
Suvendu Adhikari Meets NCPI MPs: 'বৈঠক অত্যন্ত ফলপ্রসূ।' মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে মিটিংয়ের পর একযোগে বলছেন এনসিপিআই (NCPI)-এর সাংসদেরা। মঙ্গলবার দিল্লির বঙ্গভবনে প্রায় ২২ জন সাংসদকে(৩ জন রাজ্যসভার) নিয়ে মিটিং হয়। বৈঠক নিয়ে বেজায় খুশি রচনা বন্দ্যোপাধ্যায় থেকে অরূপ চক্রবর্তী; সকলেই। শুধু তাই নয়, নতুন দাবিও করলেন তালডাংরার সাংসদ অরূপ। bangla.aajtak.in কে জানালেন, 'আরও দু'জন সাংসদ এনসিপিআই-তে যোগ দিতে পারেন।' একই সঙ্গে তিনি জানান, মুখ্যমন্ত্রীর আশ্বাস দিয়েছেন। সাংসদদের এলাকায় কাজের ক্ষেত্রে যে প্রশাসনিক সমস্যা হচ্ছে, ২০ অগাস্টের মধ্যেই তার সমাধান হয়ে যাবে।
মঙ্গলবার বঙ্গভবনে এনসিপিআই-এর সাংসদদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে উপস্থিত ছিলেন প্রায় ১৯ জন সাংসদ। বৈঠক শেষে বেরিয়ে সকলেই মুখ্যমন্ত্রীর নেতৃত্ব ও পরিকল্পনার প্রশংসা করেন।
রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, 'মুখ্যমন্ত্রী অনেক ভাল উপদেশ দিয়েছেন। উনি আমাদের যেভাবে গাইড করেছেন, কর্মসূচি দিয়েছেন, আমরা দারুণ খুশি। আমরা তো অনেকদিন ধরেই ওঁর সঙ্গে আলোচনার জন্য অপেক্ষায় ছিলাম।'
অন্যদিকে তালডাংরার সাংসদ অরূপ চক্রবর্তী জানান, 'খুব ভাল বৈঠক হয়েছে। মুখ্যমন্ত্রী সুন্দর পরিকল্পনা দিয়েছেন। ২০ অগাস্টের মধ্যে আমাদের এলাকার কাজের যে সমস্যাগুলো রয়েছে, সেগুলির অনেকটাই মিটে যাবে। শুভেন্দু অধিকারী খুব ভালভাবে গাইডও করেছেন।'
এনসিপিআই-এর কয়েকজন সাংসদ নাকি আবার তৃণমূলে ফিরতে চাইছেন। গত কয়েক দিন ধরেই রাজনৈতিক মহলে এই নিয়ে জোর জল্পনা চলছে। বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ সম্প্রতি দাবি করেছিলেন, এনসিপিআই-তে যাওয়া অন্তত ছ'জন সাংসদ তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।
তবে সেই দাবি উড়িয়ে দিয়েছেন অরূপ। তিনি উল্টে বলেন, 'আমাদের সঙ্গে আরও দু'জন সাংসদ যোগ দিতে পারেন।' তাঁর এই মন্তব্যের পর নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। যদিও সম্ভাব্য সেই দুই সাংসদের নাম প্রকাশ করেননি তিনি।
এদিনের বৈঠককে ঘিরে রাজনৈতিক মহলে শুরু থেকেই আগ্রহ ছিল তুঙ্গে। গত সপ্তাহেই দিল্লিতে এনসিপিআই-এর সাংসদদের সঙ্গে শুভেন্দু অধিকারীর বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু রাজ্যের সরকারি কর্মসূচির কারণে তিনি দিল্লি যেতে পারেননি। সেই বৈঠকই হল এই মঙ্গলবার।
এনসিপিআই-এর সংসদীয় দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, সাংসদদের এলাকায় উন্নয়নমূলক কাজ, প্রশাসনের সঙ্গে সমন্বয় এবং কেন্দ্র-রাজ্যের বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন নিয়েই মূলত আলোচনা হবে।
রাজনৈতিক তাৎপর্য বুঝুন
তৃণমূল ভেঙে এনসিপিআই গঠনের পর এই প্রথম একসঙ্গে এতজন সাংসদের সঙ্গে শুভেন্দু অধিকারীর আনুষ্ঠানিক বৈঠক হল। এর আগে সুদীপ বন্দ্যোপাধ্যায় ও কাকলি ঘোষ দস্তিদার আলাদাভাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন। তবে মঙ্গলবারের বৈঠককে এনসিপিআই-এর সাংগঠনিক শক্তি বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছে রাজনৈতিক মহল।