
বিহারের রাজনীতিতে ফের একবার বিস্ফোরক মন্তব্য করে শোরগোল ফেলে দিলেন লালু-পুত্র তেজ প্রতাপ যাদব। এবার তাঁর নিশানায় সরাসরি কংগ্রেসের শীর্ষ নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তেজ প্রতাপের সাফ কথা, রাহুল গান্ধীর দ্বারা সরকার চালানো সম্ভব নয়। বরং তিনি যা করছেন, অর্থাৎ মাংস-মুরগি রান্না, সেটাই তাঁর করা উচিত। ইন্ডিয়া (INDIA) জোটের হাল ধরার জন্য প্রিয়াঙ্কা গান্ধী বঢরাকেই যোগ্য মনে করছেন বিহারের এই প্রাক্তন মন্ত্রী।
রাহুলকে ব্যক্তিগত আক্রমণ
সম্প্রতি রাহুল গান্ধীকে বিভিন্ন ভিডিওতে বাইক চালানো বা রান্না করতে দেখা গিয়েছে। সেই প্রসঙ্গ টেনেই কড়া ভাষায় আক্রমণ শানান তেজ প্রতাপ। তিনি বলেন, 'রাহুল গান্ধীর শুরু থেকে বুলেটে চড়ার শখ পূরণ হয়নি। এখন তিনি চেয়ারের জন্য লোভী হয়ে উঠেছেন। লোভ থেকে দূরে থাকুন। আর উনি যা করছিলেন, ওই যে মাংস আর মুরগি বানাচ্ছিলেন, সেটাই করতে থাকুন।'
প্রিয়াঙ্কার মধ্যেই ‘ইন্দিরা’র ছায়া
তেজ প্রতাপের মতে, রাহুল গান্ধী নয়, বরং প্রিয়াঙ্কা বঢরা গান্ধীর মধ্যেই রয়েছে দেশ চালানোর ক্ষমতা। তাঁর কথায়, 'একমাত্র প্রিয়াঙ্কা গান্ধীই সরকার চালাতে পারেন। তিনি ইন্দিরা গান্ধীর মতো। রাহুল গান্ধী এটা করতে পারবেন না।' তেজ প্রতাপের এই মন্তব্য জাতীয় রাজনীতিতে কংগ্রেসের অভ্যন্তরীণ নেতৃত্বের সংঘাতকে ফের উসকে দিল বলে মনে করছে রাজনৈতিক মহল।
নীতীশ-ইস্যুতে রাহুলের পাল্টায় তেজ প্রতাপ
সম্প্রতি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার পদত্যাগ করে রাজ্যসভায় গিয়েছেন। তামিলনাড়ুর এক সভায় রাহুল গান্ধী নীতীশকে ‘আপোশকারী’ এবং ‘বিজেপির হাতের পুতুল’ বলে কটাক্ষ করেছিলেন। রাহুলের দাবি ছিল, বিজেপি নীতীশকে ভয় দেখিয়ে নিয়ন্ত্রণ করছে। রাহুলের এই আক্রমণের পাল্টা দিয়ে তেজ প্রতাপ প্রশ্ন তোলেন, 'কেন উনি নিজেকে এত লোভী ভাবছেন? উনি কি বিহারের সিংহাসনে বসতে চান? বুলেটে চড়ে ঘুরে বেড়ালে আর একে অপরকে দোষারোপ করলে কিছু হবে না।' অন্য রাজ্যের নেতা হয়েও রাহুল কেন বিহারের রাজনীতিতে নাক গলাচ্ছেন, তা নিয়ে উষ্মা প্রকাশ করেন তিনি।
আদালতে স্বস্তি রাহুলের
রাজনৈতিক এই টানাপোড়েনের মধ্যেই রাহুলের নাগরিকত্ব মামলা নিয়ে একটি গুরুত্বপূর্ণ মোড় এসেছে। এই সংক্রান্ত একটি মামলায় আদালত সংশ্লিষ্ট বিজেপি কর্মীকে তিরস্কার করে মামলা থেকে অব্যাহতি দিয়েছে। বিচারকের পর্যবেক্ষণ ছিল, যথাযথ তথ্য ছাড়াই আদালতের সময় নষ্ট করা হয়েছে।