
প্যাকেটজাত খাবারে অতিরিক্ত চিনি, নুন বা ফ্যাট থাকলে এ বার থেকে প্যাকেটের সামনেই স্পষ্টভাবে ওয়ার্নিং দিতে হবে। আরও কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়াকে (FSSAI) নির্দেশ দিয়েছে, প্রতিটি ক্ষতিকর উপাদানের জন্য আলাদা লাল রঙের হেক্সাগন শেপের অ্যালার্ট উল্লেখ করতে হবে। অর্থাৎ, চিনি, নুন এবং স্যাচুরেটেড ফ্যাটের জন্য পৃথক সতর্কবার্তা দিতে হবে।
নির্ধারিত মাত্রার বেশি চিনি, নুন বা স্যাচুরেটেড ফ্যাট থাকলে প্যাকেটের গায়ে যথাক্রমে ‘HIGH SUGAR’, ‘HIGH SALT’ অথবা ‘HIGH FAT’ লিখতে হবে। প্যাকেটের সামনের দিকে এমনভাবে এই সতর্কবার্তা রাখতে হবে, যাতে ক্রেতারা প্যাকেট উল্টে পিছনের পুষ্টিগুণের তালিকা না দেখেও সহজে বুঝতে পারেন খাবারটি কতটা অস্বাস্থ্যকর।
কেমন হবে সতর্কবার্তার লেবেল?
প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, সাদা ব্যাকগ্রাউন্ডের উপর লাল রঙের হেক্সাগন আকৃতির সতর্কবার্তা থাকবে। প্যাকেটের সামনের উপরের বাঁ দিকে এই লেবেলগুলি স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। পাশাপাশি, লেবেলে ব্যবহৃত অক্ষরের আকার প্যাকেটের পিছনে থাকা পুষ্টিগুণের তথ্যের তুলনায় অন্তত এক পয়েন্ট বড় হতে হবে। এর ফলে ক্রেতাদের চোখে সহজেই পড়বে সতর্কবার্তাগুলি।
এতদিন FSSAI-র প্রস্তাবে ধাপে ধাপে প্যাকেটের সামনের দিকে সতর্কবার্তা দেওয়ার কথা বলা হয়েছিল। প্রাথমিকভাবে দুই বা তার বেশি পুষ্টি উপাদানের মাত্রা নির্ধারিত সীমা ছাড়ালে সতর্কবার্তা দেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু সুপ্রিম কোর্টের নতুন নির্দেশ অনুযায়ী, নির্দিষ্ট ৩টি উপাদানের মধ্যে যে কোনও একটির মাত্রা নির্ধারিত সীমা ছাড়ালেই সংশ্লিষ্ট সতর্কবার্তা দিতে হবে।
এই নিয়ম চূড়ান্ত করতে এত দেরি হওয়ায় সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে। ২০২২ সাল থেকেই এই প্রক্রিয়া চলছে। পাশাপাশি, খাদ্য প্রস্তুতকারক সংস্থাগুলিকে স্বেচ্ছায় নিয়ম মেনে চলার জন্য ৩৬৫ দিন সময় দেওয়ার প্রস্তাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে আদালত। বিচারপতিদের বক্তব্য, জনস্বাস্থ্যের চেয়ে বাণিজ্যিক স্বার্থকে বেশি গুরুত্ব দেওয়া যায় না।
ভারতে ওবেসিটি, ডায়াবিটিস, উচ্চ রক্তচাপ-সহ বিভিন্ন অসংক্রামক রোগের প্রকোপ ক্রমশ বাড়ছে। বিশেষ করে শিশুদের মধ্যে প্যাকেটজাত স্ন্যাকস, অতিরিক্ত চিনিযুক্ত পানীয় এবং অত্যধিক প্রক্রিয়াজাত খাবার খাওয়ার প্রবণতা নিয়ে উদ্বেগ রয়েছে। এই পরিস্থিতিতে নতুন সতর্কবার্তা ক্রেতাদের খাবার বেছে নেওয়ার ক্ষেত্রে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।
খাদ্য ও পানীয় শিল্পে প্রভাব পড়ার সম্ভাবনা
ভারতের প্রায় ১০০ বিলিয়ন ডলারের খাদ্য ও পানীয় শিল্পে সুপ্রিম কোর্টের এই নির্দেশের বড় প্রভাব পড়তে পারে। আরও কঠোর ফ্রন্ট-অফ-প্যাক সতর্কবার্তার নিয়ম চালুর বিরোধিতা করে আসছিল একাংশ। অন্যদিকে, স্বাস্থ্য নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তাদের মতে, প্যাকেটের সামনে স্পষ্ট সতর্কবার্তা থাকলে ক্রেতারা সহজে সচেতন সিদ্ধান্ত নিতে পারবেন। পাশাপাশি, খাবারে চিনি, নুন ও ফ্যাটের পরিমাণ কমানোর জন্য উৎপাদনকারী সংস্থাগুলির উপরেও চাপ তৈরি হবে।
উল্লেখ্য, ভারতে খাদ্য সুরক্ষা সংক্রান্ত নজরদারিও সাম্প্রতিক সময়ে আরও জোরদার হয়েছে। খাবারের গুণমান ও স্বাস্থ্যবিধি বজায় রাখতে বিভিন্ন খাদ্য ব্যবসার উপর পরিদর্শন এবং আইন প্রয়োগ বাড়ানো হয়েছে। এ বার প্যাকেটের সামনের দিকে পৃথক সতর্কবার্তা চালুর ফলে খাদ্য সুরক্ষার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ হতে চলেছে। শুধু খাবারের পুষ্টিগুণের তালিকা প্রকাশ নয়, কোনও উপাদান অতিরিক্ত থাকলে ক্রেতাদের সরাসরি সতর্ক করার দিকেও জোর দিচ্ছে এই উদ্যোগ।