছিল বন্দি

গোধরা ট্রেন অগ্নিকাণ্ডের তদন্তের পর অভিযুক্তদের বিরুদ্ধে মামলা শুরু হয়। ২০১১ সালের মার্চ মাসে বিশেষ আদালত এই মামলায় ৩১ জনকে দোষী সাব্যস্ত করে। তাদের মধ্যে ১১ জনকে মৃত্যুদণ্ড এবং বাকি ২০ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছিল।

ছবি - রয়টার্স ছবি - রয়টার্স
সঞ্জয় শর্মা
  • দিল্লি,
  • 23 Nov 2026,
  • अपडेटेड 2:48 PM IST
  • বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি পি বি ভারালের বেঞ্চ এই নির্দেশ দেন
  • ২০১৮ সাল থেকে সুপ্রিম কোর্টে তাঁর মূল আবেদন বিচারাধীন ছিল

২০০২ সালের গোধরা ট্রেন অগ্নিকাণ্ডের ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ইরফান সিরাজ পাডোর সাজা স্থগিত করল সুপ্রিম কোর্ট। সোমবার, ২৩ নভেম্বর, চিকিৎসার কারণে তাকে জামিন দিয়েছে শীর্ষ আদালত। প্রায় ১৮ বছর ধরে জেলে বন্দি ছিল সে। তার গুরুতর হৃদ্‌রোগের সমস্যা এবং দীর্ঘদিন কারাবাসের বিষয়টি বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে আদালত।

বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি পি বি ভারালের বেঞ্চ এই নির্দেশ দেন। আদালত জানিয়েছে, ইরফান গুরুতর হৃদ্‌রোগে আক্রান্ত। তার শারীরিক পরিস্থিতি এবং দীর্ঘ সময় ধরে কারাবাসের বিষয়টি বিবেচনা করে চিকিৎসার কারণে তাকে স্বস্তি দেওয়া হচ্ছে। উল্লেখযোগ্য বিষয় হল, ২০১৮ সাল থেকে সুপ্রিম কোর্টে তাঁর মূল আবেদন বিচারাধীন ছিল। 

গুজরাত সরকার এই মামলার অপরাধের গুরুত্বের কথা উল্লেখ করে মূল মামলার গুণাগুণ নিয়ে নতুন করে বিবেচনার বিরোধিতা করেছিল। তবে ইরফানের শারীরিক অসুস্থতার বিষয়টি রাজ্য সরকার অস্বীকার করেনি। তার চিকিৎসার প্রয়োজনীয়তার ভিত্তিতে দেওয়া জামিনের বিরুদ্ধেও আপত্তি জানায়নি সরকার। ফলে আপাতত চিকিৎসার কারণেই জেল থেকে মুক্তি পাচ্ছে সে।

কী এই গোধরা ট্রেন অগ্নিকাণ্ড?

২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি গুজরাতের গোধরা স্টেশনের কাছে সবরমতী এক্সপ্রেসের এস-৬ কামরায় আগুন লাগার ঘটনা ঘটে। ওই ট্রেনটি অযোধ্যা থেকে করসেবকদের নিয়ে ফিরছিল। আগুনে পুড়ে মৃত্যু হয় ৫৮ জনের। এই ঘটনাই পরবর্তী সময়ে গোধরা কাণ্ড নামে পরিচিতি পায়। ঘটনাকে কেন্দ্র করে গোটা গুজরাতে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর পর রাজ্যের বিভিন্ন জায়গায় ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনা ঘটে। বহু মানুষের মৃত্যু হয়, আহত হন অনেকে। সম্পত্তি ও ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়।

গোধরা ট্রেন অগ্নিকাণ্ডের তদন্তের পর অভিযুক্তদের বিরুদ্ধে মামলা শুরু হয়। ২০১১ সালের মার্চ মাসে বিশেষ আদালত এই মামলায় ৩১ জনকে দোষী সাব্যস্ত করে। তাদের মধ্যে ১১ জনকে মৃত্যুদণ্ড এবং বাকি ২০ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছিল। পাশাপাশি ৬৩ জন অভিযুক্তকে বেকসুর খালাস করে আদালত।

Advertisement

পরবর্তী সময়ে ২০১৭ সালে গুজরাত হাইকোর্ট বিশেষ আদালতের রায়ে কিছু পরিবর্তন আনে। ১১ জনের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড করা হয়। বাকি ২০ জনের যাবজ্জীবন সাজাও বহাল রাখে হাইকোর্ট। এরপর দোষীদের তরফে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়। ২০১৮ সাল থেকে সেই আবেদনগুলি শীর্ষ আদালতে বিচারাধীন রয়েছে।

এর আগেও একাধিক দোষীকে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট

প্রসঙ্গত, গোধরা মামলায় সাজাপ্রাপ্তদের মধ্যে এর আগেও কয়েকজনকে বিভিন্ন কারণে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। ২০২২ সালের ১৩ মে আবদুল রহমান ধান্তিয়া ওরফে কঙ্কাট্টো ওরফে জাম্বুরোকে অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছিল। তার স্ত্রী মারণরোগে আক্রান্ত ছিল এবং মেয়েরা মানসিক প্রতিবন্ধকতার সমস্যায় ভুগছিল। পারিবারিক পরিস্থিতির কথা বিবেচনা করে তাকে ছয় মাসের জন্য জামিন দেওয়া হয়। পরে ২০২২ সালের ১১ নভেম্বর সেই জামিনের মেয়াদ ২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছিল।

এছাড়াও ২০২২ সালের ডিসেম্বরে ফরুক নামে এক দোষীকে জামিন দেয় সুপ্রিম কোর্ট। ১৭ বছরের বেশি সময় জেলে কাটানো এবং ট্রেনে পাথর ছোড়ার ঘটনায় তাঁর ভূমিকার বিষয়টি বিবেচনা করেছিল আদালত।

এর পর ২০২৩ সালের ২১ এপ্রিল আরও আটজন দোষীকে জামিন দেওয়া হয়। তাদের নাম হলেন আবদুল সাত্তার ইব্রাহিম গাড্ডি আসলা, ইউনুস আবদুল হক সামোল, মহম্মদ হানিফ আবদুল্লা মৌলভি বাদাম, আবদুল রউফ আবদুল মজিদ ঈসা ওরফে ধেসলি, ইব্রাহিম আবদুর রাজ্জাক আবদুল সাত্তার সামোল ওরফে ভানো, আয়ুব আবদুল গনি ইসমাইল পাটালিয়া, সোহেব ইউসুফ আহমেদ কালান্দার এবং সুলেমান আহমেদ হুসেন ওরফে টাইগার পীর মুসলমান।  

Read more!
Advertisement
Advertisement